সূত্র পাচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গৃহকর্মীসহ তরুণী শাহিদা আক্তার মিলিকে সম্ভবত বঁটি দিয়ে কুপিয়ে খুন করা হয়। ময়নাতদন্তে মরদেহের গলা ও পায়ে এলোপাতাড়ি কোপের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এর বাইরে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে আর কিছুই আঁচ করতে পারছে না পুলিশ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি গতকাল মঙ্গলবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে সিলেট নগরের মানিকপীর গোরস্থানে মিলিকে দাফন করা হয়। গৃহকর্মী হনুফা বেগমের মরদেহ সুনামগঞ্জের বাড়িতে পাঠানো হয়। তবে এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত মামলা হয়নি।মিলির ভাই আবুল কাহের তুহিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা আসলে বুঝে উঠতে পারছি না যে, কী থেকে কী হলো। আপাতত কোনো কিছু মাথায়ও আসছে না।’ দাফনের কাজে ব্যস্ত থাকায় এখন পর্যন্ত মামলা করা হয়নি বলে তিনি জানান।সিলেট শহরের শিবগঞ্জ এলাকার খারাদিপাড়ায় আনন্দ-২৮/সি (পারিজাত) একতলা বাড়ি থেকে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে মিলি ও গৃহকর্মী হনুফার লাশ উদ্ধার করে পুলিশ। বাইরের কলাপসিবল গেট ও বাসার দরজা তালাবদ্ধ অবস্থায় ঘরের মেঝেতে দুজনের লাশ পড়ে ছিল। হত্যার পর লাশ দুটি দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে পুলিশ ধারণা করছে।গত সোমবার গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি বিশেষজ্ঞ দল। তারা একটি বঁটি ও মরদেহের পোড়া কিছু অংশ সংগ্রহ করে নিয়ে গেছে।জানা গেছে, খুনি শনাক্ত ও কারণ উদ্ঘাটনে পুলিশ মিলির পারিবারিক ও চারিত্রিক বিষয়াদির তথ্য সংগ্রহ করছে। পরিবারের বাইরে ওই বাসায় যাতায়াতকারীদের ব্যাপারে খোঁজ নেওয়ার পাশাপাশি বাসার গৃহকর্মীর বাড়ির তথ্যাদিও সংগ্রহ করা হচ্ছে। গৃহকর্মী হনুফার বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মহম্মদপুরে। প্রায় সাত মাস আগে হনুফা এ বাসায় কাজ করতে আসে।পরিবার ও প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মিলির মা প্রায় পাঁচ বছর আগে মারা গেছেন। বাবা ইসমাইল হোসেন অবসরপ্রাপ্ত চাকরিজীবী ছিলেন। প্রায় দুই বছর আগে তিনিও মারা যান। মৃত্যুর আগে তিনি খারাদিপাড়ায় ‘পারিজাত’ নামের বাড়িটি মিলির নামে লিখে দিয়ে যান। আগে মিলিদের পরিবার নগরের হাওয়াপাড়ায় বসবাস করত। সেখানেও তাঁদের কিছু সম্পত্তি রয়েছে। দুই ভাই চাকরি ও ব্যবসার কারণে সিলেটের বাইরে থাকায় মিলি ছিলেন অনেকটা একা। সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) রওশনুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার পেছনে কী কারণ থাকতে পারে, তা জানার চেষ্টা করছে পুলিশ।’মিলি নগরের কিশোরীমোহন বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করার পর আর পড়াশোনা করেননি। তিনি রোটারেক্ট ক্লাব, হাঙ্গার প্রজেক্ট, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এবং রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। জালালাবাদ রোটারেক্ট ক্লাবের সহসভাপতির দায়িত্বে ছিলেন তিনি।এদিকে নৃশংস এ ঘটনার পেছনে খুনিদের গ্রেপ্তারের দাবিতে ‘সিলেটের সর্বস্তরের সমাজকর্মীবৃন্দ’-এর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল মানববন্ধন হয়েছে। এতে সুজনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে সিলেটের রোটারেক্ট ক্লাবগুলো সম্মিলিতভাবে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ করে খুনিদের গ্রেপ্তারের দাবি জানায়।রোটারিয়ান এ কে কিমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, রোটারি জেলা গভর্নর মনজুরুল হক চৌধুরী, জালালাবাদ রোটারেক্ট ক্লাবের সভাপতি মালিক হুমায়ূন, রোটারিয়ান আবদুল হাই প্রমুখ। সুজনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ ও সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার গতকাল এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।