সূচক ও লেনদেন কমেছে পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দেশের পুঁজিবাজারে আজ সোমবার স্বাভাবিক মূল্য সংশোধন হয়েছে। এর ফলে দুই বাজারেই সূচক ও লেনদেন কমেছে। তবে শুরুতে সূচকের বেশ অস্থিরতা লক্ষ করা যায়। এ সময় বেশ কয়েকবার সূচক ওঠানামা করে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত সপ্তাহের চার দিনই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল। আর এ অবস্থায় আজ অনেকে মুনাফা তুলে নেওয়ায় আজ নিম্নমুখী অবস্থা দেখা দেয়, যা স্বাভাবিক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৭.২৪ পয়েন্ট কমে ৫১৫৫.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক কমার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ২৮ পয়েন্ট কমে। আর ১৫ মিনিটে বেড়েছিল ২৩ পয়েন্ট। এভাবে বেশ কয়েকবার ওঠানামা করে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।ডিএসইতে আজ মোট ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৮টিরই দাম কমেছে। বেড়েছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৬০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪১ কোটি টাকার কম। বৃহস্পতিবার ডিএসইতে ৫০১ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো ইউনাইটেড এয়ার, মার্কেন্টাইল ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, এনবিএল, বেক্সিমকো, সোস্যাল ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, ইউসিবিএল, সায়হাম টেক্সটাইল ও লঙ্কাবাংলা ফিন্যান্স।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২০২.১৪ পয়েন্ট কমে ১৪৫৭১.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬০টিরই দাম কমেছে, বেড়েছে ২২টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা কম।