সুস্বাদু বঁইচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই...’। বহুলপরিচিত এ ছড়াটি গ্রীষ্মকালে গ্রামে একটু অন্যভাবে শুনলে অবাক হওয়ার কথা নয়। ‘আয় ছেলেরা আয় মেয়েরা বঁইচি (কাঁটাবহরী) তলায় যাই, বঁইচি মালা গলায় দিয়ে মুখে তুলে খাই।’ শহুরে জীবনে অপরিচিত হলেও দেশের দক্ষিণাঞ্চলের একটি জনপ্রিয় ফল কাঁটাবহরী বা বঁইচি। ছোট গোলাকার ফলের মালা গেঁথে ছোট ছেলেমেয়েরা তা মজা করে খায়।গ্রামেগঞ্জে সাধারণত খেতের পাশে ঝোপঝাড়ে বঁইচি বেশি জন্মায়। অনেক সময় পাহাড়ের ঢালেও জন্মে। গাছ ঝোপালো এবং গাছের শাখা কাঁটাযুক্ত। এ কারণে বঁইচি কাঁটাবহরী নামেও পরিচিত। বর্তমানে বন উজাড় হওয়ায় গাছটি বিলুপ্ত প্রজাতির তালিকায়।সাধারণত ফাল্গুন-চৈত্র মাসে বঁইচিগাছে ফুল ধরে। পাঁচ পাপড়িযুক্ত ক্ষুদ্রাকৃতির ফুল। জ্যৈষ্ঠ মাস থেকে ফল পাকতে শুরু করে। কাঁচা ফল গোলাকার সবুজ। পাকলে রক্ত বেগুনি রং ধারণ করে। গোলাকার আঙুরের মতো বঁইচি খেতে অম্ল ও মিষ্টি স্বাদযুক্ত। বৈজ্ঞানিক নাম Slacourtia Indica, পরিবার Slacourtiaceae।বঁইচিগাছের মূলের রস নিউমোনিয়া এবং পাতার নির্যাস জ্বর, কফ ও ডায়রিয়া নিরাময়ে ব্যবহূত হয়। পাতা ও মূল অনেকে সাপের কামড়ের প্রতিষেধক হিসেবে ব্যবহার করে। বাকলের অংশ তিলের তেলের সঙ্গে মিশিয়ে বাতের ব্যথা নিরাময়ে মালিশ তৈরি করা হয়।গত বৃহস্পতিবার সরেজমিনে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠি গ্রামে গিয়ে দেখা গেছে, ছোট ছেলেমেয়েরা বঁইচি দিয়ে মালা গেঁথে গলায় জড়িয়ে ফলটি খাচ্ছে। সেখানে কথা হয় শিশু আবীর হোসেনের সঙ্গে। কী খাও—জিজ্ঞেস করতেই বলে ওঠে, ‘কাঁটাবহরী।’ একই কথা জানায় সাবিনা ইয়াসমিন, আবিদ হোসেনসহ বেশ কয়েকজন শিশু।গ্রামের ফরিদউদ্দিন খান প্রথম আলোকে বলেন, এ সময় ছেলেমেয়েরা জঙ্গল থেকে কাঁটাবহরী তুলে আনে। অনেক সময় বড়রাও তাতে ভাগ বসায়। অতিপরিচিত এ ফলটি খেতে খুব মজার।বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকায় রয়েছে একটি বড় বঁইচিগাছ। সাহিত্যিক ও উদ্ভিদপ্রেমী সাইফুল আহসান ৩০ বছর আগে কুয়াকাটা এলাকা থেকে এনে গাছটি রোপণ করেন। তিনি বলেন, জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে বঁইচি ফল নিতে বাড়িতে স্কুলের শিক্ষার্থীরা ভিড় জমায়। তবে নগরের অনেকেই জানে না, এটি বঁইচি ফল।ফলটির ব্যাপারে কথা হয় বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘গ্রামেগঞ্জে আনাচকানাচে জন্ম নেওয়া বঁইচিগাছের গুণাগুণ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তাই বন উজাড়ের সঙ্গে সঙ্গে বিলুপ্ত হতে যাচ্ছে বঁইচিগাছ। সুস্বাদু বঁইচি ফলে পুষ্টিগুণ যেমন রয়েছে, তেমনি গাছের পাতা ও মূল নিউমোনিয়া, বাত, জ্বর এবং সাপের কামড়ের প্রতিষেধক হিসেবে আয়ুর্বেদশাস্ত্রে বহুল ব্যবহূত হচ্ছে।’