আলোচনার মাধ্যমে বড় দুই রাজনৈতিক দলকেই সুষ্ঠু নির্বাচনের পথ বের করার আহ্বান জানিয়েছেন প্রবীণ আইনজীবী, সাংবাদিকসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘নাগরিক ঐক্য’ আয়োজিত ইফতারপূর্ব আলোচনায় এই আহ্বান জানানো হয়। এতে প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, আগামী নির্বাচন আদৌ হবে কি না, এ সংশয় আওয়ামী লীগকেই দূর করতে হবে। সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সংসদ বহাল রেখে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বেশ কয়েকটি নির্বাচন সম্পন্ন করে আমাদের এমন অভিজ্ঞতা হয়েছে। নির্বাচনে সাংসদ কিংবা তাঁর লোকজনের প্রভাব থাকবেই।’ তিনি বলেন, নির্দলীয় নির্বাচন হবে কি না, সেটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে বড় দুই দলকেই আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথ বের করতে হবে। প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেন, নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দিয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে, এ সরকারের প্রধান কে হবেন? শুধু তর্কবিতর্ক আর টেলিভিশনে টক শো করলে সমস্যার সমাধান হবে না। বড় দুই দলকে আলোচনার মধ্য দিয়ে এর সমাধান করতে হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাইলে সমাধান কোনো কঠিন কাজ নয়। তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী একটা পন্থার কথা বলেছেন। বিএনপিও একটা পন্থা দিতে পারে। সাংবাদিক এবিএম মূসা বলেন, ‘অবস্থা দেখে মনে হয়, আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায়। সংবিধান তো তারা সংশোধন করেছেই—আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকার কথাটা উল্লেখ করে এই সংশোধনটা করতে পারত। তাহলে সমস্যা থাকত না।’ তিনি বলেন, ‘কলাগাছকে নয়, ভোটাররা প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। সে আওয়ামী লীগ, বিএনপি, গণফোরাম কিংবা যেকোনো দলেরই প্রার্থী হোক না কেন। তবে জামায়াতের প্রার্থীকে নয়। কারণ, যারা দেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের ভোট দেওয়া যায় না।’ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকারের বিভিন্ন ব্যর্থতা মানুষের কাছে প্রকাশ পেয়েছে। ঈদের পর দুই দলের মধ্যে কী অবস্থা হবে জানি না। আমরা কোনো সংঘাত চাই না। ঈদের পর নাগরিক ঐক্য নাগরিকদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করবে।’ তিনি বলেন, নাগরিক ঐক্য কোনো রাজনৈতিক দল নয়। এ মঞ্চ থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি সঠিক নয়। তবে এর সমর্থকেরা নাগরিক হিসেবে নির্বাচনে অবশ্যই প্রার্থী হতে পারে। আরও বক্তব্য দেন ভাষাসৈনিক আহমদ রফিক, সাবেক তথ্যমন্ত্রী আবু সাইয়িদ, এস এম আকরম হোসেন, স্থপতি মোবাশ্বের হোসেন প্রমুখ।আলোচনার শুরুতে বিতরণকৃত নাগরিক ঐক্যের খসড়া ঘোষণায় বলা হয়, নাগরিক ঐক্য ইস্যুভিত্তিক আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকবে। বড় দুই দলের ক্ষমতার লড়াইয়ে সৃষ্ট রাজনৈতিক সংকটে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড হুমকির মুখে পড়েছে। এসবের বিরুদ্ধে কাজ করবে নাগরিক ঐক্য। প্রায় দুই মাস আগে নাগরিক ঐক্য আত্মপ্রকাশ করে।