সুষ্ঠু তদন্তে সহযোগিতা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত যাতে সুষ্ঠু হয়, সেদিকে আমরা মনোযোগ দিচ্ছি। এ জন্য আমরা সবার সহযোগিতা চাই।’ আজ মঙ্গলবার রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজে পাঠ্যপুস্তক বিতরণ উত্সবের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকেরা সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে যাচ্ছেন। আমরা তাঁদের এ দাবিকে স্বাগত জানাই। তবে দাবির মোড়কে এমন কিছু করবেন না, যাতে তদন্ত বাধাগ্রস্ত হয়।’ গতকাল সোমবার প্রকাশিত গত বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পর্যালোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘স্বৈরশাসক যখন ছিল, তখন মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনো প্রতিবেদন আসেনি। এখন আসছে। আমরা এ প্রতিবেদনকে স্বাগত জানাই।’ তবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাতে না ঘটে, সেদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ১৯৭২ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি; আর এখন ১৬ কোটি। তাই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কেবল সংখ্যার নিরিখে বিচার করলে হবে না।আসকের পর্যালোচনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘নৈরাশ্যজনক’ এবং মানবাধিকার পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করা হয়। সংস্থাটি জানায়, ২০১২ সালে দেশে ৫৯৫টি রাজনৈতিক সংঘাত হয়েছে। এতে ৮৪ জন নিহত ও ১০ হাজার ৫২৫ জন আহত হয়েছে।গত বছর দেশে এক হাজার ১৪৯ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ৭৯ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। ১৪ জন পরে আত্মহত্যা করে। ৬৮ জন নারী অ্যাসিড-সন্ত্রাসের শিকার এবং অন্তত ২৫০ জন নারী বখাটেদের দ্বারা লাঞ্ছিত হয়। যৌন হয়রানির প্রতিবাদ করায় হামলার শিকার হয় ২১৫ জন। এতে ১৫ জন নিহত হয়। ফতোয়ার মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছেন ৪৮ জন। যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ৫৩৮ জন। আসকের পর্যালোচনায় বলা হয়, এসব বন্ধ করতে সরকারের পক্ষ থেকে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি।২০১২ সালে ৯১ জন বিচারবহির্ভূত হত্যা এবং ৫৬ জন গুম ও গুপ্ত হত্যার শিকার হয়েছেন। গত ২৪ নভেম্বর আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে শতাধিক শ্রমিকের প্রাণ গেলেও এর মালিকসহ দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হয়নি। অন্যদিকে, রাজনৈতিক প্রভাবে বিকাশের মতো দুর্ধর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে।