বর্ণবাদবিরোধী নেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার চিকিৎসায় সুফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার। আজ শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।গতকাল বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হাসপাতালে ম্যান্ডেলার চিকিৎসা চলছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।৯৪ বছর বয়সী ম্যান্ডেলা ফুসফুসে সংক্রমণজনিত রোগে ভুগছেন। এর আগেও তিনি এ সমস্যায় আক্রান্ত হন। সমস্যাটি আবার দেখা দিলে গত বুধবার মধ্যরাতের কিছু আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালের নাম উল্লেখ করা হয়নি। চলতি মাসের শুরুর দিকে ‘স্বাস্থ্য পরীক্ষার’ জন্য ম্যান্ডেলাকে হাসপাতালে যেতে হয়েছিল। এ ছাড়া তিনি গত ডিসেম্বরে প্রায় তিন সপ্তাহ হাসপাতালে ছিলেন। ১৯৯৩ সালে শান্তিতে নোবেলজয়ী ম্যান্ডেলার শারীরিক অবস্থা সম্প্রতি নাজুক হয়ে পড়েছে। তাঁর পাকস্থলী ও ফুসফুসে জটিলতা ধরা পড়েছে। বর্ণবৈষম্যের যুগে ১৯৮৮ সালে কারাবন্দী অবস্থায় তিনি যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন।