সুশাসন ও উন্নয়ন: বাংলাদেশ প্রহেলিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসন তত্ত্বের দুটি উৎস রয়েছে। প্রথমটি হলো আফ্রিকা মহাদেশে বিশ্বব্যাংকের পর্বতপ্রমাণ ব্যর্থতা। দ্বিতীয়টি হলো অর্থনীতিতে নতুন প্রাতিষ্ঠানিক ঘরানার উদ্ভব।১৯৭০ থেকে ১৯৭৮ সময়কালে আফ্রিকায় প্রবৃদ্ধির হার ১ দশমিক ৫ থেকে ২ শতাংশের মধ্যে ছিল। এ সময় আফ্রিকার বৈদেশিক সাহায্যের পরিমাণ ছিল মোট জাতীয় উৎপাদনের ৫ থেকে ৭ শতাংশ। হঠাৎ ১৯৮৪ সালের দিকে আফ্রিকায় প্রবৃদ্ধির হার নেমে আসে শূন্যের নিচে। ১৯৮৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এ হার ছিল শূন্য থেকে শতকরা শূন্য দশমিক ৫ ভাগ। অথচ ১৯৮৪ থেকে ১৯৯৪-এর দশকে বৈদেশিক সাহায্যের পরিমাণস্থল জাতীয় উৎপাদনের ১০ শতাংশ থেকে ১৭ শতাংশের ঊর্ধ্বে উপনীত হয়। বিদেশি সাহায্য প্রায় দ্বিগুণ করার পরও প্রবৃদ্ধি ঋণাত্মক হয়ে দাঁড়ায় (উইলিয়াম ইকালি। The White mans burden পৃ: ৪৬)।আফ্রিকার দ্রুত ধাবমান অর্থনৈতিক অধোগতির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক ১৯৯১ সালে Sube Saharan Africa: From Crisis to Sustainable Development একটি প্রতিবেদন প্রকাশ করে। এ প্রতিবেদনের মূল প্রতর্ক হলো: শুধু প্রাতিষ্ঠানিক সংস্কার ও নীতি প্রণয়ন করে উন্নয়নের সমস্যার সমাধান সম্ভব নয়। উন্নয়নের জন্য রাষ্ট্র গঠন বা State-building করতে হবে, যার জন্য প্রয়োজন সুশাসন বা good governance।বিশ্বব্যাংক যখন সুশাসনকে উন্নয়ন কর্মসূচির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার উদ্যোগ নেয়, তখন স্বতন্ত্রভাবে অর্থনীতিতে একটি তাত্ত্বিক ঘরানা প্রাধান্য লাভ করে। এই ঘরানা নব্যপ্রতিষ্ঠানবাদ বা Neo-institutionalism নামে পরিচিত। এ ঘরানার নেতৃত্বে ছিলেন ডগলাস নর্থ, রোনাল্ড কোস (Coase), জেমস বুকানন, রবার্ট সলসন, গর্ডন তুলক, তেরেন আচেমগলু (Acemoglu) প্রমুখ তাত্ত্বিক। এঁদের মতে, পুঁজি বা কারিগরি পরিবর্তন অথবা প্রাকৃতিক সম্পদের চেয়ে অনেক বেশি প্রয়োজন হলো শুধু প্রতিষ্ঠানের বিকাশ। যে রাষ্ট্র অর্থনৈতিক প্রণোদনা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে না, সে রাষ্ট্র কখনো নিরবচ্ছিন্ন ও টেকসই উন্নয়ন-প্রক্রিয়া লালন-পালন করতে পারবে না।আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আনুকূল্যে এবং নব্যপ্রতিষ্ঠানবাদী ঘরানার তাত্ত্বিকদের সমর্থনে সুশাসন সম্পর্কে মতবাদ সর্বত্র জোরেশোরে প্রচারিত হয়। এ মতবাদ অনুসারে সুশাসন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। অবশ্য সুশাসন ধারণাটি নিয়ে অস্পষ্টতার আশঙ্কা রয়েছে। এ ধরনের অস্পষ্টতা দূর করার জন্য বিশ্বব্যাংক সুশাসনের ছয়টি সূচক চিহ্নিত করে এবং বিশ্বের সব দেশে এসব উপাদানের পরিমাপ করে তার ফলাফল প্রকাশের ব্যবস্থা করে। ছয়টি সূচক হলো (১) বক্তব্য প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহি (Voice and accountability), (২) রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি (Political stability and absence of violence), (৩) সরকারের কার্যকারিতা (government effectiveness), (৪) নিয়ন্ত্রণের মান (regulatory evality), (৫) আইনের শাসন (rule of law) এবং (৬) দুর্নীতি নিয়ন্ত্রণ (control of corruption)। এই সূচকগুলো +২ দশমিক ৫ থেকে -২ দশমিক ৫-এর স্কেলে মাপা হয়। কোনো দেশে সূচকের পরিমাণ শূন্যের কাছাকাছি হলে ধরে নিতে হবে যে এ সূচক অনুসারে দেশটির অবস্থান গড় অবস্থানের কাছাকাছি। সূচক শূন্য হতে +২ দশমিক ৫-এর (ধনাত্মক ২ দশমিক ৫) মধ্যে যত ঊর্ধ্বে হবে, তত এই সূচক অনুসারে সে দেশের তুলনামূলক অবস্থান উঁচুমানের ধরা হবে। যদি সূচকের অবস্থান শূন্য থেকে -২ দশমিক ৫-এর (ঋণাত্মক ২ দশমিক ৫) মধ্যে হয়, তবে এ সংখ্যার অবস্থান যত নিচে হবে, ততই দেশটির গড় অবস্থান নিম্ন পর্যায়ের বলে গণ্য করা হবে। ১৯৯৬ থেকে ২০০৮ সময়ে বাংলাদেশে সুশাসনের সূচকগুলোর প্রাক্কলন সারণি-১ দেখা যাবে।সারণি-১বাংলাদেশে সুশাসনের সূচকগুলোর তুলনামূলক চিত্র ১৯৯৬—২০০৮সূচক ১৯৯৬ ২০০৮১. বক্তব্য প্রকাশের -০.২ -০.৬১জবাবদিহি ও স্বাধীনতা ২. রাজনৈতিক ০.৮ -১.৫৪স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি৩. সরকারের কার্যকারিতা - ০.৭ - ০.৭৭৪. নিয়ন্ত্রণের মান -০.২ - ০.৮২৫. আইনের শাসন -০.৮ - ০.৭৬. দুর্নীতি নিয়ন্ত্রণ -০.৫ - ১.১সারণি-১ থেকে দেখা যাচ্ছে, ১৯৯৬ ও ২০০৮ সালে বাংলাদেশে প্রতিটি সূচকের অবস্থান শূন্যের নিচে এবং বেশির ভাগ ক্ষেত্রে অনেক নিচে। এর তাৎপর্য হলো, বিশ্বের অন্যান্য রাষ্ট্রের তুলনায় সুশাসনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান অনেক নিচে। এর চেয়েও দুর্ভাগ্যজনক তথ্য হলো, ১৯৯৬ থেকে ২০০৮ (এর পরবর্তী তথ্য এখনো প্রকাশিত হয়নি)। বাংলাদেশে পাঁচটি সূচক অনুসারে সুশাসনের অবনতি ঘটেছে। আইনের শাসন সূচকে শাসনব্যবস্থা হবে। বিচারব্যবস্থা পৃথক্করণের অতি সামান্য উন্নতি ঘটেছে। আরও দুর্ভাগ্যজনক এই যে বাংলাদেশে সুশাসনের প্রতিটি সূচকের অবস্থান সর্বনিম্ন ১৫ শতাংশের মধ্যে। এর তাৎপর্য হলো, পৃথিবীর ৮৫ ভাগ রাষ্ট্রে বাংলাদেশের চেয়ে অধিকতর জবাবদিহিমূলক, কার্যকর ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র রয়েছে।বিশ্বব্যাংকের এসব সূচকের উপাত্ত বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত হয়। এদের নির্ভরযোগ্যতা সম্পর্কে অনেক সময় প্রশ্ন তোলা সম্ভব। তবে আমরা যদি বিশ্বব্যাংকের সূচক গ্রহণ না করি, তবে বাংলাদেশে সংগৃহীত তথ্য অনুসারেও আমরা বাংলাদেশে সুশাসনের অনুপস্থিতি সম্পর্কে সুস্পষ্ট চিত্র পাই। নিচে কয়েকটি তথ্য উপস্থাপন করা হলো—১. বাংলাদেশ পুলিশের তথ্য থেকে দেখা যায় যে ২০০৬ সালে পুলিশের অভিযোগের ভিত্তিতে যেসব ফৌজদারি বিচার হয়, তার মাত্র ১১ দশমিক ৬ শতাংশ ক্ষেত্রে আসামিদের সাজা হয়েছে এবং ৮৮ দশমিক ৪ শতাংশ ক্ষেত্রে আসামিরা খালাস পেয়েছে।২. