স্থানীয় নির্বাচনের মতো সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চাওয়া হয়েছে। এ ছাড়া ধর্মের অপব্যাখ্যা সম্পর্কে সজাগ থাকাসহ বিভিন্ন বিষয়ে ডিসিদের পরামর্শ দেওয়া হয়েছে।একই সঙ্গে যোগাযোগব্যবস্থায় তিন চ্যালেঞ্জ উল্লেখ করে ঈদের সময় চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করে যাত্রীভোগান্তি সহনীয় রাখার জন্যও ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে।তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল বুধবার স্থানীয় সরকার, যোগাযোগ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ভিত্তিক কার্য অধিবেশনে এসব বিষয় উঠে আসে এবং মন্ত্রীরা ডিসিদের দিকনির্দেশনা দেন।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত কার্য অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিগত স্থানীয় সরকারগুলোর নির্বাচন সুষ্ঠু হওয়ায় ডিসিদের ধন্যবাদ জানান। একই সঙ্গে আগামী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে হয়, সে জন্য ডিসিদের ওপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালনের পরামর্শ দেন। বৈঠকে উপস্থিত দায়িত্বশীল সূত্র এসব তথ্য জানায়।ওই সূত্র জানায়, বৈঠকে ডিসিদের পক্ষ থেকে বলা হয়, অনেক বড় ঘটনায় জনপ্রতিনিধিদের কাছে পাওয়া যায় না। তাঁদের অনেকেই ঢাকায় থাকেন। বর্তমান সরকারের মেয়াদের শেষ পর্যায়ে মাঠ প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এ আহ্বান জানানো হলো। বর্তমান সরকারের আমলে এটাই শেষ ডিসি সম্মেলন।অধিবেশন শেষে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে প্রশাসন প্রমাণ করেছে, বাংলাদেশে সেনাবাহিনী ছাড়াও অবাধ নির্বাচন সম্ভব। এ পর্যন্ত অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন হয়েছে সেনাবাহিনী ছাড়াই।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে যেমন নির্বাচন হয়, বাংলাদেশেও তেমনিভাবে নির্বাচন হবে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল আসবে এবং ফলাফল জাতির কাছে গ্রহণযোগ্য হবে।’ এ সময় সাংবাদিকেরা জানতে চান, কীভাবে নিশ্চিত হলেন সব দল নির্বাচনে আসবে? জবাবে আশরাফুল ইসলাম বলেন, ‘অভিজ্ঞতা থেকে বলছি।’ যোগাযোগ মন্ত্রণালয়ের বড় তিন চ্যালেঞ্জ: যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত কার্য অধিবেশনে রমজান ও ঈদের সময় যানবাহনের অতিরিক্ত চাপের মুখেও যাতে মানুষের ভোগান্তি সহনীয় থাকে, এ জন্য জেলা প্রশাসকদের সহায়তা চেয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। ডিসিরাও সহায়তার আশ্বাস দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রমতে, সকালের অধিবেশনে ডিসিরা এলাকাভিত্তিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। লিখিত প্রস্তাবে ভারতের সঙ্গে বাণিজ্যসুবিধা বৃদ্ধি ও সহজে মালামাল পরিবহনের স্বার্থে ময়মনসিংহ-হালুয়াঘাট রাস্তার সম্প্রসারণ, শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণ, হিলি স্থলবন্দরের সঙ্গে জাতীয় মহাসড়কের সংযোগ সড়কটি প্রশস্ত করাসহ কিছু প্রস্তাব করা হয়।অধিবেশন শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বর্ষা মোকাবিলা করা, রোজার মাস অতিক্রম করা ও ঈদের সময় অতিরিক্ত চাপ মোকাবিলা করা। মূলত এসব বিষয়ে ডিসিদের সহায়তা চাওয়া হয়েছে। আমার সবচেয়ে দুর্ভাবনা হলো যানজট। আমি যখন রাস্তা দিয়ে যাই, তখন বিধ্বস্ত-বিষণ্ন চেহারাগুলো গাড়ির জানালা দিয়ে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি যখন দেখি রাস্তায় চাতক অপেক্ষা, গাড়ির জন্য অপেক্ষা করছে—এই দৃশ্যপট আমাকে লজ্জা দেয়। তবে যানজট নিরসনে আমরা চেষ্টা করছি।’ ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত বিষয়ে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে বাজার ফান্ড প্রশাসন বিলুপ্ত করে ভূমির মালিকানা-সংক্রান্ত কার্যাবলি জেলা প্রশাসকের কাছে এবং ব্যবস্থাপনাসংক্রান্ত কার্যাবলি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর, পৌর এলাকা, জেলা ও উপজেলা শহরে ব্যবহারের প্রকৃতি অনুযায়ী অকৃষি জমি ও অন্যান্য স্থানে কৃষিজমি অর্জনের স্তরভিত্তিক সিলিং নির্ধারণ করার প্রস্তাব করা হয়।ভূমি সংস্কার অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী, পরিবারপ্রতি সর্বোচ্চ ৬০ বিঘা পর্যন্ত কৃষিজমি অর্জনের বিধান রাখা হয়েছে। তবে অকৃষিজমি অর্জনের বিষয়ে কোনো সিলিং রাখা হয়নি। শিশুশ্রম বন্ধে ভ্রাম্যমাণ আদালত: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত বিষয়ে লিখিত প্রস্তাবে বলা হয়, শিশুশ্রম নিরোধ-সংক্রান্ত প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে বিভিন্ন কল-কারখানায় শিশুশ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। তাই এ আইনটি ভ্রাম্যমাণ আদালত আইনের তফসিলভুক্ত করে আদালত পরিচালনার সুযোগ সৃষ্টি করা হলে শিশুশ্রম হ্রাস পাবে।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত বিষয়ে জনশক্তি রপ্তানির কার্যক্রমে ডিসিদের আরও প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করার প্রস্তাব উঠে আসে। পররাষ্ট্র মন্ত্রণালয়-সস্পর্কিত আলোচনায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশ দূতাবাসে কর্মকর্তাদের পদায়নের আগে তাঁদের জন্য আরবি ভাষার ওপর সংক্ষিপ্ত প্রশিক্ষণ কোর্স আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।যোগদানের দুই বছরের আগে চিকিৎসকদের বদলি নয়: স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় সরকারি হাসপাতালে চিকিৎসক ও সেবিকাস্বল্পতায় নানা সমস্যার কথা তুলে ধরেন ডিসিরা।পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, এ সমস্যা সমাধানে বদলি মন্ত্রণালয় থেকে না করে বিভাগীয় অফিসকে দায়িত্ব দেওয়া হবে। যোগদানের দুই বছরের মধ্যে চিকিৎসকদের বদলি করা হবে না। এ ছাড়া আরও চিকিৎসক ও সেবিকা নিয়োগ করা হবে।ধর্মের অপব্যাখ্যা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় প্রতিমন্ত্রী মেহের আফরোজ নারীর ক্ষমতায়ন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য ডিসিদের সজাগ থাকার পরামর্শ দিয়েছেন।গতকাল পরিবেশ ও বন, শিল্প, বাণিজ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় নিয়েও আলোচনা হয়। সম্মেলনের আজ শেষ দিন।