নেপালে ১৭ মে থেকে টানা হরতাল (বন্ধ্) চলছে। গতকাল সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে বেরিয়ে পর্যটকদের জন্য বরাদ্দ বাসে করে প্রথমেই যাওয়া হলো বাংলাদেশ দূতাবাসে। যাওয়ার পথে মুঠোফোনে যোগাযোগ হয় পেমবা দর্জি শেরপার সঙ্গে। ১৯ মে তিনিই সর্বপ্রথম জানিয়েছিলেন নিশাত মজুমদারের এভারেস্ট জয়ের কথা।পেমবা দর্জি শেরপার কাছ থেকে জানা গেল, নিশাত মজুমদার এবং এম এ মুহিত ভালো আছেন। তাঁরা এভারেস্ট ক্যাম্প-২-এ অবস্থান করছেন। আজ সকাল ১০টার দিকে তাঁদের এভারেস্টের বেসক্যাম্পে পৌঁছানোর কথা। পেমবা বললেন, ‘বেসক্যাম্পে এলে মুঠোফোন নেটওয়ার্কের আওতায় আসবেন তাঁরা। তখন সরাসরি কথা বলা যাবে। কাঠমান্ডুতে কবে ফিরে আসবেন, তা-ও জানা যাবে তখন।’ নিশাত ও মুহিতের সঙ্গে আছেন তিনজন শেরপা। এই শেরপাদের দলনেতা মিংমা গ্যালজে শেরপার বড় ভাই পেমবা দর্জি শেরপা।নিশাত ও মুহিতের সংগঠন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হকও ঢাকা থেকে একই তথ্য জানিয়েছেন। স্যাটেলাইট টেলিফোনে তাঁর সঙ্গে গতকাল সকাল ১০টা ৪৫ মিনিটে নিশাত মজুমদার এবং এম এ মুহিতের কথা হয়েছে।এদিকে, বাংলাদেশের এভারেস্ট জয়ী প্রথম নারী নিশাত মজুমদার ও পর পর দুবার এভারেস্ট জয়ী এম এ মুহিতকে অভিনন্দন জানিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অব কমিশন ফরহাদুল ইসলাম বলেন, ‘আমরা অনানুষ্ঠানিকভাবে জেনেছি তাঁদের এভারেস্ট জয়ের খবর। বাংলাদেশের মেয়ে নিশাতের সাফল্যে আমরা গর্বিত। শুনেছি, ওয়াসফিয়া নাজরীন নামে বাংলাদেশের মেয়ে আরেকজন এভারেস্ট অভিযানে এসেছেন। তাঁর জন্যও শুভকামনা রইল।’নেপালপ্রবাসী বেশ কয়েকজন বাংলাদেশির সঙ্গেও কথা হয়। কাজের সূত্রে তাঁরা এখানে বাস করেন। প্রবাসী মাসুদুর রহমান বললেন, ‘আমি তো ফেসবুকে দেখেছি, আমার দেশের মেয়ে এভারেস্টে উঠেছে। কী যে ভালো লেগেছে! এখন দেখবেন, অনেক মেয়েই দুঃসাহসিক অভিযানে বের হবে। ভাবছি, নিশাত ও মুহিত যেদিন কাঠমান্ডু ফিরে আসবেন, সেদিন হরতাল থাকলেও তাঁদের সঙ্গে দেখা করতে যাব।’১৯ মে নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন। তাঁর সঙ্গে ছিলেন এম এ মুহিত।