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির একটি সমীক্ষা থেকে দেখা যায় যে ধর্ষণের মামলায় মাত্র ৫০ শতাংশ ক্ষেত্রে পুলিশ চার্জশিট দাখিল করে। যেসব মামলায় চার্জশিট দাখিল করা হয়, তার মাত্র ২৫ শতাংশ মামলায় সাজা হয়। অর্থাৎ বাংলাদেশে ধর্ষণের কোনো সাজা না হওয়ার সম্ভাব্যতা হলো ৮৭ দশমিক ৫ শতাংশ।৩. জেলা জজ আদালতে একটি দেওয়ানি মামলা নিষ্পত্তি হতে পাঁচ বছর সময় লাগে। মহামান্য সুপ্রিম কোর্টের ২০০৮ সালের বার্ষিক প্রতিবেদন থেকে দেখা যায়, এ ধরনের মামলায় হাইকোর্ট বিভাগে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে গড়ে ১৪ দশমিক ৩৩ বছর সময় লাগে। এই আপিল যদি আপিল বিভাগে যায়, তবে আরও ৯ দশমিক ৬ বছর লাগবে। অর্থাৎ জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করলেও তা হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে আপিল করলে মামলা নিষ্পত্তির সময় লাগবে (৫ + ১৪.৩৩ + ৯.৬) গড়ে ২৯ বছর।৪. সরকারের ক্রয় নীতিমালা অনুসারে দরপত্র জমা দেওয়ার পর সাধারণত ৯০ থেকে ১২০ দিন দরপত্রের দাম কার্যকর (Valid) থাকে। একটি সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, সড়ক ও জনপথ বিভাগ মাত্র ২৮ শতাংশ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে দরপত্রের কার্যাদেশ দিতে পারে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্ধারিত সময়ের মধ্যে দরপত্রের সিদ্ধান্ত দেয় মাত্র ৩৩ শতাংশ ক্ষেত্রে। ধারণা করা হয়, অন্যান্য প্রতিষ্ঠানের মান আরও নিম্ন পর্যায়ের।৫. সারা বিশ্বে বিচারব্যবস্থার মাধ্যমে একটি চুক্তি কার্যকর করতে গড় সময় লাগে ৬১৩ দিন। বাংলাদেশে লাগে এক হাজার ৪৪২ দিন।৬. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (বাংলাদেশ) প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করতে গিয়ে জনসাধারণকে বিপুল পরিমাণ ঘুষ দিতে হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে ২০০৭ সালে নিম্নরূপ দুর্নীতির অভিযোগ পাওয়া যায়: ক) আইন প্রয়োগকারী সংস্থা শতকরা ৯৬ দশমিক ৬ ভাগ ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, খ) স্থানীয় সরকার ৫৩ দশমিক ৪ ভাগ ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, গ) ভূমি প্রশাসনে ৫২ দশমিক ৭ ভাগ ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, ঘ) বিচারব্যবস্থায় ৪৭ দশমিক ৭ ভাগ ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, ঙ) শিক্ষা ৩৯ দশমিক ২ ভাগ ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, চ) স্বাস্থ্য ৪৪ দশমিক ১ ভাগ ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, ছ) ব্যাংকের ক্ষেত্রে ২৮ দশমিক ৭ ভাগ দুর্নীতির অভিযোগ।৭. দুর্নীতির অভিযোগ শুধু সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। ১৩ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী এনজিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে।৮. বেসরকারি খাতের বিরুদ্ধে চড়া দামে নিকৃষ্ট পণ্য গছিয়ে দেওয়ার অভিযোগ প্রায় প্রতিদিনই পাওয়া যাচ্ছে।এ তালিকা অনেক দীর্ঘ করা সম্ভব। তবে যে উপাত্তই আমরা ব্যবহার করি না কেন, দুটি বিষয়ে সন্দেহের অবকাশ নেই। প্রথমত, বাংলাদেশে সুশাসনের প্রচণ্ড ঘাটতি রয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশে শাসনের মান ক্রমশ নেমে এসেছে।অথচ সুশাসনের খামতির কোনো প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে দেখা যাচ্ছে না। সারণি-২ ও ১৯৯৬ থেকে ২০১০ সময়কালে স্থিরীকৃত মূল্যে বাংলাদেশে মাথাপিছু আয়ের প্রবৃদ্ধির হার দেখা যাবে।অর্থবছর মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি১৯৯৫-৯৬ ৩.৬১৯৯৬-৯৭ ৪.১১৯৯৭-৯৮ ৩.৯১৯৯৮-৯৯ ৩.৪১৯৯৯-২০০০ ৪.৫২০০০-২০০১ ৩.৮৬২০০১-২০০২ ২.৯২২০০২-২০০৩ ৩.৭৬২০০৩-২০০৪ ৪.৭৭২০০৪-২০০৫ ৪.৪৭২০০৫-২০০৬ ৫.১৪২০০৬-২০০৭ ৪.৯৫২০০৭-২০০৮ ৪.৭১২০০৮-২০০৯ ৪.৪২০০৯-২০১০ ৪.৬৮-৪.৯৮ (অস্থায়ী)উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা।সুশাসনের ক্রমাবনতি হওয়া সত্ত্বেও ১৯৯৫-৯৬ থেকে ২০০৯-১০ সময়কালে বাংলাদেশে স্থিরীকৃত মূল্যে মাথাপিছু আয় ৬০ শতাংশের বেশি বেড়েছে। বাংলাদেশের গত ২৫০ বছরের ইতিহাসে এ ধরনের প্রবৃদ্ধি কখনো ঘটেনি। বাংলাদেশে এ ধরনের প্রবৃদ্ধি সুশাসন তত্ত্ব্বের মূল প্রতর্ককে অসার প্রমাণ করে। বাংলাদেশে সুশাসন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ঋণাত্মক সম্পর্ক একটি প্রহেলিকা। এখন পর্যন্ত এ প্রহেলিকার ছয় ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে।এক ঘরানার সমাজবিজ্ঞানীদের মতে, বাংলাদেশের বর্তমান উঁচু হারের প্রবৃদ্ধি একটি আকস্মিক ঘটনা। এ প্রবৃদ্ধি টেকসই হবে না। ২০০৭ সালে প্রকাশিত একটি নিবন্ধে ফার্নান্ডিজ ও ক্রে নামক দুজন অর্থনীতিবিদ এই অভিমত ব্যক্ত করেন। তাঁরা লিখেছেন, ‘Bangladesh’s Current relatively high income level given to weak institutional quality are more likely to be insustainable’ অর্থাৎ বাংলাদেশের দুর্বল প্রাতিষ্ঠানিক মান বিবেচনা করলে বাংলাদেশের সাম্প্রতিক উচ্চ আয় টেকসই বলে মনে হয় না। এই প্রতর্কে বক্তারা ভুলে যান যে বাংলাদেশের এই বৃদ্ধির হার গত দশকে বাড়েনি। গত তিন দশকের বেশি সময়ে সমস্ত প্রাকৃতিক দৈব-দুর্বিপাক ও মনুষ্যসৃষ্ট দুঃশাসন অতিক্রম করে বাংলাদেশের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। এ ধরনের ব্যাখ্যা পড়লে অর্থনীতিবিদদের সম্পর্কে হাসির বক্তব্য মনে পড়ে। বক্তব্যটি হলো, ‘An Economist is someone who takes something that works in practice and wonder whether it will work in theory’ (অর্থনীতিবিদ হলেন এমন এক ব্যক্তি, যিনি বাস্তবে কিছু কাজ হচ্ছে দেখলে মনে মনে ভাবেন, এটা তাঁর তত্ত্ব অনুসারে কাজ করছে কি না।) তত্ত্ব থেকে বাস্তবতার ব্যাখ্যা না করে বাস্তবতার তাত্ত্বিক ব্যাখ্যা অনেক বেশি জরুরি।