সুশাসন না থাকার কারণ দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সুশাসনের অভাবের জন্য দুর্নীতি ও আইনের শাসনের অভাবকে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন তিনি। রাজধানীর স্থানীয় একটি হোটেলে আজ শনিবার সকালে অনুষ্ঠিত সুশাসনবিষয়ক এক গোলটেবিল বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় জাতীয় সংসদ, বিচার প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, কর আদায়কারী সংস্থা থেকে শুরু করে দেশের থানাগুলোতে ব্যাপক দুর্নীতি হয় বলে স্বীকার করেন মুহিত। মন্ত্রিপরিষদ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। অর্থমন্ত্রী এতে প্রধান অতিথি ছিলেন। বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া ও এডিবির কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো। অর্থমন্ত্রী বলেন, সুশাসন একটি ধারণা। সমাজের সব ক্ষেত্রেই তা থাকতে হবে। সুশাসন ছাড়া জনগণের মুক্তি নেই। এটি এখন খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে সবার আগে সরকার পরিচালনার বিষয়টিকে জবাবদিহি ও স্বচ্ছতার মধ্যে আনতে হবে বলে তিনি মনে করেন।