সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ১৪৪ ধারা জারি করতে হবে: নির্বাচন কমিশনার
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ১৪৪ ধারা জারি করতে হবে। কাউকে জয়ী বা পরাজিত করা নির্বাচন কমিশনের কাজ নয়।আজ শনিবার সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সাভার পৌর নির্বাচনের প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচনে পরাজিত হলেই কমিশনকে দোষারোপ করা হয়, এটা ঠিক নয়। এলাকার লোকজনই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমাদের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা। আমরা চার বছর অতিক্রম করেছি। আশা করি, পাঁচ বছরও অতিক্রম করব। এর পর নতুন কেউ এলে আমাদের চেয়ে ভালো করলে তা আরও ভালো হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাব্বি মিয়ার সভাপতিত্বে এই মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা মো. সাজাহান খান, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ১৭ জানুয়ারি সাভার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।