বিশ্বব্যাংকের অর্থনীতিবিদেরা এই প্রহেলিকার একটি দ্বিতীয় ব্যাখ্যার চেষ্টা করেছেন। তাঁরা বলেছেন যে যদিও বাংলাদেশে সামগ্রিকভাবে সুশাসনের মান নিম্নপর্যায়ের, তবু বাংলাদেশে পাঁচটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়িত হয়েছে। এই সংস্কারগুলো হলো: (১) রাষ্ট্র বেসরকারি খাতের বিকাশের জন্য জায়গা সৃষ্টি করে দিয়েছে। (২) সব সরকারই বিদেশে জনশক্তি রপ্তানির উদ্যোগ নিয়েছে। (৩) রাষ্ট্রের তৃণমূল পর্যায়ে সেবা সম্প্রসারণে সীমাবদ্ধতা মেনে নেওয়া হয় এবং এনজিও বা বেসরকারি সংগঠনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেও অংশীদারির ভিত্তিতে কাজ করে। (৪) অন্যান্য নিম্ন আয়ের দেশের তুলনায় বাংলাদেশে সরকারি ব্যয় ছিল দরিদ্রদের প্রতি মনোযোগী। (৫) রাষ্ট্র দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে তার সক্ষমতা বৃদ্ধি করেছে। এই বক্তব্যে বাংলাদেশের বাস্তবতার প্রতিফলন ঘটলেও এটি বিশ্বব্যাংকের সুশাসন সম্পর্কে মূল বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশ্বব্যাংকের মূল বক্তব্য অনুসারে রাষ্ট্রের সুশাসনের জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নিতে হবে, শুধু গুরুত্বপূর্ণ কয়েকটি উদ্যোগ নিলে চলবে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা গ্রিন্ডল বিশ্বব্যাংকের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছেন, সুশাসন উন্নয়নশীল দেশগুলোর জন্য সম্ভব নয়। তাদের পক্ষে সম্ভব হলো চলনসই সুশাসন বা good-enough governance। এই দ্বিতীয় ব্যাখ্যাটি গ্রিন্ডলের মতবাদেরই প্রতিধ্বনি করে।বাংলাদেশ প্রহেলিকার তৃতীয় ব্যাখ্যা দিয়েছেন বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ দেব রাজন। তাঁর মতে, বাংলাদেশে যা ঘটেছে, তা অনন্য। অন্য কোনো দেশে এর পুনরাবৃত্তি সম্ভব নয়। তাঁর মতে, বাংলাদেশে প্রবৃদ্ধির মূল নায়ক হলো বেসরকারি বিভিন্ন সংস্থা বা এনজিওগুলো। বাংলাদেশে এনজিওগুলো মুক্তিযুদ্ধের নামে বেড়ে ওঠে। মুক্তিযুদ্ধের সময় রাষ্ট্র ছিল দুর্বল। তাই এনজিওগুলোকে কোনো বাধা দেওয়া হয়নি। বাংলাদেশ রাষ্ট্রে প্রায় সবাই এক জনগোষ্ঠীর ও একই ভাষায় কথা বলে। তাই কোনো এক জায়গায় এনজিও সাফল্য অর্জন করলে, তা সারা দেশে ছড়িয়ে দেওয়া সহজ হয়। এই তত্ত্ব বাংলাদেশে রাষ্ট্রের অবদানের অবমূল্যায়ন করেছে। কৃষি খাতে ও গ্রামীণ অবকাঠামো সৃষ্টি করে রাষ্ট্র গ্রামীণ অর্থনীতিতে প্রাণসঞ্চার করেছে। রাষ্ট্রেই এনজিওগুলোর পৃষ্ঠপোষকতা রয়েছে।সরকার আইন করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে। সরকারই এনজিওগুলোকে শক্তিশালী করার জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। কাজেই সরকারকে বাদ দিয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি ব্যাখ্যা সম্ভব নয়। অথচ দেব রাজনের ব্যাখ্যায় সরকার সম্পূর্ণ অনুপস্থিত।