সুসাংবাদিকতা, বস্তুনিষ্ঠতা, সৃজনশীলতা, জনমুখিতা ও বদলের সহযোগী—এই পাঁচটিকে মূলমন্ত্র ধরে এগিয়ে যেতে চায় প্রথম আলো। গড়ে তুলতে চায় একটি সুন্দর বাংলাদেশ।এক যুগ পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রথম আলো এমন বার্তাই পৌঁছে দিল তার সংবাদকর্মীদের কাছে। একান্তই প্রথম আলোর কর্মীদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে একই সঙ্গে সবার প্রতি দেশকে মায়ের মতো ভালোবাসার আহ্বান জানানো হয়। ১২ বছর পূর্তি উপলক্ষে গতকাল সারা দেশ থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জমায়েত হয়েছিলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সঙ্গে ছিলেন ঢাকা কার্যালয়ের সব বিভাগের কর্মীরা। সবার পরনে ছিল সাদা-লাল টি-শার্ট। বেলা ১১টায় শুরু হওয়া আলোচনা অনুষ্ঠানে সূচনা বক্তব্যে পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, প্রত্যেক কর্মীর সহযোগিতায় প্রথম আলো আজকের অবস্থানে এসে পৌঁছেছে। প্রকাশের চার বছরের মধ্যে প্রথম আলো প্রচারসংখ্যায় শীর্ষে পৌঁছায়। এরপর দুই লাখ, তিন লাখ হয়ে এখন চার লাখ পেরিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ছাপা হয়েছে চার লাখ ৮৭ হাজার কপি। অনলাইন, ই-পেপার মিলিয়ে এখন প্রতিদিন ৫২ লাখ মানুষ পত্রিকাটি পড়ে। এই পাঠকেরাই প্রথম আলোর শক্তি। বাংলাদেশের সম্ভাবনা প্রসঙ্গে মতিউর রহমান বলেন, ‘কথায় কথায় অনেকেই দেশ নিয়ে হতাশার কথা বলেন। কেউ কেউ বলেন বাংলাদেশের কিছু হবে না। কিন্তু দেশের জায়গায় একবার মাকে ভাবুন। এই মাকে দিয়ে কিছু হবে না—এমনটি কি কেউ বলতে পারবে? তাই মাকে যেভাবে ভালোবাসুন নিজের দেশকেও সেভাবে ভালোবাসুন। তাহলেই আলোকিত একটি বাংলাদেশ গড়া সম্ভব।’অনুষ্ঠানে মিডিয়া স্টার লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লতিফুর রহমান এবং সদস্য সাইফুর রহমান, ওবায়দুর রহমান ও আতিক রহমান উপস্থিত ছিলেন।লতিফুর রহমান বলেন, প্রথম আলোর সবচেয়ে বড় শক্তি এর পাঠক। প্রতিদিন সকালে পাঠক টাকা দিয়ে পত্রিকাটি কেনে এবং পড়ে তাঁর সমর্থন জানান। পাঠকের কাছেই তাই দায়বদ্ধ থাকতে হবে। একটি বিষয় মনে রাখতে হবে, প্রথম আলোর আগেও বাংলাদেশের অনেক পত্রিকা শীর্ষে ছিল, কিন্তু আজ নেই। শীর্ষস্থান ধরে রাখা অনেক কঠিন। কাজেই অহংকারী হওয়া চলবে না।যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পী মাহমুদুজ্জামান বাবু জোয়ান বায়েজের বিখ্যাত ‘বাংলাদেশ বাংলাদেশ, অস্তাচলে যেখানে দিন শেষ’ ও তাঁর নিজের গান ‘ভোর হয়নি, আজ ভোর হলো না...’ গেয়ে শোনান। অনুষ্ঠানে প্রথম আলোর চট্টগ্রামের আবাসিক সম্পাদক আবুল মোমেন, উপসম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক সোহরাব হাসান, বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি, ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, ফিচার সম্পাদক সুমনা শারমীন, মহাব্যবস্থাপক (সার্কুলেশন) এ বি এম জাকারিয়া, মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) রশিদুজ্জামান, প্রথমা প্রকাশনের প্রধান ও সহকারী সম্পাদক অরুণ বসু, প্রথম আলো জবসের প্রধান শৈবাল কানুনগো, যুগ্ম বার্তা সম্পাদক (অনলাইন) সেলিম খান, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক আজিজা আহমেদ, চট্টগ্রামে দায়িত্বরত সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম, নিজস্ব প্রতিবেদক (কক্সবাজার) আবদুল কুদ্দুস, সুমন মোল্লা (ভৈরব), শাহ আলম (চুয়াডাঙ্গা) ও আনোয়ার হোসেন (চাঁপাইনবাবগঞ্জ), আয়েশা সিদ্দিকা (শিবচর, মাদারীপুর) বক্তব্য দেন।