সুয়ারেজের হাত
পায়ের খেলা ফুটবলে হাত আসে কোত্থেকে! এক আসে ম্যারাডোনার ঈশ্বরের হাত থেকে, আর এবার বিশ্বকাপে এল সুয়ারেজের সৌজন্যে। সুয়ারেজ নিজে সেটাকে আরেক ‘ঈশ্বরের হাত’ বললেও অনেকের দাবি, সেটা স্রেফ শয়তানের হাত ছিল! যে হাত দিয়ে গোল আটকে পুরো আফ্রিকাকে কাঁদিয়েছেন এই স্ট্রাইকার। অভিশাপও কম কুড়াননি। ঘানার বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোলে ঢুকতে যাওয়া বল ঠেকিয়ে দিয়েছেন দুই হাত দিয়ে। স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন, তবে এ ঘটনার পর ব্যঙ্গ করে সুয়ারেজকেই এই বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার দেওয়ার কথা বলেছিলেন অনেকে! তবে এসব এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিয়েছেন সুয়ারেজ। তাঁর ওই হ্যান্ডবল-কাণ্ডেই ৪০ বছর পর সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে। সুয়ারেজ তাই বনে গেছেন জাতীয় বীর। এটাও জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে দরকার হলে আবারও অঘোষিত গোলরক্ষকের ভূমিকায় নামতে প্রস্তুত তিনি!