চতুর্থ ব্যাখ্যা প্রিটচেটের (Pritchett) তত্ত্বের আলোকে দেওয়া যেতে পারে। তিনি লিখেছেন,”‘One does not on just need a great deal of institutional capacity for achieve a semi-industrialized level of increase. অর্থাৎ আধা-শিল্পায়িত পর্যায়ের আয়ে পৌঁছানোর জন্য খুব আহামরি প্রতিষ্ঠানের ক্ষমতার প্রয়োজন হয় না। তাই একটি দেশ যখন উন্নয়নের নিম্নপর্যায়ে থাকে, তখন প্রবৃদ্ধির জন্য সুশাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জনের প্রয়োজন হয় না। কিন্তু আয় বাড়তে থাকলে সুশাসনের গুরুত্ব বাড়তে থাকে। আয় বাড়তে বাড়তে প্রতিটি দেশ এমন পর্যায়ে চলে আসে, যখন সুশাসন নিশ্চিত করা না হলে অধিকতর প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হয় না। বাংলাদেশ এখন পর্যন্ত নিম্ন আয়ের দেশ রয়ে গেছে। তাই সুশাসনের ঘাটতির তাৎপর্য বোঝা যাচ্ছে না। কিন্তু অদূরভবিষ্যতে এ সমস্যা প্রকট হয়ে উঠবে।পঞ্চম ব্যাখ্যা হলো যে সুশাসনের সূচক সম্পর্কে বিশ্বব্যাংকের পরিমাণগত বিশ্লেষণগুলো ত্রুটিপূর্ণ। তাই বিশ্বব্যাংকের সুশাসন সম্পর্কে উপাত্তের ভিত্তিতে কোনো ব্যাখ্যা দেওয়া যুক্তিযুক্ত হবে না। এ ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, কেননা বিশ্বব্যাংকের বাইরে সংগৃহীত তথ্য থেকেও বাংলাদেশে সুশাসনের অবক্ষয় সুস্পষ্ট।ষষ্ঠ ব্যাখ্যায় বলা হয়ে থাকে, সুশাসনের অভাব প্রবৃদ্ধি বন্ধ করে দেয় না। সুশাসনের অভাবে প্রবৃদ্ধির পরিমাণ অথবা গুণগত হ্রাস করে। অর্থাৎ এ তত্ত্বের সমর্থকেরা মনে করেন, বাংলাদেশে সুশাসনের খামতির জন্য প্রবৃদ্ধি থেমে যায়নি। কিন্তু সুশাসন থাকলে এ প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হতো, উপরন্তু সুশাসনের অভাবে প্রবৃদ্ধির সুফল দুর্বল জনগোষ্ঠীর সঙ্গে পৌঁছানো সম্ভব হয়নি। সুশাসনের গুণগত মান সম্পর্কে এই ঘরানার বক্তব্য সঠিক। তবে ওই কথা মেনে নেওয়া কঠিন যে, শুধু সুশাসন কার্যকর করেই বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়ানো যাবে। সুশাসনের সঙ্গে ভৌত অবকাঠামোর অন্তরায়গুলো হ্রাস করতে হবে। অন্যথায় উন্নয়নের গতি ত্বরান্বিত করা সম্ভব হবে না।বাংলাদেশে উন্নয়ন-সুশাসন প্রহেলিকা সম্পর্কে বিতর্ক এখনো চূড়ান্তভাবে নিষ্পন্ন হয়নি। তবু এ বিতর্ক থেকে কয়েকটি সিদ্ধান্ত স্পষ্ট হয়ে উঠছে। প্রথমত, বিশ্বব্যাংক অর্থনৈতিক উন্নয়নের জন্য যে সমগ্রতাবাদী (Holistic) সুশাসনের কথা বলে থাকে, তার প্রয়োজন অন্তত বাংলাদেশে নেই। এখানে সুশাসনের ক্ষেত্রে সবকিছু সংস্কার একসঙ্গে করার দরকার নেই। এ ধরনের সংস্কার সম্ভবও নয়। এখানে ছোট ছোট সংস্কারের মাধ্যমে বড় পরিবর্তন সম্ভব। তাই রাষ্ট্রের একটি বড় দায়িত্ব হলো, এসব গুরুত্বপূর্ণ সংস্কার চিহ্নিতকরণ ও বাস্তবায়ন।সবশেষে আমাদের ভুলে গেলে চলবে না যে সুশাসন শুধু উন্নয়নের উপকরণ নয়; সুশাসন হচ্ছে উন্নয়নের অপরিহার্য অঙ্গ। সুশাসন ছাড়া উন্নয়ন অর্থহীন। তাই অবশ্যই আমাদের দৃঢ়তর ভিত্তির ওপর সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসন অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার নয়, সুশাসনই হচ্ছে উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। সুশাসন আমাদের অবশ্যই অর্জন করতে হবে। তবে এর তাগিদ ভেতর থেকে আসতে হবে, বাইরে থেকে নয়। আকবর আলি খান: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা