সুসময়ের সঙ্গে বন্ধুকেও পেলেন লিন্ডসে!
অনেক চড়াই-উতরাই পেরিয়ে সবে আলোর মুখ দেখতে শুরু করেছেন হলিউডের ‘প্রবলেম সেলিব্রেটি’খ্যাত লিন্ডসে লোহান। একটা সময় খুবই ভালো বন্ধু ছিলেন লিন্ডসে ও প্যারিস। দুঃসময়ে পাশে না থাকলেও লিন্ডসের সুসময়ে আবারও তাঁকে কাছে টেনে নিয়েছেন প্যারিস হিলটন। সম্প্রতি তাঁরা একসঙ্গে পার্টিও করেছেন। বিষয়টি দেখে অনেকেরই ধারণা, সুসময়ের পাশাপাশি হারিয়ে যাওয়া বন্ধুও ফিরে পেয়েছেন লিন্ডসে।দিন কয়েক আগে লিজ টেইলর চরিত্রে লিন্ডসের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। সম্প্রতি শেষ করেছেন জনপ্রিয় মিউজিক্যাল টিভি শো ‘গ্লি’র শুটিং। এতে ছোট একটি চরিত্রে অভিনয় করেছেন লিন্ডসে। শুটিং শেষ করেই তিনি মারমন্ট বারে চলে যান। সেখানে তিনি ছিলেন রাত দেড়টা পর্যন্ত। এক খবরে স্কাই নিউজ জানিয়েছে, মারমন্ট বার থেকে এরপর একটি বাড়িতে আয়োজিত ঘরোয়া পার্টিতে যান লিন্ডসে। আর সেখানে ভোর ছয়টা পর্যন্ত মেতে থাকেন। সে পার্টিতেই লিন্ডসের সঙ্গে দেখা গেছে, তাঁর পুরোনো বন্ধু প্যারিস হিলটনকে। আগের রাতেও একসঙ্গে পার্টি করেছেন তাঁরা। এরই পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করছেন, সম্ভবত পুরোনো সব দ্বন্দ্ব ভুলে আবারও বন্ধু বনে গেছেন এই দুই তারকা।সত্যিই একটা সময় খুবই ভালো বন্ধু ছিলেন লিন্ডসে এবং প্যারিস। কিন্তু বছর কয়েক আগে তাঁদের সম্পর্কে ফাটল ধরে। একসময় প্যারিসের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগও তুলেছিলেন লিন্ডসে। পরবর্তী সময়ে মাদকাসক্তি, মামলা, সাজা নিয়ে বিষিয়ে ওঠে লিন্ডসের জীবন। জীবনের ঝঞ্ঝা-বিক্ষুব্ধ অধ্যায়ে প্রায় বন্ধুহীন হয়ে পড়েছিলেন ২৫ বছর বয়সী এই ‘মিন গার্লস’ তারকা। তবে এবার সম্ভবত ক্যারিয়ারের সঙ্গে সঙ্গে বন্ধু ফিরে পেতেও শুরু করেছেন লিন্ডসে।