তালেবান জঙ্গিদের গুলিতে আহত পাকিস্তানি স্কুলছাত্রী মালালা ইউসুফজাই সুস্থ হয়ে উঠবে—যুক্তরাজ্যের চিকিৎসকেরা গতকাল মঙ্গলবার এই আশাবাদ ব্যক্ত করেছেন। দেশটির বার্মিংহাম শহরের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মালালা।কুইন এলিজাবেথ হাসপাতালের পরিচালক ডেভিড রসার বলেন, ‘মালালার অবস্থার উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে। তার সুস্থ হয়ে ওঠার আশা অবশ্যই আছে। তা না থাকলে সে এতটা ধকল সামলে উঠতে পারত না। তবে পুরোপুরি সেরে উঠতে ওকে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে।’ ডেভিড রসার বলেন, ‘দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এ ধরনের রোগীকে চিকিৎসা দেওয়ার অভিজ্ঞতা আমাদের খুবই কম। মালালাকে যুদ্ধাহত বলে বিবেচনা করা যেতে পারে। সে ক্ষেত্রে মানসিক দৃষ্টিকোণ বিবেচনায়, ওর জন্য বেশ আলাদা ও বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করতে হবে।’ খবর এএফপি, বিবিসি ও ডন অনলাইনের।উন্নত চিকিৎসার জন্য মালালাকে পাকিস্তান থেকে গত সোমবার যুক্তরাজ্যে স্থানান্তর করা হয়। পাকিস্তানে গুলিবিদ্ধ হওয়ার পর ওর মাথায় অস্ত্রোপচারের মাধ্যমে সেই গুলি বের করা হয়েছে। গুলিতে ওর মাথার খুলির হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্মিংহামে বহু মানুষ নিজেদের মালালার ‘আত্মীয়’ দাবি করে তার সঙ্গে দেখা করার চেষ্টা করে বলে খবর প্রকাশিত হয়েছে। নিরাপত্তার স্বার্থে কয়েকজনকে গ্রেপ্তারের গুজব শোনা গেলেও কর্তৃপক্ষ তা নাকচ করে দেয়। হাসপাতালে মালালার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের একজন মুখপাত্র বলেন, নিরাপত্তার ব্যাপারে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করতে চান না। তবে বিষয়টিতে অবশ্যই গুরুত্ব দেওয়া হচ্ছে।এদিকে, পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আজারবাইজানের রাজধানী বাকুতে এক অর্থনৈতিক সম্মেলনে গতকাল বলেন, মালালার ওপর হামলা শুধু ওর মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পাকিস্তানের সব নারী এবং গোটা সভ্যতার ওপর আঘাত। মেয়েদের পড়াশোনার অধিকারের দাবিতে মালালা মাত্র ১১ বছর বয়স থেকেই তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে চলেছে।মালালার চিকিৎসার খরচ বহন করছে পাকিস্তান সরকার। বিবিসির উর্দু ব্লগে তালেবানবিরোধী লেখার মধ্য দিয়ে মালালা আলোচনায় এসেছিল। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের পাকিস্তানবিষয়ক মন্ত্রী সায়িদা ওয়ারসি বলেন, পবিত্র কোরআনে নারীশিক্ষাকে উৎসাহিত করা হয়েছে। এই সত্য উচ্চারণের জন্য মালালার মতো কিশোরীকে হত্যার চেষ্টা করা রীতিমতো জঘন্য একটি কাজ। মালালাকে রুখতে তালেবান ব্যর্থ হয়েছে। মুক্তি ও সম-অধিকার বিষয়ে মালালার কণ্ঠস্বর এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে।নারীশিক্ষার অধিকার আদায়ের দাবিতে আন্দোলনকারী মালালা পাকিস্তানের সোয়াত উপত্যকার বাসিন্দা। সেখানকার একটি স্কুলবাসে তাকে গত মঙ্গলবার গুলি করা হয়। তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। ওই হামলার ঘটনায় পাকিস্তানসহ বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। ১৪ বছর বয়সী মালালার সুস্থতার জন্য বিভিন্ন দেশে গণপ্রার্থনার আয়োজন করা হয়।পুরস্কার ঘোষণা: পাকিস্তানি তালেবানের কেন্দ্রীয় মুখপাত্র এহসানুল্লাহ এহসানকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেবে দেশটির সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক গতকাল এ ঘোষণা দেন। মালালার ওপর হামলার বিষয়টি স্বীকার করে তালেবান জানায়, সেক্যুলারিজমের পক্ষে আন্দোলন করায় মালালাকে গুলি করা হয়েছে।