সুরের মাধুরীতে মন ভরালেন অজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে অবসন্ন শহরে সন্ধ্যা নেমেছে। উচ্চাঙ্গসংগীতের সমঝদার শ্রোতারা এসে উপস্থিত হয়েছেন জাতীয় জাদুঘর মিলনায়তনে। ভারতের স্বনামখ্যাত পণ্ডিত অজয় চক্রবর্তী যে এখানে গান শোনাবেন, সেই খবর তাঁরা পেয়েছিলেন আগেই। হরতালের মেয়াদ শেষ হতেই মিলনায়তন পূর্ণ। ভেতরে স্থান না পেয়ে অনেকে মিলনায়তনের সামনে অপেক্ষমাণ। রাগসংগীত শোনার জন্য এত শ্রোতার সমাগম সচরাচর দেখা যায় না রাজধানীতে।বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের চর্চা অব্যাহত রাখা এবং এর প্রচার-প্রসারের উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতায় আইটিসি সংগীত রিসার্চ একাডেমি একটি দীর্ঘমেয়াদি চুক্তি করেছে। চুক্তির আওতায় গতকাল থেকে রাজধানীতে দুই দিনব্যাপী ‘মায়ার মাধুরী’ শীর্ষক উচ্চাঙ্গসংগীতের আসর শুরু হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিন জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সংগীত পরিবেশন করেন পণ্ডিত অজয় চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো।যখন আসর শুরু হলো, এলাকাজুড়ে পিনপতন নীরবতা। রাগ ইমন খেয়াল পরিবেশনার মধ্য দিয়ে আসর শুরু করেন অজয় চক্রবর্তী। বিলম্বিত এক তালে শুরু করে শেষ করেন দ্রুত তিন তালের বন্দিশ ও তারানা দিয়ে। তাঁর দ্বিতীয় পরিবেশনা ছিল ঠুমরি ‘ক্যায়া করো সজ্নী ইয়ে না বালাম’। এরপর শোনান ভজন ‘না মন্দির ম্যায়, না মসজিদ ম্যায়, না কৈশালস’। শেষে কয়েকটি বাংলা গান পরিবেশন করেন তিনি। সংগীতের সুরলহরিতে তিনি শ্রোতাদের মন ভরিয়ে দিয়েছিলেন।আজ সোমবার দ্বিতীয় দিন সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে সংগীত পরিবেশন করবেন সংগীত রিসার্চ একাডেমির সিনিয়র স্কলার ব্রজেশ্বর মুখোপাধ্যায় এবং সম্মেলক তালবাদ্য পরিবেশন করবেন বাংলাদেশের শিল্পীবৃন্দ।