সুশীল সমাজ তিন ভাগে বিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের কবি, লেখক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে তাঁদের অনেকে ‘পরিবর্তন’ চান বামফ্রন্টকে রেখেই। তাঁরাও মনে করেন, বামদের একটা শিক্ষা দরকার। সে জন্য তাঁরা চান শক্তিশালী বিরোধী দল। অন্যরা চান বামদের ‘দুঃশাসনের’ অবসান। ভোটের রাজনীতি ঘিরে এ ধরনের মেরুকরণ এর আগে ঘটেনি।ম্যাগসাইসাই পুরস্কারজয়ী লেখিকা মহাশ্বেতা দেবী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ প্রমুখ আছেন মমতার পাশে। সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব গুহ প্রমুখ চান বামফ্রন্টকে রেখেই পরিবর্তন।বামপন্থী মহাশ্বেতা মনে করেন, আদর্শিক কারণে তিনি তৃণমূলকে সমর্থন দিতে অপারগ। তবে মমতাকে তিনি দুই দশক ধরে চেনেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তিনবার ইস্তফা দেওয়ার সাহস শুধু মমতাই দেখান। মহাশ্বেতার কথায়, ‘সাধারণ মানুষ তাঁকে সহজে ছুঁতে পারে। মমতা মহাত্মা গান্ধীর মতোই জননেতা।’রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করুণা সিন্ধু দাস এবং বাংলা আকাদেমির সভাপতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁদের পদের মর্যাদার কারণে মন্তব্য করেননি।সুনীল গঙ্গোপাধ্যায় মনে করেন, কলকাতার সুশীল সমাজ এখন তিন ভাগে বিভক্ত। পারিজাত অ্যাপার্টমেন্টের বাসভবনে বসে প্রথম আলোকে তিনি বলেন, ‘এক ভাগ সরাসরি বিরোধী পক্ষে যোগ দিয়েছে। এক ভাগ এখনো ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত। আরেকটি ভাগ দূরে দাঁড়িয়ে দেখছে। তারা কথা বলছে না।’ সুনীল নিজেকে শেষোক্ত ভাগে ফেলেন। বলেন, ‘টিভিতে যে রোজ ঝগড়াঝাঁটি চলছে, তাতে মৃণাল সেন যান না। সৌমেত্র চট্টোপাধ্যায় যান না। আমি যাই না। শঙ্খ ঘোষ যান না।’ বললেন, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর ব্যক্তিগত সুসম্পর্ক নিয়ে রটনা আছে। তিনি বামফ্রন্টকে রেখেই পরিবর্তন চান। মমতার দলের একনায়কতন্ত্রে তিনি শঙ্কিত। মমতা যা বলবেন, তা-ই।নির্বাচনে কালো টাকার ব্যবহার প্রশ্নে বাম ও তৃণমূল জোটকে এক কাতারে ফেলতে চাননি সুনীল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের কেন্দ্রীয় সরকার তো এখন কালো টাকা ও দুর্নীতিতে একেবারে ম-ম করছে। আমাদের দেশে গণতন্ত্র টিকে আছে। কিন্তু যেসব ঘটনা ঘটছে তাতে ভয় হয়, গণতন্ত্র টিকবে কি টিকবে না।’ সুনীল দৃঢ়তার সঙ্গে বলেন, পশ্চিমবঙ্গে পরিবর্তন একটা এবারে হবেই। তবে বামফ্রন্ট পারবেই না, সেই হাওয়া এখন আর বইছে না। কারণ, সাম্প্রতিককালে বিভিন্ন কলেজে যে ছাত্রসংসদের নির্বাচন হচ্ছে, তাতে বামপন্থীরা জিতছে। নতুন প্রজন্ম এখনো তৃণমূলদের বিশ্বাস করছে না। সে কারণে বামেরা ১৫০ জন অল্পবয়সীকে প্রার্থী করেছে। বিপুলসংখ্যক মানুষের ভোটদানের কারণ সম্পর্কে সুনীল বলেন, ‘পরিবর্তনের নাটক চলছে। সেই নাটকে সবাই অংশ নিতে চায়।’ অনেক দিন পর সুনীল ও তাঁর স্ত্রী গতকাল ভোট দেন। একসময় পরিচয়পত্র হারিয়ে গেলে সুনীল দম্পতি পাসপোর্ট নিয়ে যান। তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। রাগ করে তাই তাঁরা অনেক ভোট বর্জন করেন। এবার পাসপোর্ট দেখিয়েও ভোট দেওয়া যায়।বুদ্ধদেব গুহ মহাশ্বেতার মন্তব্যকে গুরুত্ব দেননি। তাঁর আদি নিবাস রংপুরে। বলেন, ‘আমি সুশীল সমাজের কেউ নই। তবে আমি সুনীলের সুরেই বলব, তৃণমূল অনেক ভোট পাক। তারা শক্তিশালী বিরোধী দল হোক। বামে বেনোজল ঢুকেছে। কিন্তু সরকার করুক বামেরাই। কারণ, তৃণমূলকে গত কিছুদিন যেভাবে দেখছি, তাতে ভরসা পাই না। বুদ্ধিজীবীদের অনেকেই দুর্বুদ্ধিজীবী হয়ে গেছেন।’উল্লেখ্য, নাট্যকার ব্রাত্য বসু, শাওলি মিত্র, বিভাস চক্রবর্তী, জয় গোস্বামী, কবির সুমন, শুভাপ্রসন্ন ভট্টাচার্য প্রমুখ তৃণমূলের রাজনীতিতে সক্রিয়। তাঁদের কেউ কেউ প্রার্থীও হয়েছেন। বুদ্ধদেব গুহ বলেন, ‘তৃণমূলের কাছ থেকে নবাগত বুদ্ধিজীবীদের কেউ কেউ ৬০ হাজার টাকা করে মাসোহারা পান।’ বুদ্ধদেব গুহ অবশ্য আক্ষেপের সুরে বলেন, মানুষের মনুষ্যত্বই নষ্ট হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোকে আর দোষ দিয়ে কী হবে।উল্লেখ্য, শিল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে গুলিবর্ষণে ১৪ জনের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সুশীল সমাজ ও মানবাধিকারকর্মীরা বামদের বিরুদ্ধে অবস্থান নেন। সেটাই একটা টার্নিং পয়েন্ট। শীর্ষেন্দু মুখোপাধ্যায় সরাসরি ‘সহজ মৃগয়া’ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। গতকাল তিনি যোধপুর পার্ক বয়স্কুলে ভোট দেন। প্রথম আলোকে বলেন, ‘আমি অরাজনৈতিক। অ্যাক্টিভিস্ট নই। তবে এটুকু বলব, তৃণমূলেও ব্যক্তিবাদ আছে। মাও সে তুং, স্তালিন, হো চি মিনরাও একচ্ছত্র ক্ষমতার অনুশীলন করেছেন। মমতা না থাকলে দল ভেঙে যাবে, অতটা শঙ্কা করি না।’ তাঁর চোখে, মমতা নিতান্তই ছাপোষা ঘরের গ্ল্যামারহীন, স্বনির্ভরতায় উঠে আসা। ডাকাবুকো মমতাকে ব্যঙ্গবিদ্রূপে যতই হেনস্তা করা হয়েছে, ততই তাঁর শক্তি বৃদ্ধি ঘটেছে।