উন্নয়ন ফোরাম দুদক, মানবাধিকার ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করার পরামর্শ
সুশাসন প্রতিষ্ঠায় অগ্রগতি দেখতে চায় দাতারা
বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় সামগ্রিক অগ্রগতি দেখতে চেয়েছে উন্নয়ন-সহযোগীরা। এ জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক), মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, জনপ্রশাসনসহ গণতন্ত্র সুসংহত করার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছে উন্নয়ন-সহযোগীরা।বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) ফলোআপ বৈঠকে গতকাল রোববার উন্নয়ন-সহযোগীরা এসব পরামর্শ দিয়েছে। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, স্থানীয় পরামর্শক গোষ্ঠীর (এলসিজি) কো-চেয়ার ও যুক্তরাজ্যের দাতা সংস্থা ডিএফআইডির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস অস্টিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া প্রমুখ। এনইসি সম্মেলনকক্ষে বিডিএফ ফলোআপ বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, উপ-আঞ্চলিক সহযোগিতার জন্য উন্নয়ন-সহযোগীরা তাদের প্রতিশ্রুতির অতিরিক্ত অর্থ দেবে। এ ছাড়া উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন-প্রক্রিয়ায় বেসরকারি খাতকে আরও সম্পৃক্ত করার সুপারিশ করেছে উন্নয়ন-সহযোগীরা। আগামী এক মাসের মধ্যে ভারতের কাছ থেকে ট্রানজিট ফি নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, ‘উন্নয়ন-সহযোগীরা দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন শক্তিশালী করার বিষয়ে সামগ্রিক অগ্রগতি জানতে চেয়েছে। আমরা বলেছি, দুদকের স্বাধীনতার বিষয়টি এখন আর মূল বিষয় নয়। তবে দুদককে অনেক কাজ দেওয়া হচ্ছে। দুদককে বিকেন্দ্রীকরণ করা হচ্ছে।’আবুল মাল আবদুল মুহিত আরও জানান, জনপ্রশাসনকাঠামো সংস্কারের জন্য একটি রোডম্যাপ তৈরির সুপারিশ করেছে উন্নয়ন সহযোগীরা। দাতারা আগামী কয়েক বছরে সুশাসন প্রতিষ্ঠায় একটি সামগ্রিক অগ্রগতি দেখতে চায়।অর্থমন্ত্রী বলেন, ‘উন্নয়ন প্রক্রিয়ায় সুশীল সমাজ, বেসরকারি সংস্থাকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছে উন্নয়ন সহযোগীরা। আমরা বলেছি, উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হয়েছে।’ স্থায়ীভাবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোয় বেসরকারি খাতকে রাখতে চায় না সরকার। তবে বেসরকারি খাতের অংশগ্রহণে বিদ্যুৎ ও জ্বালানি, পরিবহন, নগরায়ণ পরিকল্পনায় টাস্কফোর্স গঠিত হবে। আঞ্চলিক সহযোগিতা প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, উপ-আঞ্চলিক সহযোগিতায় উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুত সহায়তার অতিরিক্ত অর্থ পাওয়া যাবে। শুধু ভারত নয়, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য সহযোগিতা বাড়াতেও উন্নয়ন সহযোগীরা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ভবিষ্যতে চীন ও মিয়ানমারের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। মসিউর রহমান বলেন, প্রতিশ্রুত সহায়তায় যে সার্ভিস চার্জ নেওয়া হয় উপ-আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে একই সার্ভিস চার্জ নেবে উন্নয়ন সহযোগীরা। উপ-আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আফ্রিকার দেশগুলো উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অতিরিক্ত সহায়তা পেয়েছে বলে তিনি জানান।মসিউর রহমান বলেন, পৃথিবী এখন একটি অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই উন্নয়ন সহযোগীদের সহায়তা নিতে হবে। ভারতকে ট্রানজিট দেওয়া প্রসঙ্গে মশিউর রহমান আরও জানান, ‘বাংলাদেশের সার্ভিস (ট্রানজিট) যেই ব্যবহার করবে, তাকেই সার্ভিস ফি দিতে হবে। এখন আমরা বিভিন্ন দেশের ট্রানজিট ফি কত তা বিশ্লেষণ করছি। আগামী এক মাসের মধ্যে সার্ভিস ফি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ ক্রিস অস্টিন বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা দরকার। আমরা উন্নয়নের ফল দেখতে চাই। উন্নয়ন কাজে সুশীল সমাজ, বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযাগীদের কাজের সমন্বয় থাকা দরকার।’ তিনি বলেন, এখন বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৯০ শতাংশ বাস্তবায়ন হয়। এটা পর্যাপ্ত নয়, বাংলাদেশের মতো দেশকে শতভাগের বেশি এডিপি বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন প্রকল্পগুলো মানসম্পন্নভাবে শেষ করতে হবে। বিডিএফ ফলোআপ বৈঠকে বিশ্বব্যাংক, এডিপি, ডিএফআইডি, ইউএনডিপিসহ স্থানীয় পরামর্শক গোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। সভায় গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বিডিএফের ২৫ কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন ইআরডির যুগ্ম সচিব বিজন কুমার বৈশ্য।