দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার দুই ঘণ্টা শেষে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা একটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে ৫,৫৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম ছয় মিনিটে সূচক বেড়ে যায় ৭৮ পয়েন্ট। আধা ঘণ্টায় সূচক বাড়ার হার একটু কমে ৬২ পয়েন্ট হয়। তবে এরপর সূচক বাড়ার হার আরো কমে যায়। দুপুর একটার দিকে ডিএসইতে মোট ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই সময় পর্যন্ত ডিএসইতে মোট ৫৩১ কোটি টাকার লেনদেন হয়েছে।দুপুর একটার দিকে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, উত্তরা ফিন্যান্স, লঙ্কাবাংলা ফিন্যান্স এবং ইসলামী ব্যাংক।