সুস্থ ব্রেইভিকের ২১ বছর কারাদণ্ড
নরওয়েতে গত বছর জোড়া হামলায় ৭৭ জনকে হত্যার দায়ে অ্যান্ডারস বেহরিং ব্রেইভিককে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁকে সুস্থ উল্লেখ করে অসলোর একটি আদালত গতকাল শুক্রবার এ রায় দিয়েছেন।বিচার শুরু হওয়ার পর থেকে ব্রেইভিকের ‘মানসিক স্বাস্থ্য’ নিয়ে সরকার ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে তর্ক-বিতর্ক চলছিল। ব্রেইভিকের আইনজীবী তাঁর মক্কেলকে সুস্থ দাবি করে তাঁর উপযুক্ত সাজা দাবি করে আসছিলেন। কিন্তু সরকারপক্ষের আইনজীবীরা দাবি করছিলেন, আসামি মানসিকভাবে অসুস্থ। তবে আদালত গতকাল রায় দিয়েছেন, ব্রেইভিক সম্পূর্ণ সুস্থ।আদালতের পাঁচ বিচারকের বেঞ্চের প্রধান এলিজাবেথ আর্নটেন রায় ঘোষণা করে বলেন, ‘বেঞ্চ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে। তাঁকে (ব্রেইভিক) ২১ বছরের কারাদণ্ড দেওয়া হলো। এর মধ্যে অন্তত ১০ বছর তাঁকে সাজা ভোগ করতে হবে।’নরওয়ের আইনে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান নেই। তবে সাজার মেয়াদ শেষে মুক্তি পাওয়ার পরও কোনো ব্যক্তিকে যদি সমাজের জন্য ঝুঁকিপূর্ণ মনে হয়, তাহলে তাঁকে আবার গ্রেপ্তার করা যাবে।গত বছরের ১১ জুলাই অসলোতে বোমা হামলা চালিয়ে আটজন এবং রাজধানীর উপকণ্ঠে উটায়া দ্বীপে দেশের ক্ষমতাসীন দলের যুব শাখার গ্রীষ্মকালীন সম্মেলনে নির্বিচারে গুলি চালিয়ে ৬৯ জনকে হত্যা করেন ব্রেইভিক। তাঁর এই জোড়া হামলা নরওয়ের শান্তিপূর্ণ সমাজকে ভীতসন্ত্রস্ত করে তুলেছিল।গতকাল রায় ঘোষণার সময় কালো স্যুট, সাদা শার্ট ও ধূসর রঙের টাই পরে আদালতে হাজির ছিলেন ব্রেইভিক। বিচারক যখন রায় ঘোষণা করছেন, তখনো তাঁর মুখে ছিল হাসি। পরে ব্রেইভিকের আইনজীবী জানান, তাঁর মক্কেল রায়ের বিরুদ্ধে আবেদন করবেন না।রায় ঘোষণার পরপরই উটায়া দ্বীপের হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি তাঁর টুইটার অ্যাকাউন্টে টুইট দেন, ‘ইয়েসসসসস!!!’ ভিলজার হানসি নামের আরেক ব্যক্তি ওই হামলায় গুলিবিদ্ধ হয়েও বেঁচে যান। তিনি টুইট দেন, ‘শেষ।’ এএফপি।