কবি শঙ্খ ঘোষ গতকাল মানিকতলায় ভোট দেন। প্রথম আলোকে বলেন, এবার সত্যি সত্যিই ৩৪ বছর পর বামফ্রন্ট অনেকটা নড়বড়ে হয়ে গেছে। ভোটের আগে বামেরা এতকাল যে ধরনের নিশ্চয়তা বোধ করতেন, সেটা এবারে নেই। তৃণমূলের হাওয়া জোরে বইছে। সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের অনুকূলে একটা আবেগ তৈরি হয়েছে।সমরেশ মজুমদার উভয় শিবিরের সমালোচনা করেন। বামদের সম্পর্কে তাঁর মন্তব্য, ৩৪ বছর ধরে একটা মানুষ যদি শুয়ে থাকে, তাহলে তার মেদবৃদ্ধি ঘটে। বাতের ব্যথা হয়। বামফ্রন্টকে সেই বাতের ব্যামোতে ধরেছে। তার আচরণ উদ্ধত। তারা ঔদ্ধত্যের শেষ সীমায় পৌঁছেছে।তৃণমূলের জনপ্রিয়তা সম্পর্কে সমরেশ মজুমদার বলেন, তারা হঠাৎ জনসমর্থন পেল। সিঙ্গুর ও নন্দীগ্রাম বিরাট প্রভাব ফেলেছে। তৃণমূল তখন মহাসড়ক অবরোধ করেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ তারা মানেনি। তিনি মনে করেন, মমতা একনায়ক। তাঁর দলের পাঁচ কেন্দ্রীয় মন্ত্রীকে তিনি দিল্লিতে বসতেই দেন না। মমতাই বটগাছ। অন্যরা যেন পরগাছা হয়ে রস শুষছে। মমতা অসুস্থ হলে ওই দল চলবে না। সমরেশ বলেন, ‘সৌজন্য শালিনতার এতটা ক্ষয় আগে কখনো দেখিনি। মমতাকে সোনাগাছির মেয়ের সঙ্গে তুলনা করার পর অনিল বসুকে বহিষ্কার করেনি দল।’ আবার অনিলের ওই মন্তব্যের পর মমতা বললেন, ‘গুন্ডামি করবেন না। আমি গুন্ডা ভেতরে ঢুকিয়ে দেব।’ দুটোই অগ্রহণযোগ্য।বাণী বসু কালই ঢাকা থেকে ফেরেন। তিনি বলেন, ‘সুশীল সমাজ এর আগে এতটা সক্রিয় হয়নি। আমরা পরিবর্তন চাই। দিনের পর দিন একটা সরকার থাকায় গণতন্ত্র অচল হচ্ছে। আইন করে এমন বিধান করা উচিত, যাতে একাধিক্রমে দুবারের বেশি একই দল সরকারে না আসতে পারে।’অধ্যাপক হোসেনুর রহমান ডনবসকো বুথে ভোট দেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘সুশীল সমাজের এতটা সক্রিয়তা আগে দেখিনি। তৃণমূলের দিকে একটা প্রবল হাওয়ার টান আছে। আমি চাই কি চাই না, সেটা বড় কথা নয়। তৃণমূল জিতবে, সেটা আমি বিশ্বাস করি না। তবে এর বিপরীত কিছুও আমি ভাবতে পারি না।’কলকাতার চতুরঙ্গ পত্রিকার সম্পাদক আবদুর রউফের কথায়, ‘পরিবর্তন যাঁরাই চান, তাঁরাই কিন্তু তৃণমূল বা মমতার সমর্থক হিসেবে চাইছেন না। আমরা যারা গণতন্ত্র চাই, তারা তাই পরিবর্তন চাই। বামেরা প্রায় একটি একদলীয় শাসনের মেশিন প্রতিষ্ঠা করে ফেলেছে।’ রউফ বলেন, তৃণমূলের বহু ত্রুটি। তারা লুম্পেন বাহিনী। তাদের দখলে থাকা পঞ্চায়েতগুলোর তৎপরতা উদ্বেগজনক। পরিবর্তনের পক্ষে শঙ্খ ঘোষের অবস্থানকে তিনি নিরপেক্ষ মনে করেন।