সুশীল সমাজের প্রতিনিধির সমন্বয়ে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি আলোচিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। বাপ্পী ও আরিফ নামের দুজনের হত্যাকাণ্ড ঘটনার একটি গত বছরের অক্টোবরের, অপরটি গত জানুয়ারির। অভিযোগ রয়েছে, র‌্যাবের ‘ক্রসফায়ারে’ কায়সার মাহমুদ বাপ্পী ও র‌্যাবের নির্যাতনে মহিউদ্দিন আরিফ নিহত হন।জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, এ দুটি হত্যাকাণ্ডের তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই কমিটিতে প্রথমবারের মতো ভুক্তভোগীদের পছন্দ অনুযায়ী সুশীল সমাজের সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। জাতীয় মানবাধিকার কমিশন ওই দুটি ঘটনায় ভুক্তভোগী পরিবারকে চিঠি দিয়ে তাদের পছন্দ অনুযায়ী সুশীল সমাজের প্রতিনিধির নাম দিতে অনুরোধ করেছে।তবে এখনো কমিটি কাজ শুরু করেনি। তার পরও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী এমন তদন্ত কমিটি গঠন করায় সন্তোষ প্রকাশ করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, তাঁদের কাছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যেসব অভিযোগ এসেছিল, তার প্রতিটি এভাবে বিশেষ কমিটি করে তদন্তের জন্য তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন। এবার প্রথমবারের মতো তাঁদের অনুরোধ অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।কারা আছেন কমিটিতে: স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (রাজনৈতিক অধিশাখা) স্মৃতি রাণী ঘরামীকে প্রধান করে গঠিত এই কমিটিতে পুলিশের উপকমিশনার (রমনা থানার ডিসি) পর্যায়ের একজন কর্মকর্তা ও ভুক্তভোগীদের পছন্দমতো নাগরিক সমাজের একজন প্রতিনিধি থাকবেন।তদন্ত কমিটির কাজ সম্পর্কে জানতে চাইলে কমিটির প্রধান স্মৃতি রাণী বলেন, যেহেতু দুটিই চাঞ্চল্যকর মামলা, তাই প্রথম কাজ হচ্ছে দায়ের করা অভিযোগ খতিয়ে দেখা। তিনি বলেন, মূলত একটি তদন্ত কমিটির কথা বলা হলেও যেহেতু দুটি হত্যাকাণ্ড দুই রকমের, তাই দুটি কমিটি করেই কাজ করতে হবে। তিনি বলেন, ‘আমরা এখনো ভুক্তভোগীদের পছন্দমতো নাগরিক সমাজের কোনো প্রতিনিধির নাম পাইনি। নাম পেলেই তদন্ত কমিটি পুরোদমে কাজ শুরু করবে।’ জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তদন্ত কমিটিকে জুলাই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।কমিশনের নথিপত্রে দেখা যায়, বাপ্পীর মৃত্যুর ঘটনা তদন্ত করতে কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রসচিবকে চার দফা চিঠি দেয়। আর মহিউদ্দিন আরিফের মৃত্যুর ঘটনা তদন্তে কমিশন স্বরাষ্ট্রসচিবকে পৃথক একটি চিঠি দেয়।গত ১৪ এপ্রিল জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়া চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই দুজনের মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা জানায়। এই চিঠি পেয়ে কমিশন বাপ্পী ও আরিফের পরিবারকে তাদের পছন্দমতো নাগরিক সমাজের একজন প্রতিনিধির নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর তদন্ত কমিটির সভাপতির কাছে পাঠানোর জন্য অনুরোধ করেছে।জানতে চাইলে কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী প্রথম আলোকে বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে কোনো মৃত্যুর ঘটনা ঘটলে নির্বাহী তদন্ত করা হয়। কিন্তু এই তদন্তের প্রতি কমিশনের কোনো আস্থা নেই। এসব তদন্তের প্রতিবেদন মূলত আগে থেকেই লেখা থাকে, শুধু নাম বদলে দেওয়া হয়। এ কারণে সব প্রতিবেদনের একই রকম ভাষা হয়। তাই তাঁরা উচ্চপর্যায়ের এই তদন্ত কমিটি গঠনের সুপারিশ করেছিলেন।বাপ্পীর মৃত্যু: বিভিন্ন সংবাদপত্রে গত বছরের ২১ অক্টোবর ‘নিরপরাধ বাপ্পীকে গুলি করে হত্যা’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এতে বলা হয়, র‌্যাব কামরুল ইসলাম বাপ্পীকে ধরতে গিয়ে কায়সার মাহমুদ বাপ্পীকে ধরে নিয়ে যায়। পরে ‘ক্রসফায়ারে’ বাপ্পীর মৃত্যু হয়। এ বিষয়ে পরস্পরবিরোধী ভাষ্য দেখে জাতীয় মানবাধিকার কমিশন ওই দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়। ওই চিঠিতে একজন উপসচিব, পুলিশ বিভাগের একজন উপকমিশনার মর্যাদার কর্মকর্তা ও নাগরিক সমাজের একজন প্রতিনিধিকে এ ঘটনার তদন্ত করে ২২ নভেম্বরের মধ্যে কমিশনে প্রতিবেদন দেওয়ার সুপারিশ করা হয়।কিন্তু নির্ধারিত সময়ে মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবেদন কমিশনকে দেওয়া হয়নি। পরে কমিশন আরেকটি চিঠিতে গত ২৭ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেওয়ার অনুরোধ করে। সেই সময়সীমা পেরিয়ে গেলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কমিশনকে কিছু জানানো হয়নি। পরে গত ৯ ফেব্রুয়ারি কমিশন স্বরাষ্ট্রসচিবের নামে একটি চিঠি পাঠায়। এই চিঠিতে গত ৭ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে অনুরোধ করে কমিশন।কিন্তু ওই সময়ের মধ্যেও প্রতিবেদন না পেয়ে কমিশন গত ১০ মার্চ স্বরাষ্ট্রসচিবের বরাবর আরেকটি চিঠি পাঠায়। এই চিঠিতে কমিশনের অনুরোধ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রতিবেদন না দেওয়ার বিষয়টিকে উদ্বেগজনক আখ্যা দেওয়া হয়। চিঠিতে ১৫ এপ্রিলের মধ্যে কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্রসচিবকে অনুরোধ করা হয়।এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৯ এপ্রিল মানবাধিকার কমিশনকে একটি চিঠি দিয়ে কমিশনের নির্দেশনা অনুযায়ী ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা জানায়।আরিফের মৃত্যু: এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) ও কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ করে যে র‌্যাবের কয়েকজন সাদা পোশাকধারী কর্মকর্তা গত ২৪ জানুয়ারি মহিউদ্দিন আরিফকে ধরে নিয়ে যান। পরদিন র‌্যাবের পক্ষ থেকে আরিফের পরিবারকে তাঁর অবস্থানের কথা জানানো হয়। অভিযোগে বলা হয়, আরিফের বুকের ওপর দাঁড়িয়ে পায়ে আঘাত করে পা ভেঙে দেওয়া হয়েছে এবং তাঁর চোখে আঘাত করা হয়েছে। অবস্থার অবনতি ঘটলে গত ৪ ফেব্রুয়ারি আরিফ মারা যান।