সুশাসন প্রতিষ্ঠায় দুর্বল অবস্থানে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রণয়নে বাংলাদেশের অবস্থান যতটা ভালো, আইন কার্যকর করার ক্ষেত্রে ততটাই খারাপ। এ ছাড়া সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনে বাংলাদেশের অবস্থান দুর্বল। ২০০৮ সালের তুলনায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় অগ্রগতি হয়েছে সামান্যই।গত বুধবার ওয়াশিংটনভিত্তিক বেসরকারি সংস্থা গ্লোবাল ইন্টেগ্রিটি পরিচালিত ‘দ্য গ্লোবাল ইন্টেগ্রিটি রিপোর্ট-২০১০’ শীর্ষক এক সমীক্ষা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ৩০০টি বিষয় বা সূচকের ওপর পরিচালিত এ সমীক্ষায় বাংলাদেশ ১০০-তে ৭০ নম্বর পেয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় এটি দুর্বল অবস্থান।সমীক্ষায় বলা হয়েছে, ন্যায়পাল নিয়োগ না করা, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগের ওপর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বাংলাদেশের দুর্নীতি দমন পরিস্থিতির তেমন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।বিশ্বের ৩৬টি দেশের ওপর প্রায় এক বছর ধরে পরিচালিত এ সমীক্ষায় সুশাসন, জবাবদিহি ও আইনের শাসনকে গুরুত্ব দেওয়া হয়েছে। সমীক্ষার প্রাথমিক ফলাফল তিনটি পর্যায়ে যাচাই-বাছাই ও পর্যালোচনা করে চূড়ান্ত করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সাল থেকে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে ধারাবাহিক ব্যর্থতার পটভূমিতেই মিসরসহ আরব বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক গণ-অসন্তোষের ঘটনা ঘটছে। ২০১০ সালের ডিসেম্বরে মিসরের সুশাসন ও দুর্নীতি-পরিস্থিতির ওপর সমীক্ষা চূড়ান্ত করার সময় খুবই দুর্বল অবস্থা দেখা গিয়েছিল। ২০১১ সালের জানুয়ারি থেকেই মিসরে দুর্নীতির বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু হয়।গ্লোবাল ইন্টেগ্রিটি সংস্থার ব্যবস্থাপনা পরিচালক নাথানিয়েল হেলার এ বিষয়ে বলেন, দুর্নীতিবিরোধী কর্মকাণ্ড, স্বাধীন গণমাধ্যমের সুরক্ষা ও স্বচ্ছ বাজেট প্রণয়নের দাবি এখন বিশ্বজুড়ে। এসবের ঘাটতির কারণে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে বিপ্লবের মতো ঘটনা ঘটেছে। দীর্ঘ মেয়াদে উন্নয়ন ও স্থিতিশীলতা আনতে হলে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে বলে তিনি মন্তব্য করেন।যোগাযোগ করা হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, গ্লোবাল ইন্টেগ্রিটি প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশ দুর্নীতিবিরোধী ও সততার পরিবেশ তৈরির ক্ষেত্রে কোন অবস্থানে, তা চিহ্নিত করা হয়েছে। মহাজোটের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, মন্ত্রী ও জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করলে, দুদকের ক্ষমতা খর্বকারী আইন সংশোধন থেকে বিরত থাকলে, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে প্রভাবমুক্ত রাখতে পারলে এবং রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র ও স্বচ্ছতার সংস্কৃতি গড়ে তুলতে পারলে বাংলাদেশের নম্বর ভবিষ্যতে বাড়বে।দুদক ও বিচার বিভাগ নিয়ে আশা-নিরাশা: সুশাসন-পরিস্থিতির ওপর বিশ্লেষণধর্মী ওই প্রতিবেদনে বাংলাদেশের প্রধান বিচারপতির সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুদকের ওপর সরকারি হস্তক্ষেপ হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগে আওয়ামী লীগের পক্ষ থেকে দুদককে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে মহাজোট সরকার দুদকের ক্ষমতা খর্ব করে।২০০৯ সালে সরকারের চাপে তৎকালীন দুদক চেয়ারম্যান লে. জেনারেল হাসান মশহুদ চৌধূরী পদত্যাগ করেছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, সরকার ২০০৪ সালে প্রণীত দুদক আইনের সংশোধন করে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে পূর্বানুমতি নেওয়ার বিধান রেখেছে। এতে দুদক দন্তহীন বাঘে পরিণত হয়েছে বলে বর্তমান চেয়ারম্যান গোলাম রহমান মন্তব্য করেছেন।