দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। তবে, লেনদেনের পরিমাণ এবং লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। অন্যদিকে সামান্য বেড়েছে সূচক। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে সাত পয়েন্ট বেড়ে ৫,১৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতেই সূচক গত বৃহস্পতিবারের চেয়ে চার পয়েন্ট বাড়লেও ১০ মিনিটে ৩৮ পয়েন্ট কমে যায়। ২০ মিনিটে সাধারণ সূচকের অবস্থান গত বৃহস্পতিবারের প্রায় সমান হয়ে যায়। আধা ঘণ্টায় সূচক কমে যায় ৩১ পয়েন্ট। বেলা আড়াইটায় আজ সূচক বাড়ার হার সর্বোচ্চ ৩৫ পয়েন্ট ছিল। এভাবে সূচকের ওঠানামার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন।আজ লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১০৪টির দাম, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত আছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩৫৬ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লঙ্কাবাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, বেক্সিমকো, যমুনা অয়েল, সিটি ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, জিপিএইচ ইস্পাত এবং আফতাব অটোমোবাইলস।