সুলতানা কামাল, বন্ধুদের খুকি
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিল বঙ্গবন্ধু পরিবার।নিহতদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধুর পুত্রবধূ শেখ কামালের স্ত্রী সুলতানা কামালও। তৎকালীন ক্রীড়াঙ্গনে সুলতানা কামালের খ্যাতি ছিল ঈর্ষণীয়। সুলতানা কামালকে নিয়ে তাঁরই দুই ক্রীড়াবিদ বন্ধুর স্মৃতিচারণা নিয়ে এ প্রতিবেদনস্বপ্নে দেখি তারে ‘খুকি বলেই ডাকতাম ওকে। কত দিন হয়ে গেছে ও নেই। আজও সেই শূন্যতা পূরণ হয়নি। সবচেয়ে কাছের বন্ধু হারানোর কষ্ট কি সহজে ভোলা যায়?’ দীর্ঘ ৩৫ বছর পর এভাবেই সুলতানা কামালের স্মৃতিচারণা করেন রওশন আরা ছবি। ‘হঠাৎ করেই বাবার বদলি। চট্টগ্রাম থেকে আমরা এলাম ঢাকায়। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হলাম সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে। এর মধ্যে খেলাধুলা চলতে থাকে। আন্তস্কুল প্রতিযোগিতায় খুকির (সুলতানা কামাল) সঙ্গে প্রথম দেখা হয়। ও এসেছিল মুসলিম গার্লস স্কুলের হয়ে খেলতে। সবাই ওকে দেখিয়ে বলছিল, মেয়েটা খুব ভালো খেলে। মনে মনে ভাবলাম, আমিও তো ভালো খেলি। বন্ধুত্বটা হওয়া দরকার। এরপর পরিচয় হলো। ‘ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধু্ত্ব হলো। ক্লাস নাইনে পড়ার সময় এই বন্ধুত্বটা গাঢ় হয়। দেখা না হলে চিঠি লিখতাম। চিঠি পোস্ট করতাম ঢাকার শান্তিবাগ থেকে বকশীবাজারে। খুকিরা তখন বকশীবাজার থাকত। চিঠিতে ছবিও আঁকতাম।’ বলতে গিয়ে মুখে হাসির রেখা ফুটে ওঠে জাতীয় পুরস্কার পাওয়া সাবেক এই অ্যাথলেটের। তিনি আরও বলেন, ‘উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, দৌড় প্রতিযোগিতায় অংশ নিতাম আমরা। দুজন দুই দলের হয়ে খেলতাম। মাঠে ছিল ও আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী।’‘১৯৬৪ সালে পাকিস্তান অলিম্পিক গেমসে অংশ নিতে আমরা লাহোর গেলাম। খুকি আর আমি এক বিছানায় ঘুমাতাম। আমরা তো সারা রাত বকবক করতাম, তাই আমাদের কোচ রাবেয়া তালুকদার সব সময় আমাদের নজরে রাখতেন। রাতে এসে পাহারা দিতেন, যেন তাঁর চোখকে ফাঁকি দিয়ে গল্প করতে না পারি। কিন্তু তার পরও কত রাত জেগে আমরা গল্প করেছি!’কেমন ছিলেন খুকি? ‘ও খুবই উচ্ছল হাসিখুশি মেয়ে ছিল। সহজ-সরল। আমিও হাসতে পছন্দ করতাম। সে কারণে আমাদের মিলটাও বেশি ছিল। বাইরে কোথাও খেলতে গেলে দুজন ভাগাভাগি করে পোশাক নিতাম।’স্মরণীয় কোনো ঘটনা কি নেই আপনাদের? ‘আছে। থাকবে না কেন? ১৯৬৮ সালে উচ্চ লম্ফে খুকি ও হার্ডলসে আমি পাকিস্তান রেকর্ড করি।’ তারপর যোগ করেন, খেলার মাঠের প্রতিদ্বন্দ্বী বাস্তবে এত ভালো বন্ধু কীভাবে হয়, সেটা নিয়ে অনেকেরই কৌতূহল ছিল। কখনোই আমাদের মধ্যে ঝগড়া হয়নি। আমরা একে অন্যকে হিংসা করিনি। উচ্চশিক্ষার জন্য খুকি ভর্তি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর আমি গার্হস্থ্য অর্থনীতি কলেজে। কিন্তু তাতে আমাদের মাঝে দূরত্ব তৈরি হয়নি। বরং আমরা আরও কাছাকাছি হয়েছি। মনে হয় যেন সেদিনের কথা। খুকি বিয়ের কার্ড দিয়ে গেল। বিয়েতে গিয়েছিলাম।‘১৫ আগস্টের কয়েক দিন আগের কথা। আমাদের এমএসসির লিখিত পরীক্ষা শেষ। মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। খুকি বলল, “পরীক্ষাটা শেষ হলে তোর সঙ্গে কথা আছে। অনেক কথা জমে গেছে।” কী কথা খুকি বলতে চেয়েছিল, তা আর শোনা হয়নি। দেখা হলো না ওর সঙ্গে। তবে প্রায়ই খুকি আমার স্বপ্নে আসে। এখনো আসে। একা থাকলেই মনে পড়ে আমাদের পান খাওয়ার দৃশ্যটি! স্টেডিয়াম থেকে বের হয়ে প্রতিদিন আমরা মিষ্টি পান খেতাম। খুকি মারা যাওয়ার পর আমি যখন জাতীয় পুরস্কার পেলাম, তখন মনে হচ্ছিল খুকি বুঝি আশপাশে আছে। বেঁচে থাকলে আমার সঙ্গে সেও নিশ্চয়ই পেত এই পুরস্কার। গল্পে-কথায়-আড্ডায় এখনো ঘুরেফিরে খুকি আসে। আসতেই থাকবে।’এটুকু বলে দীর্ঘশ্বাস ফেলেন রওশন আরা ছবি।একই রকম পোশাক বানাতামবন্ধুত্ব বোধ হয় একেই বলে। ৩৫ বছর আগে যাকে হারিয়েছেন, তাঁর কথা বলতে গিয়ে কখনো কেঁদে ফেলছেন, কখনো কোনো সুখস্মৃতির কথা মনে করে হেসে ফেলছেন। সুলতানা কামালের বন্ধু হামিদা বেগমের কথা বলছি। জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সহকারী পরিচালক (ক্রীড়া) তিনি। বন্ধুর কথা বলার জন্য স্মৃতি হাতড়াতে হয়নি তাঁকে। যেন কয়েক দিন আগের ঘটনা। সবই যেন দেখতে পাচ্ছেন চোখের সামনে। দুজন দুই স্কুলে পড়লেও কলেজ ও বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে পড়তেন। ‘খুকির সঙ্গে পরিচয় খেলার মাঠে। সপ্তম শ্রেণীতে পড়ি তখন। আমরা আলাদা দলের হয়ে খেলতাম। আমি আজাদ স্পোর্টিং ক্লাবে, খুকি মোহামেডান স্পোর্টিং ক্লাবে। কলেজে পড়ার সময় আমরা একবার নির্বাচনেও অংশ নিয়েছিলাম। খুকি ছিল ছাত্রলীগের প্রার্থী আর আমি ছাত্র ইউনিয়নের (মতিয়া) প্রার্থী। নির্বাচনের সময়ও আমাদের বন্ধুত্বে এতটুকু চিড় ধরেনি। কলেজ শেষ হলো। আমরা ভর্তি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে। নানা ধরনের ইভেন্টে অংশ নিয়েছি। পাকিস্তান অলিস্পিক গেমসে অংশ নিতে আমরা গিয়েছিলাম লাহোরে। সেখানে আনারকলি নামের একটি শপিং মল ছিল। ওই মল থেকে একই রকমের কাপড় কিনেছিলাম আমরা। পরে আমরা কয়েকজন একই ধরনের পোশাক তৈরি করেছিলাম। আমার বিয়ে আগে হয়েছিল। খুকির বিয়ের সময় আমি গর্ভবতী ছিলাম বলে বিয়েতে যেতে পারিনি।’ হঠাৎ করেই হামিদা বেগমের মন বিষণ্ন হয়ে যায়। ‘ভাত খাচ্ছিলাম। বাবা এসে দিলেন দুঃসংবাদটি। বিশ্বাসই করতে পারিনি।’আর কথা বলতে পারেন না হামিদা বেগম। কোথায় যেন হারিয়ে যান তিনি। হয়তো খুকির সঙ্গে কাটানো সময়ের কোনো এক স্মৃতি মনে পড়ে যায় তাঁর।