সুস্থ দেহে ফিরে আসতে পারাটা অনিশ্চিত ছিল
সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়ে বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণির ২৫ নাবিক ও এক নাবিকের স্ত্রী মুক্ত হয়ে গতকাল সোমবার বিকেলে দেশে ফিরেছেন। কিন্তু সব নাবিক অক্ষত অবস্থায় জাহাজসহ আদৌ ফিরতে পারবেন কি না, মুক্তির আগের দিনও তাঁরা নিশ্চিত ছিলেন না।জাহাজের নাবিক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের জাহাজের দূরে আটকে রাখা একটি জাহাজের ডেকের ওপর দাঁড় করিয়ে রাখা একজন জিম্মিকে গুলি করে মারতে আমি দেখেছি। যেসব নাবিক দস্যুদের কথা শুনত না, তাদের এভাবে হত্যা করা হতো। এ কারণে জিম্মি অবস্থায় দস্যুরা আমাকে কোনো কাজ করতে বললে প্রতিবাদ না করে তা করে দিতাম। এতে সন্তুষ্ট হয়ে তারা আমার সঙ্গে ভালো আচরণ করেছে।’মতিউল মাওলা বলেন, ‘প্রায় প্রতিদিনই জলদস্যুরা কোন জাহাজে কত লোক মারা গেল, তা আমাদের বলত। এসব শুনে আমাদের উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে যেত।’ তিনি বলেন, ‘জলদস্যুরা নাবিকদের মাঝে মাঝে গুলি করে মেরে ফেলত। এ ছাড়া মাসের পর মাস জাহাজ আটকে থাকায় রোগশোকে ভুগে এবং খাদ্য ও চিকিৎসার অভাবেও অনেকে মারা গেছেন। আমাদের তিন মাসের জিম্মি জীবনে অনেককে এভাবে মারা যেতে দেখেছি।’প্রথম প্রকৌশলী মতিউল মাওলা বলেন, দীর্ঘ সময় জাহাজ আটক রাখায় অনেক জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। সেগুলো আর দীর্ঘ পথ চালিয়ে আনা সম্ভব নয়। মালিকপক্ষও ওই জাহাজগুলো নিয়ে তেমন আগ্রহ দেখায় না। দস্যুরাও জিম্মি নাবিকদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া বন্ধ করে দেয়। ফলে ওসব জাহাজের জিম্মি নাবিকদের করুণ মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। মাছ ধরার ট্রলার এবং ছোটখাটো জাহাজের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বেশি হচ্ছে।ক্যাপ্টেন ফরিদ বলেন, ‘জলদস্যুরা এমভি হানিবল-২ নামের একটি জাহাজকে অপহরণ করে জাহান মণির পাশে নোঙর করে রেখেছিল। জাহান মণির পাঁচ-ছয় মাস আগে এই জাহাজটি অপহরণ করেছিল জলদস্যুরা। মালিকপক্ষ তেমন গরজ দেখাচ্ছিল না। ইতিমধ্যে জাহাজের খাবার শেষ হয়ে যাওয়ায় হানিবল-২-এর নাবিকদের অর্ধাহারে-অনাহারে থাকতে হচ্ছে। চারজন নাবিক রোগশোকে ভুগে মারাও গেছে বলে আমরা জেনেছি।’ক্যাপ্টেন ফরিদ বলেন, জলদস্যুদের হাতে ছয় মাসের বেশি আটক ছিল, এমন জাহাজের দু-একজন মানুষ মারা যায়নি, এমন ঘটনা খুব কমই আছে। খাবারের সংকট তো আছেই, তার সঙ্গে অত্যন্ত মানসিক যন্ত্রণায় জিম্মি নাবিকেরা অসুস্থ হয়ে পড়েন।জাহান মণির একমাত্র নারী জিম্মি রোকসানা গুলজার প্রথম আলোকে বলেন, ‘জলদস্যুরা তাদের কথা না শুনলে খারাপ ব্যবহার করে, মারধরও করে। আমাদের জাহাজের একজনকে লাথিও মেরেছে। প্রথমে আমাদের জাহাজের সবাইকে রশি দিয়ে বেঁধে ফেলে। তবে আমাদের ভালো ব্যবহারের কারণে রশি খুলে দেয়।’ জলদস্যুতা তদারকি সংস্থা ইউকে-এমটিওর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, জলদস্যুরা ২২ ফেব্রুয়ারি আমেরিকার একটি ইয়টের চারজন নাবিককে হত্যা করে। এর আগে গত ২৭ জানুয়ারি শ্রীলঙ্কার একটি মাছ ধরার ট্রলারের দুজনকে হত্যা করে ১৮ নাবিকসহ ওই ট্রলার নিজেদের দখলে নিয়ে যায়।জাহান মণির জিম্মিদশা থেকে মুক্ত নাবিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমালিয়ার জলদস্যুরা ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় তারা মুসলমান নাবিকদের প্রতি কিছুটা নমনীয় আচরণ করে।