সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতালে রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়ায় নির্যাতনের শিকার সেই কিশোরীকে সুস্থ না হওয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখতে বলেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ যখন মেয়েটিকে সুস্থ মনে করবে, তখন তাকে মহিলা আইনজীবী সমিতির তত্ত্বাবধানে দিতে বলা হয়েছে। ওই কিশোরী আগামী ২৮ মার্চ পর্যন্ত মহিলা আইনজীবী সমিতির তত্ত্বাবধানে থাকতে পারবে। পরবর্তী আদেশের জন্য বিষয়টি ওই দিনই কার্যতালিকায় আসবে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত সোমবার নির্যাতিত ওই কিশোরীকে আদালতে হাজির করতে নির্দেশ দেন। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শুনানি নিয়ে এ নির্দেশ দেন। নির্দেশ অনুসারে গত সোমবার সকালে নির্যাতিত মেয়েটিকে নিয়ে আদালতে হাজির হয় কাপাসিয়া থানা পুলিশ। পরে বিচারপতিরা খাসকামড়ায় মেয়েটির জবানবন্দি গ্রহণ করেন। এ সময় আবেদনের পক্ষে আইনজীবী সালমা আলী ও ফাওজিয়া করিম ফিরোজ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে আদালত আদেশ দেন। আদেশে হাইকোর্ট ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে কিশোরীর শারীরিক ও মানসিক চিকিত্সার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিকে। পরবর্তী আদেশের জন্য বিষয়টি ২৪ জানুয়ারি আদালতের কার্যতালিকায় আসবে বলে জানান আদালত। গাজীপুরের কাপাসিয়ার আওয়ামী লীগের নেতা কাজল মোল্লার ঢাকার বাসায় গৃহকর্মীর কাজ করার সময় ওই কিশোরী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার কাপাসিয়া ইউপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়েটি ‘তেমন কিছু হয়নি’ বলে জানিয়েছে। কাজল মোল্লা মেয়েটিকে দিয়ে এ সংবাদ সম্মেলন করিয়েছেন বলে এলাকাবাসীর অনেকে অভিযোগ করেন। এলাকার কেউ কেউ অভিযোগ করেন, ঢাকার মিরপুরে কাজল মোল্লার বাসায় কাপাসিয়ার এক দরিদ্র দিনমজুরের ওই মেয়ে (১৬) গৃহপরিচারিকা হিসেবে করে। এ সময়ে গৃহকর্তা তাকে ধর্ষণ করেন এবং তাঁর স্ত্রী মেয়েটির ওপর নির্যাতন চালান। শেষ পর্যন্ত ৭ জানুয়ারি রাতে কাজলের লোকজন মুমূর্ষু অবস্থায় গাড়িতে করে এনে তাকে কাপাসিয়ার বড়টেক গ্রামের আসাদুজ্জামানের বাড়ির কাছে ফেলে যান। পরে চিত্কার শুনে ওই গ্রামের বাসিন্দারা মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন।ওই নির্যাতনের ঘটনার মূল অভিযুক্ত কাজল মোল্লাকে কাপাসিয়া-৪ আসনের সাংসদ সিমিন হোসেনের এপিএস হিসেবে উল্লেখ করে সংবাদমাধ্যমগুলোতে প্রচারিত হওয়ায় সাংসদ গত সোমবার কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে সাংসদ সিমিন হোসেন বলেন, কাজল মোল্লা তাঁর এপিএস বা আওয়ামী লীগেরও কেউ নন। তিনি কাউকে এপিএস হিসেবে নিয়োগ দেননি।সিমিন হোসেন বলেন, একজন সচেতন মানুষ ও এলাকার সাংসদ হিসেবে যেকোনো নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো তাঁর নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এ জন্য কাপাসিয়া উপজেলার বড়টেক গ্রামের মেয়েটির নির্যাতনের বিষয়ে হাইকোর্টের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তিনি। মেয়েটির নির্যাতনের প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষী ব্যক্তির উপযুক্ত বিচার দাবি করেছেন সিমিন হোসেন।