সুশাসন প্রতিষ্ঠায় আরও যত্নবান হওয়ার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কর্মকাণ্ড ও দু-একজন মন্ত্রীর গণমাধ্যমে অতিকথনের সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টারা। তা ছাড়া যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া দ্রুত শুরু, সহযোগী সংগঠনের কাউন্সিল এবং স্থানীয় সরকারের নির্বাচন সম্পন্ন করার তাগিদ দিয়েছেন তাঁরা। সর্বোপরি সরকারকে সুশাসন প্রতিষ্ঠায় আরও যত্নবান হওয়ার ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টারা।গতকাল মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়।সূত্রমতে, আওয়ামী লীগের নাম ব্যবহারকারী এক শ্রেণীর আমলা সম্পর্কে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। এসব আমলা দলের নাম ব্যবহার করে অন্তর্ঘাতমূলক তত্পরতায় লিপ্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। বৈঠকে উপদেষ্টারা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির আগের তালিকা বহাল রেখে বাদ পড়া প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়। রমজান মাসের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখারও তাগিদ দেন উপদেষ্টারা।গত বছরের ২৪ জুলাই আওয়ামী লীগের কাউন্সিলের পর এটাই উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ৪১। তবে বর্তমানে ১৯ জন উপদেষ্টা আছেন। গতকালের বৈঠকে ১৭ জন উপস্থিত ছিলেন। আবদুর রাজ্জাক ভারতে ও রহমত আলী রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন। সূত্র জানায়, শিগগিরই বাকি উপদেষ্টাদের মনোনয়ন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালের বৈঠকে নাম আহ্বান করেন। কেউ কেউ কিছু নাম সুপারিশ করেন। খুব দ্রুত অবশিষ্ট উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। সৈয়দ আশরাফ বলেন, বৈঠকে সরকারের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করা হয়। বিশেষ করে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। তা ছাড়া জঙ্গিবাদ ও ধর্মীয় সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়। যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে মোকাবিলা করার ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি বলেন, শিক্ষাঙ্গনের পরিবেশ অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো বলে উপদেষ্টারা মন্তব্য করেন। তবে সহযোগী সংগঠনের কাউন্সিল করার কথা তাঁরা বলেছেন। দুই বিচারপতির শপথ না হওয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেন। এতে সংবিধান লঙ্ঘিত হয়েছে বলে তাঁরা মনে করেন। স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ব্যাপারেও উপদেষ্টারা তাগিদ দিয়েছেন। ১৪ দলীয় জোট ও মহাজোটকে আরও শক্তিশালী করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। সৈয়দ আশরাফ বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি হয়েছে, তা দ্রুত ঘোষণা করা এবং বাদ পড়লে পরবর্তী সময়ে তা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। তিনি বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্রে উপকমিটি গঠনের কথা বলা আছে। উপদেষ্টারা এসব উপকমিটির প্রধান থাকেন। দ্রুত উপকমিটি গঠনের তাগিদ দেওয়া হয়। উপকমিটিতে সংসদের স্থায়ী কমিটির দলীয় সদস্য এবং নতুন প্রজন্মের নেতাদের রাখা হবে।সূত্র জানায়, বৈঠকে বলা হয়, এমপিওভুক্তি নিয়ে সরকারি পর্যায়ে অহেতুক হইচই করার প্রয়োজন ছিল না। এমপিওর তালিকা যাচাই করতে শিক্ষা উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি বলে মনে করেন তাঁরা। বাদ পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের নাম শিক্ষামন্ত্রীই অন্তর্ভুক্ত করতে পারতেন। সূত্র জানায়, বৈঠকে দু-একজন মন্ত্রীর গণমাধ্যমে অতিকথনের সমালোচনা করা হয়। কোনো কোনো মন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও বেশি কথা বলছেন বলে সমালোচনা করা হয়।সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বলেন, ছাত্রলীগে কিছু লোকের অনুপ্রবেশ ঘটেছে। তবে এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।