সুস্থ ছেলেকে নিয়ে মা ফিরতে চেয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাত সাড়ে ১০টার দিকে মেজো ভাবির ফোন এল। কাঁদছিলেন। বললেন শাহিন, বড় ভাইকে রাখা যাচ্ছে না। ডাক্তাররা সবাই আমাদের ঘণ্টা খানেক হলো তাঁর কাছে যেতে দিয়েছেন। বড় ভাইয়ের ব্লাড প্রেশার, হার্টবিট খুব কমে আসছে। মনিটরে দেখা যাচ্ছে। এখন হার্টবিট ৫০। আমি ফোন ধরে আছি। কিছু বলতে পারছিলাম না। একটু পর ভাবি বললেন, এখন ৩০।’কথাগুলো নিউইয়র্ক থেকে ফোনে ধারাবর্ণনার মতো বলে যাচ্ছিলেন মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক। এপাশে হুমায়ূন আহমেদের ছোট ভাই কার্টুনিস্ট আহসান হাবীব ওরফে শাহীন। রাত তখন সাড়ে দশটার মতো। তিনি জানান, ভাবি বলছিলেন—বড় ভাইয়ের বিছানার চারপাশে সবাই তাঁর দিকে তাকিয়ে আছেন। খুবই দ্রুত কমে আসছে হার্টবিট। একবার বোধ হয় বললেন, এখন কুড়ি। তারপর একটু বিরতি। আমি ফোন ধরে আছি। তারপর ওপাশ থেকে কান্নার শব্দ এল। বুঝলাম শেষ। ভাবি বললেন, শাহীন, বড় ভাই চলে গেলেন।’এভাবেই জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের অন্তিম মুহূর্তের বর্ণনা দিলেন তাঁর ছোট ভাই কার্টুনিস্ট আহসান হাবীব। গতকাল শুক্রবার সকাল থেকেই তাঁর মিরপুর পল্লবীর ২৪/৪ নম্বর বাড়িতে গণমাধ্যমকর্মী, আত্মীয়স্বজন এবং হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশক ও গুণগ্রাহীরা আসতে শুরু করেন। এই বাড়িতেই অবস্থান করছেন তাঁর মা আয়েশা ফয়েজ। অসুস্থতার কারণে গণমাধ্যকর্মীরা আয়েশা ফয়েজের সঙ্গে কথা বলতে পারেননি। ছেলের মৃত্যুর সংবাদে মা আয়েশা ফয়েজ কান্নায় ভেঙে পড়েন। বেশ কিছুদিন থেকে তিনি কিডনির রোগে ভুগছেন। ছেলের মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই তিনি শয্যা গ্রহণ করেছেন। রাতেই তাঁর তিন মেয়ে সুফিয়া হায়দার, মমতাজ শহীদ ও রুখসানা আহমেদ মাকে সান্ত্বনা দিতে আসেন। আসেন হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ আহমেদ, দুই মেয়ে শীলা আহমেদ ও নোভা আহমেদ, তাঁদের স্বামীদের সঙ্গে নিয়ে। হুমায়ূন আহমেদের অন্য মেয়ে বিপাশা আহমেদ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।রাতে আরও আত্মীয়স্বজন আহসান হাবীবের বাসায় এসে তাঁদের সান্ত্বনা দেন। আহসান হাবীব জানান, সকালে আয়েশা ফয়েজের শরীর আরও খারাপ হলে চিকিৎসক ডাকতে হয়। সকালে তিনি কিছুই খেতে পারেননি। চিকিৎসকের পরামর্শে খাবার স্যালাইন দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য নিউইয়র্ক যাওয়ার পর প্রতিদিন রাতেই হুমায়ূন আহমেদ মায়ের সঙ্গে কিছু সময় ফোনে কথা বলতেন। তবে গত ২১ জুন দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর তাঁকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছিল। এরপর থেকে আর কথা বলা হয়নি। ছেলেকে দেখার জন্য মায়ের নিউইয়র্কে যাওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু তাঁর পাসপোর্ট হারিয়ে যাওয়ার ফলে বিলম্ব হয়। নতুন পাসপোর্ট করে ভিসার আবেদন করা হয়েছিল। ভিসার আনুষঙ্গিক কাজও সম্পন্ন হয়েছিল। নিউইয়র্ক যাবেন বলে প্রস্তুতিও নিচ্ছিলেন। আহসান হাবীব বলেন, ‘মার আশা ছিল বড় ভাই সুস্থ হয়ে উঠবেন। একসঙ্গে তাঁরা দেশে ফিরবেন। কিন্তু তা আর হলো না।’প্রসঙ্গত, বৃহদন্ত্রে ক্যানসার ধরা পড়ার পর গত বছর ১৪ সেপ্টেম্বর হুমায়ূন আহমেদ চিকিৎসার জন্য নিউইয়র্কে যান। সেখানে মেমোরিয়াল স্লোয়ান-ক্যাটারিং ক্যানসার ইনস্টিটিউটে দুই দফায় তাঁকে ১২টি কেমো দেওয়া হয়। এরপর গত ১১ মে তিনি দেশে আসেন। দেশে ফিরে ২০ দিন ছিলেন গাজীপুরে তাঁর নিজ হাতে গড়া নুহাশপল্লীতে।১২ জুন নিউইয়র্কের ম্যানহাটনের বেলভিউ হাসপাতালে অনকোলজি বিশেষজ্ঞ ডা. জেইন ও ক্যানসার সার্জন জজ মিলারের নেতৃত্বে তাঁর শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়। ১৯ জুন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিউইয়র্কের কুইন্সের ভাড়া বাসায় ফেরেন। তবে বাসায় ফেরার পর আকস্মিকভাবেই তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে। পুনরায় তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। দ্বিতীয় দফায় ২১ জুন তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। এর পর থেকেই তিনি নিবিড় পরিচর্যায় ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী রোববার বেলা দেড়টায় হুমায়ূন আহমেদের মরদেহ দেশে আনার কথা রয়েছে। তবে এর আগেই একই দিন সকাল আটটায় মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী ইয়াসমিন হক দেশে ফিরবেন। তাঁরা দেশে ফেরার পরই হুমায়ূন আহমেদের দাফনের স্থান নির্ধারণ করা হবে।এদিকে হুমায়ূন আহমেদের মৃত্যুর খবরে সারা দেশে তাঁর অগণিত অনুরাগীর মনে গভীর শোকের ছায়া নেমে আসে। প্রিয় লেখকের প্রয়াণের সংবাদে তাঁরা আপনজন হারানোর শোক ও বেদনা অনুভব করেছেন। গতকাল ছুটির দিনটি বেদনাবহ হয়ে উঠেছিল সারা দেশে।