সুরের সাধককে সশ্রদ্ধ বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাড় কাঁপানো শীত, তার সঙ্গে কনকনে হাওয়া। সূর্য মুখ লুকিয়ে আছে ঘন কুয়াশার আড়ালে। সকাল না দুপুর—বোঝা যায় না আকাশের দিকে তাকিয়ে। ছুটির দিনে এমন আবহাওয়ায় ঘর ছেড়ে বের হতে ইচ্ছে না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু প্রকৃতির বিরূপতাকে আমল না দিয়ে সুরের সাধককে শেষ বিদায় জানাতে ব্যথিত মনে অনেক মানুষ এসেছিল সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে।প্রাঙ্গণের উত্তর-পূর্ব কোণের গগন শিরীষগাছের তলায় কালো ব্যানার টাঙানো মঞ্চে শায়িত দেশের কিংবদন্তির নজরুলসংগীত শিল্পী সোহরাব হোসেন। মুদিত নেত্র। যেন তলিয়ে আছেন গভীর ঘুমে। পায়ে পায়ে তাঁর বহুকালের বন্ধু, সহকর্মী, ছাত্রছাত্রী, পদস্থ কর্মকর্তা, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব আর গুণগ্রাহীরা এগিয়ে এসে বিনম্র শ্রদ্ধা জানিয়ে কেউ ফুলের মালা, কেউবা স্তবক নামিয়ে রাখছিলেন নীরব শিল্পীর পাশে। তাঁর বিয়োগ-বেদনায় অশ্রু সংবরণ করতে পারেননি অনেকে। তাঁর অবদানের কথা বলতে গিয়ে বাষ্পরুদ্ধ হয়েছে কণ্ঠ। পরিবেশটিই হয়ে উঠেছিল শোকাবহ। বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পী ও সংগীতগুরু সোহরাব হোসেনের মরদেহ আনা হয়েছিল এখানে। শিল্পী ৯০ বছর বয়সে গতকাল বৃহস্পতিবার ভোরে স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। ওই দিন হাসপাতালের হিমঘরেই মরদেহ রাখা হয়েছিল।সোহরাব হোসেনের জ্যেষ্ঠ জামাতা নজরুল ইসলাম বলেন, সকাল সাতটায় স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে মরদেহ প্রথম আনা হয়েছিল মিরপুরে আল-মারকাজুল ইসলাম নামের একটি প্রতিষ্ঠানে। সেখানে তাঁর শেষ গোসল ও কাফন করার পর মোহাম্মদপুরের বাড়িতে আনা হয় সকাল নয়টায়। বাড়িতে আত্মীয়স্বজনরা তাঁকে শেষ দেখা দেখেন। এ সময় শোকে মুহ্যমান শিল্পীর স্ত্রী সুরাতুন্নেছা, বড় মেয়ে রওশন আরা অসুস্থ হয়ে পড়েন। সুরাতুন্নেছার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বাংলাদেশ মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। বাড়ি থেকে মরদেহ নজরুল ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পূর্বপরিকল্পনা থাকলেও সময়ের স্বল্পতায় সেখানে নেওয়া হয়নি। নিয়ে আসা হয়েছিল ছায়ানট সংস্কৃতি ভবনে। ছায়ানটের জন্মলগ্ন থেকে এই প্রতিষ্ঠানটির সঙ্গে আমৃত্যু জড়িত ছিলেন তিনি। এরপর আনা হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় এখানে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। এটি সঞ্চালনা করেন জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারীর পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেও তাঁর একান্ত সচিব পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অন্যান্য সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে ছিল সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, ছায়ানট, বাংলাদেশ টেলিভিশন, জাতীয় প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পীগোষ্ঠী, নজরুলসংগীত শিল্পী সংস্থা, নজরুলসংগীত শিল্পী পরিষদ, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, সুরের ধারা, সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, মুক্তিযুদ্ধ জাদুঘর, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, গণসংগীত শিল্পী সংস্থা, কণ্ঠশীলন, যুবলীগসহ বিভিন্ন সংগঠন।শহীদ মিনার থেকে দুপুর ১২টায় তাঁকে নেওয়া হয় মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসভবনের পাশের মসজিদে। বাদ জুমা সেখানে তাঁর জানাজা সম্পন্ন হয়। এরপর অন্তিম শয়ানের জন্য শিল্পীকে আনা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে। বেলা তিনটায় তাঁকে শায়িত করা হয় মাটির ঘরে, যেখানে তাঁর পাশেই ঘুমিয়ে আছেন দেশের সংগীত জগতের আরেক নক্ষত্র কলিম শরাফী। বাংলা গানের দুই দিকপাল রবীন্দ্র-নজরুলের দুই নক্ষত্রপ্রতিম শিল্পী রইলেন চির প্রতিবেশী হয়ে।