বিচারব্যবস্থা ঠিকমতো কাজ করতে পারছে না উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নিম্ন আদালতে ১০১ জন বিচারক ও ম্যাজিস্ট্রেট নিয়োগের ক্ষেত্রে কোটাব্যবস্থা চালু করায় বিচার বিভাগের ওপর রাজনৈতিক প্রভাবের সুযোগ তৈরি হবে।টিআইবির নির্বাহী পরিচালক এ ব্যাপারে বলেন, উপজেলা চেয়ারম্যানদের ওপর সাংসদদের খবরদারি বিষয়ে যে আইন প্রণীত হয়েছে, তা-ও স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে।রাজনৈতিক দল ও গণমাধ্যম: বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আর্থিক স্বচ্ছতার দিক থেকে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে, নম্বর পেয়েছে মাত্র ৪১। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, আয়-ব্যয়ের হিসাব, জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের আয়-ব্যয়ের সীমা অনুসরণের ক্ষেত্রে সরকারের যে নিয়ম রয়েছে, তা বেশির ভাগ ক্ষেত্রে মানা হয় না।নির্বাহী বিভাগ, সংসদ ও বিচার বিভাগের স্বার্থসংশ্লিষ্ট সংঘাত প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দিক থেকেও খুবই দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ ক্ষেত্রে নম্বর পেয়েছে ৫৩।গণমাধ্যম এবং বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রম ও স্বাধীনতা, জনপ্রশাসন ও পেশাজীবীদের ওপর সরকারের নিয়ন্ত্রণ, বাজেট প্রণয়ন ও ভোট দেওয়ার প্রক্রিয়ার দিক থেকে বাংলাদেশের পরিস্থিতি বেশ ভালো অবস্থায় রয়েছে। এতে ৭০-এর বেশি নম্বর পেয়েছে বাংলাদেশ।প্রতিবেদনে বলা হয়, একজন মন্ত্রীর কার্টুন প্রকাশের কারণে ২০১০ সালের ২৯ মে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ করে দেয়। পরে গণমাধ্যম ও সুশীল সমাজের চাপে তা আবার চালু করা হয়।বাংলাদেশের বেশির ভাগ গণমাধ্যম বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেয় উল্লেখ করে সমীক্ষায় বলা হয়েছে, সরকার সম্প্রতি ১০টি টেলিভিশন চ্যানেলের অনুমতি দিয়েছে, যার বেশির ভাগই বর্তমান সরকার-সমর্থকদের। সরকারের একজন সাংসদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর আত্মীয়, সরকারদলীয় একজন সাবেক মেয়র এসব টিভি চ্যানেলের অনুমতি পেয়েছেন।কোন দেশের কী অবস্থান: দুর্নীতি কমাতে উল্লেখযোগ্য উন্নতি করেছে আর্জেন্টিনা, ইথিওপিয়া ও পেরু। দুর্নীতি-পরিস্থিতির অবনতি হয়েছে মিসর, মরক্কো, তিউনিসিয়ায়। নাগরিকদের ইন্টারনেট ব্যবহারের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে থাকা আর্জেন্টিনা, আলবেনিয়া, বলিভিয়া, কানাডা, ফিলিপাইনসহ ১৫টি দেশ শতভাগ নম্বর পেয়েছে। এ ক্ষেত্রে ৭৫ নম্বর পেয়ে বাংলাদেশের অবস্থান মাঝারি। সরকারি তথ্য পাওয়ার দিক থেকে ৯৩ নম্বর পেয়ে সবচেয়ে ভালো অবস্থানে আছে পেরু। ৯০ পেয়ে বুলগেরিয়া দ্বিতীয় ও ৮৫ পেয়ে আর্জেন্টিনা, পোল্যান্ড ও রাশিয়া দ্বিতীয় অবস্থানে। আমলাদের কাছ থেকে যথাযথ সাড়া পাওয়ার দিক দিয়ে ৯০ পেয়ে আর্জেন্টিনা প্রথম, পেরু ও বুলগেরিয়া ৮০ পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।গ্লোবাল ইন্টেগ্রিটি মূলত ১৯৯৯ সাল থেকে দুর্নীতিবিরোধী নানা ধরনের প্রচারণা চালানোর মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে। ২০০৬ সাল থেকে সংস্থাটি বিশ্বব্যাপী সততাবিষয়ক সূচকের ভিত্তিতে বিশ্বের সুশাসন বিষয়ে ইন্টেগ্রিটি প্রতিবেদন তৈরি করে আসছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা সরকারসহ বিশ্বের মোট ১৭টি সংস্থা ও রাষ্ট্র এদের আর্থিক সহায়তা দিয়ে থাকে। ২০০৮ সালে সংস্থাটি প্রথম বাংলাদেশকে তাদের সমীক্ষায় অন্তর্ভুক্ত করে।