সুশীলসমাজ যা ভাবছেন
পাংশার মুক্তিযোদ্ধা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আবদুল হাই বলেন, ‘সরকার চাইলেই রেলওয়ের জায়গা দখলমুক্ত করা সম্ভব। এটি কোনো জটিল কাজ নয়। রেল চালু হলেই হবে না, এ ব্যাপারে নজরদারি বেশি করতে হবে। গোয়ালন্দ-খুলনা রেলপথের পাঁচটি রেলস্টেশন বন্ধ হয়ে আছে। ভাটিয়াপাড়া বা টুঙ্গিপাড়া পর্যন্ত রেলপথ হলে সমস্যার সমাধান হবে না; মংলা পর্যন্ত টেনে নিয়ে গেলেই এ পথটি জনপ্রিয় ও অধিক কার্যকর করা সম্ভব। রেলওয়ের অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা রেলওয়ের বড় শত্রু।’পাংশার ব্যবসায়ী সৈয়দ নূর ই আলম ইমরোজ বলেন, ‘রেলওয়ের সব জমি অবৈধ দখলদারদের দখলে চলে গেছে। গাছ কেটে নেওয়া হয়েছে, টেলিফোনের পিলার উপড়ে ফেলা হয়েছে। রেল আবার চালু হচ্ছে—এটা আমাদের জন্য একটা খুশির খবর। দখলমুক্ত করতে আমরা সরকারকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।’ পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আসকার ডানিয়েল সীপার বলেন, ‘রেলওয়ের জায়গা টাউট-বাটপার আর ভূমিদস্যুরা দখল করে রেখেছে। এ জমি দখলমুক্ত করতে যা সাহায্য প্রয়োজন, আমরা করব। রেলের একটি ওয়াগনে ১০ ট্রাক মাল নেওয়া সম্ভব। একটি ইঞ্জিন ৩০টি বগি টানতে পারে। অথচ ১০টি ট্রাকে যে তেল লাগে, তা দিয়ে একটি রেলের ইঞ্জিন চালানো যায়। সে অর্থে ৩০০ ট্রাকের মাল একটি ট্রেনে বহন করা সম্ভব।’বালিয়াকান্দি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল হান্নান বলেন, ‘আমরা দখলদারদের উচ্ছেদের জন্য সুধী-সমাবেশ ডেকে জনমত গঠন করতে ভূমিকা রাখতে পারি।’ মধুখালী উপজেলা মহিলা পরিষদের সভাপতি সুরাইয়া সালাম বলেন, ‘সাধারণ মানুষের উপকারের জন্য অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যাপারে কোনো সাহায্য লাগলে আমি এগিয়ে আসব।’মধুখালী উপজেলা সিপিবি সভাপতি মালেক সিকদার বলেন, ‘অবৈধ দখলদারদের উচ্ছেদ করা উচিত। তবে রেলওয়ের যে জায়গা কাজে লাগবে না, সে জায়গা বাণিজ্যিক ভিত্তিতে লিজ দেওয়া যেতে পারে।’