সুশৃঙ্খল প্রতিবাদই বড় শক্তি: ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আন্দোলনটি তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগোচ্ছে। এটা যেভাবে এত দিন চলেছে, কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির রায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা মাঠ ছাড়ছি না।’আন্দোলনের অন্যতম সংগঠক, ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার প্রথম আলোকে এ কথা বলেন। আপনাদের মিত্রশক্তি কারা, জানতে চাইলে তিনি বলেন, একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়া দেশের সব স্তরের ও মতের মানুষ এর সঙ্গে একমত। তারা অংশগ্রহণও করছে। যেকোনো আন্দোলন জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই এগিয়ে যায়। তবে এখন পর্যন্ত অংশগ্রহণকারীরা সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। এটাই আমাদের আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। আন্দোলনকে কীভাবে এগিয়ে নিচ্ছেন, আগামী দিনের পরিকল্পনা কী, জানতে চাইলে ইমরান বলেন, ‘প্রায় ১০০ ব্লগার ও অনলাইট অ্যাকটিভিস্ট প্রতিদিন স্বেচ্ছাসেবক হিসেবে আন্দোলনটিকে সুশৃঙ্খলভাবে চালাতে কাজ করছে। অনেক প্রগতিশীল ছাত্রসংগঠন কাজ করছে। এর বাইরেও হাজার হাজার মানুষ স্বেচ্ছাপ্রণোদিতভাবে আন্দোলনে সহায়তা করছে। আন্দোলনের এই ধরনটিকে আমরা ধরে রাখতে চাই।’কিন্তু যেকোনো আন্দোলনে একই মত ও পথের নানা ধারা থাকে। তাদের মধ্যে মতবিরোধ হয়। সেগুলো কীভাবে মোকাবিলা করবেন? ইমরান বলেন, ‘প্রগতিশীল শক্তির মধ্যে বিভাজনের কারণে যেকোনো আন্দোলন দুর্বল হয়ে যায়। তাই সে ধরনের কোনো বিভাজন যাতে না হয়, সে জন্য আমরা এখন পর্যন্ত কোনো সাংগঠনিক কাঠামোর কথা ভাবছি না। এতে আন্দোলনে সব ধরনের মানুষের অংশগ্রহণের দ্বার উন্মুক্ত থাকে।’ বিচার তো বিশেষ ট্রাইব্যুনালে হচ্ছে। সেখানে যুক্তিতর্ক আর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারক রায় দেবেন। আন্দোলনকারীদের এ বিষয়ে কী করার আছে, জানতে চাইলে ইমরান বলেন, ‘এখন জাতীয় সংসদ চলছে। সরকার চাইলে সংসদে আইন করে যুদ্ধাপরাধীদের বিচারে ফাঁসির বিষয়টিকে নিশ্চিত করতে পারবে। একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করেছে, লাখো মানুষকে হত্যা করেছে, তাদের ফাঁসির রায় হবে, এটাই স্বাভাবিক। আমরা সেই দাবিটিই করছি। কীভাবে সেটা বাস্তবায়িত হবে, সেটা দেখার দায়িত্ব সরকার ও ট্রাইব্যুনালের।’