সুলভ স্বপ্নপুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজার মজার অনেক খেলনা আছে শহীদ জিয়া শিশুপার্কে, তবে এসবের কোনোটাই আধুনিক নয়। তিন দশক আগে বসানো হয়েছে বেশির ভাগ খেলনা। ২১ শতকের গতিময় খেলনাবঞ্চিত শিশুপার্ক তাই অনেকের কাছে ‘সেকেলে’। তবে ৩০০ থেকে ৫০০ টাকা খরচ করে বেসরকারি বিনোদন স্থানে যাওয়ার সামর্থ্য যাঁদের নেই, তাঁরাই শিশুদের নিয়ে যান শাহবাগের শিশুপার্কে। আট টাকা ঢোকার টিকিট, আর রাইডপ্রতি ছয় টাকা। মানে ৫০ টাকা খরচ করলেই শিশুপার্কের গোটা দশেক রাইডে চড়ার মজা একটি শিশু অনায়াসেই পেতে পারে।নিম্ন বা মধ্যআয়ের মানুষই ছুটে যায় সুলভ শিশুপার্কে, তবে নগরের একেবারে কেন্দ্রে থাকায় মধ্য আর উচ্চবিত্তদের কেউ কেউ কালেভদ্রে ঢুঁ মেরে যায় শিশুপার্কে। গেল মঙ্গলবার এমনই এক পরিবারকে দেখা গেল শিশুপার্কে। চার শিশুকে নিয়ে এসেছে তারা। শিশুরা ঘোড়ায় চড়ে, গাড়ি চালিয়ে, লম্ফঝম্ফ করে বেশ মজাই পেয়েছে। আসলে শিশুদের কাছে খেলনা, খেলনাই; প্রযুক্তি বিচার করার সময় কোথায় তাদের! অবশ্য এই খোঁড়া যুক্তি দেখিয়ে শিশুপার্কে আধুনিক খেলনা না আনার বিষয়টিও যুক্তিযুক্ত যে নয়, তাও জানে শিশুপার্কের স্বত্বাধিকারী ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। তাই শিশুপার্ক আধুনিকায়নের একটি উদ্যোগ নিয়েছে তারা। এরই অংশ হিসেবে শিশুপার্কে কোটি টাকা খরচ করে বাম্পার কার ও ব্যাটারি কার আসার কথা। পরে আবার শোনা গেল, শিশুপার্কের জায়গায় মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি রয়েছে, এ জন্য শিশুপার্ককে স্বাধীনতাস্তম্ভের সঙ্গে সংযুক্ত করা হবে। আবার সেই স্মৃতিগুলোও উপস্থাপন করা হবে, যাতে শিশুরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে। সব উদ্যোগই ভালোয় ভালোয় এগিয়ে যাচ্ছিল বলে জানান শহীদ জিয়া শিশুপার্কে দায়িত্বরত ডিসিসির সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) সিদ্দিকুর রহমান। তিনি বলেন, একাত্তরের রেসকোর্স ময়দান আজকের সোহরাওয়ার্দী উদ্যানের সব স্থাপনা অপসারণ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে শিশুপার্কের উন্নয়ন-প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয়েছে। এমনকি মাসখানেক ধরে ব্যাটারি কার বিকল হলেও সেটি ঠিক করতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই ঈদ উপলক্ষেও তাদের কোনো প্রস্তুতি নেই, তবে আগের ঈদের সময়সূচির মতোই এবারের ঈদে খোলা থাকবে শিশুপার্ক।উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে ডিসিসি কী আইনগত পদক্ষেপ নিচ্ছে, জানতে চাইলে ডিসিসির আইন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম জানান, তাঁরা এখনো আদালতের রায়ের কপি পাননি। এটি সংগ্রহের চেষ্টা করছেন। সংগ্রহ করার পর তাঁরা যথাযথ ব্যবস্থা নেবেন।