সুস্বাস্থ্যের জন্য চাই রাতের আঁধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের জীবনে রাতের আঁধার দিনের আলোর মতোই জরুরি। বিজ্ঞানীরা বলছেন, জীবন থেকে রাতের আঁধার হারিয়ে গেলে বা কমে গেলে মানুষের রোগগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ে।যুক্তরাষ্ট্রের চিকিৎসক ও চিকিৎসাবিজ্ঞানীদের সংগঠন আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন তাদের এক সাম্প্রতিক গবেষণায় পাওয়া ফলাফলের ভিত্তিতে দাবি করছে, কৃত্রিম আলো মানুষের ঘুম ও জেগে থাকার চক্রে আঘাত হানছে। এতে মানুষের স্বাভাবিক শারীরবৃত্তীয় কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। সুরাহা হিসেবে তারা মৃদু আলোর প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারের পরামর্শ দিচ্ছে। দিনের আলো আর রাতের আঁধারের সঙ্গে মানুষের দেহঘড়ির সম্পর্ক অনাদিকালের। সূর্যের আলো আর রাতের আঁধারের সঙ্গে মানুষের অভিযোজন হয়েছে লাখ লাখ বছর আগে থেকে। রাতের আঁধার দূর করতে কৃত্রিম আলো বা বৈদ্যুতিক বাতির ব্যবহার খুবই সাম্প্রতিক কালের ইতিহাস। কিন্তু এই আলোর ব্যাপক ব্যবহার রাতের অন্ধকারই শুধু দূর করেনি, কেড়ে নিচ্ছে রাতের ঘুমও।রাস্তার বাতি, গাড়ির হেডলাইট, ঘরের বিভিন্ন বাতি, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোনের আলো মানুষের স্বাস্থ্যঝুঁকি কীভাবে বাড়াচ্ছে, তা নিয়েই যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের এ গবেষণা। স্বাস্থ্যের ওপর রাতে আলোর বিরূপ প্রভাববিষয়ক (লাইট পলিউশন: অ্যাডভার্স ইফেক্টস অব নাইটটাইম লাইটিং) এ গবেষণায় বলা হচ্ছে, কৃত্রিম আলো শুধু ঘুমই নষ্ট করে না, মানসিক চাপও বাড়ায়। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণ হয়ে দাঁড়ায় এই অবস্থা।বিজ্ঞানীরা বলছেন, দিন-রাতের চক্র মানুষের শরীরে ছন্দ তৈরি করে। এ ছন্দেই স্নায়ুতন্ত্র, শারীরবৃত্ত, কোষতন্ত্র কাজ করে এবং মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন নামের হরমোনের নিঃসরণ হয়। রাতের অন্ধকার মেলাটোনিন নিঃসরণে সহায়ক। মেলাটোনিন মানুষকে তন্দ্রাচ্ছন্ন করে এবং শরীরের তাপমাত্রা কম রাখে। রাতের অনুজ্জ্বল আলোও এই মেলাটোনিন নিঃসরণে বাধা দেয়।গবেষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেন, যেকোনো আলো চোখে পড়লে মস্তিষ্ক উদ্দীপ্ত হয়, আলোড়িত হয়। মস্তিষ্ক আলোড়িত অবস্থায় মানুষ ঘুমাতে পারে না বা মানুষের ঘুম কম হয়। দীর্ঘদিন এটা চলতে থাকলে ঘুমের সমস্যা দেখা দেয়। অনেকের মধ্যে বিরক্তিবোধ জন্ম নেয়। এতে অন্যের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। মানুষ উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটায়। একপর্যায়ে মানুষ বিষণ্নতায় (ডিপ্রেশন) পড়ে। বিষণ্নতা মানসিক রোগ।বিশেষজ্ঞরা বলছেন, ঘুম কম হলে মানুষের শরীর ও মনের ওপর চাপ (স্ট্রেচ) পড়ে। ডায়াবেটিসের অন্যতম কারণ এই স্ট্রেচ। উচ্চ রক্তচাপের কারণও স্ট্রেচ।যুক্তরাষ্ট্রের গবেষকেরা বলছেন, একাধিক ক্যানসারবিষয়ক গবেষণায় দেখা গেছে, মেলাটোনিন টিউমার বৃদ্ধিতে বাধা দেয়। রোগতত্ত্ববিষয়ক সমীক্ষায় দেখা গেছে, ক্রমাগতভাবে ঘুমের ব্যাঘাত হওয়ার সঙ্গে ক্যানসারের ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক আছে। তাঁরা আরও বলছেন, ঘুম ও অন্ধকারে থাকার সঙ্গে দীর্ঘস্থায়ী রোগ (ক্রনিক ডিজিজ) বা স্থূলতার সম্পর্ক আছে কি না বা পেশাগত কারণে যাঁরা রাতের বেলা দীর্ঘক্ষণ আলোতে থাকেন, তাঁদের স্বাস্থ্য নিয়ে আরও গবেষণার দরকার আছে।আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের এ গবেষণার ওপর ভিত্তি করে সে দেশের কাউন্সিল অন সায়েন্স অ্যান্ড পাবলিক হেলথ কিছু সুপারিশ করেছে। তাতে বলা হয়েছে, গাড়ির হেডলাইট বা রাস্তার আলোর তীব্রতা কমানোর প্রযুক্তি ব্যবহার করতে হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে না বাড়ি ও কর্মস্থলের আলোর জন্য এমন প্রযুুক্তির উন্নতি ঘটাতে হবে। স্বীকার করে নিতে হবে, রাতের বেলা বিভিন্ন ধরনের আলো, এমনকি ইলেকট্রনিক মাধ্যম ঘুমের ব্যাঘাত ঘটায়, বিশেষ করে শিশু ও কিশোরদের।