সূচক বাড়লেও শেয়ারবাজার ছিল বিক্রেতাশূন্য
কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। অব্যাহত দরপতনে পুঁজি হারিয়ে যাঁরা এত দিন রাজপথে বিক্ষোভ-ভাঙচুরে ব্যস্ত ছিলেন, সেসব বিনিয়োগকারীর একটি অংশ ফিরেছে লেনদেনে। বাজারের ধস ঠেকাতে সরকারের নেওয়া একগুচ্ছ পদক্ষেপের ওপর আস্থা রেখে আবার আশাবাদী হয়ে উঠেছেন ওই বিনিয়োগকারীরা। এরই প্রভাবে টানা ছয় দিন ধরে চলা দরপতনের পর গতকাল মঙ্গলবার দেশের দুই স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচক বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সাধারণ মূল্যসূচক ৪৯৪ পয়েন্ট বা ৭ দশমিক ৮২ শতাংশ বেড়ে ছয় হাজার ৮২১ পয়েন্ট ছাড়িয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এক হাজার ১৭৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১৯ হাজার ৬৭৫ পয়েন্ট। তবে সূচক বাড়লেও উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেন হয়েছে খুবই কম।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টানা দরপতনে বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ারের দাম ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল। সরকারের হস্তক্ষেপে বাজার আবার স্থিতিশীল হবে, এমন প্রত্যাশায় তাঁরা এত লোকসান দিয়ে সেগুলো বিক্রি করতে চাননি। এ কারণে বাজারে ক্রেতা থাকলেও বেশির ভাগ কোম্পানির শেয়ারের কোনো বিক্রেতা ছিল না। ফলে স্বাভাবিকভাবেই লেনদেন কম হয়েছে।ডিএসতে গতকাল মাত্র ২০৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত সোয়া দুই বছরের পূর্ণাঙ্গ সময় লেনদেনের মধ্যে সর্বনিম্ন। অবশ্য, গত বৃহস্পতিবার পাঁচ মিনিটের লেনদেনে ৬৮ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৫৩ কোটি টাকার।ডিএসইতে গতকাল ২৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৮টি কোম্পানির শেয়ারের দামই বেড়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, একপর্যায়ে এর মধ্যে ২০০টির মতো কোম্পানি ছিল বিক্রেতাশূন্য।যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের মূল্য ওঠানামার সর্বোচ্চ সীমা বা সার্কিট ব্রেকার অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। ফলে অনেক শেয়ারই সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। নতুন নিয়মানুযায়ী এ অবস্থায় লেনদেন চালু থাকার কথা থাকলেও উচ্চমূল্যের প্রত্যাশায় বিক্রেতারা শেয়ার হাতছাড়া করতে চাননি। আবার একই ধরনের প্রত্যাশা থেকে ক্রেতারাও শেয়ার কিনতে আগ্রহী হয়ে ওঠেন। এ দুইয়ের সংমিশ্রণে মূল্যসূচক বেড়েছে।সালাহউদ্দিন আহমেদ বলেন, ১১ জানুয়ারি মূল্যসূচকে যেভাবে উল্লম্ফন ঘটেছিল, সার্কিট ব্রেকারের কারণে গতকাল তা হতে পারেনি। এটা ভালো হয়েছে। কারণ এ মুহূর্তে বাজার ধীরে ধীরে বাড়লে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য তা ভালো হবে।ডিএসইতে গতকাল লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটেই মূল্যসূচক ৪৫০ পয়েন্টের বেশি বেড়ে যায়। এর পরের ৪০ মিনিটে আরও কিছুটা বাড়লেও দুপুর ১২টার পর সূচক কার্যত স্থির থাকে। অর্থাৎ, প্রথম এক ঘণ্টার পর খুব বেশি শেয়ার কেনাবেচা হয়নি।পাঁচ ব্রোকারেজ হাউসের রিট খারিজ: নিবন্ধন ও লেনদেন স্থগিতের বিরুদ্ধে পাঁচটি ব্রোকারেজ হাউসের করা রিট আবেদনগুলো সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পাঁচ ব্রোকারেজ হাউসের আবেদন সরাসরি নাকচ করে দেওয়ার কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, দেশের স্বার্থ সবার ওপরে। আসল অপরাধীদের খুঁজে বের করতে তদন্তকাজে হস্তক্ষেপ করা ঠিক হবে না। ২৩ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আগ্রাসীভাবে শেয়ার বিক্রির অভিযোগে ছয়টি ব্রোকারেজ হাউসের লেনদেন স্থগিত এবং প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের নিষ্ক্রিয় থাকার নির্দেশ দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার পাঁচটি প্রতিষ্ঠান হাইকোর্টে পৃথক রিট করে। এগুলো হচ্ছে—আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ, অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ঢাকা ব্যাংক।এর মধ্যে চার প্রতিষ্ঠানের আইনজীবী এম জহির প্রথম আলোকে বলেন, ‘মক্কেলের (রিট আবেদনকারী) নির্দেশনা পেলে আপিল করা হতে পারে।’গত সোমবার রিটের ওপর শুনানি হয়। ওই দিন এসইসির প্যাডে রাষ্ট্রীয় প্রতীক ব্যবহারের জন্য সংস্থাটির চেয়ারম্যানকে আদালত ভর্ৎসনা করেন। পরে শুনানি নিয়ে আদালত গতকাল আদেশের দিন ধার্য করেন। গতকাল সংক্ষিপ্ত শুনানির পর আদালত আদেশ দেন।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী এম জহির ও রোকনউদ্দিন মাহমুদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।আদালতের আদেশে বলা হয়, অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন প্রক্রিয়াধীন। আদালত আশা করেন, বিলম্ব ছাড়া শিগগিরই ওই কমিটি গঠন করা হবে। কমিটি দ্রুত তদন্ত শুরু করবে এবং দোষী ব্যক্তিদের খুঁজে বের করবে। এ অবস্থায় এ বিষয়ে হস্তক্ষেপ করা সমীচীন হবে না। আদালত রুল ইস্যু করতে ইচ্ছুক না। রিট আবেদনগুলো সরাসরি খারিজ করা হলো। আবেদনকারীরা পরবর্তী সময়ে নতুন উদ্ভূত কোনো পরিস্থিতিতে আবার আদালতে আসতে পারবেন।এদিকে, গত সোমবার আদালত থেকে বেরিয়েই এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করেন। জানা গেছে, এ সময় তিনি পুরো বিষয়টি অর্থমন্ত্রীকে অবহিত করে পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেন। তবে অর্থমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে পদত্যাগের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন।