হাতকড়া পরা অবস্থায় বিএনপির নেতা রফিকুল ইসলাম মজুমদারের লাশ উদ্ধারের ঘটনা দেশব্যাপী আলোচিত হলেও গতকাল সোমবার পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। রাজনৈতিক প্রতিপক্ষ বা ব্যবসায়ী শত্রুরা তাঁকে হত্যা করেছে কি না, কিংবা তিনি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়েছেন কি না—এসব বিষয়ে কোনো ধারণাই মেলেনি। তাঁর পরিবারের সদস্যরা লাশ দাফন করতে চাঁদপুরের শাহরাস্তিতে গেছেন।রফিকুল ঢাকা মহানগর বিএনপির ৫৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র্যা বের পোশাক পরা সশস্ত্র ব্যক্তিরা ঝিনাইদহের শৈলকুপার আনন্দনগরে শ্বশুরবাড়ি থেকে তাঁকে ধরে নিয়ে যায়। দুই ঘণ্টা পরেই ২০ কিলোমিটার দূরে কুষ্টিয়ার কুমারখালী থানা এলাকার একটি মাঠে হাতকড়া পরা অবস্থায় তাঁর লাশ খুঁজে পান এলাকাবাসী।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম এ হত্যার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করে বলেছেন, সরকার পরিকল্পিতভাবেই তাঁকে খুন করেছে। গতকাল সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। গতকাল বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রফিকুলের জানাজা অনুষ্ঠিত হয়। রফিকুলের জানাজার আগে তরিকুল বলেন, ‘চৌধুরী আলম, ইলিয়াস আলী একইভাবে গুম হয়েছেন। এই সরকার গুম ও হত্যার সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর সঙ্গে জড়িত।’এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ারও অভিযোগ করেন, রফিকুলের হত্যার সঙ্গে সরকার জড়িত। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্বীকার করলেও সরকারেরই দায়িত্ব সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের খুঁজে বের করার।রফিকুলের জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।এদিকে গতকাল ১৪ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রফিকুল হত্যার বিষয়টি সরকার অতি গুরুত্বের সঙ্গে দেখছে। রাজনৈতিক-ব্যবসায়িক দ্বন্দ্ব, না গুপ্তহত্যা: রফিকুলের পরিবার তাঁর হত্যার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ধারণা দিতে পারছে না। রফিকুলকে অপহরণ ঘটনার প্রত্যক্ষদর্শী শাশুড়ি লিপি খাতুন ও ভায়রা সাঈদুর রহমান বলেন, অনুপ্রবেশকারী প্রত্যেকের হাতে একই রকম ছোট আকারের অস্ত্র (উজি রাইফেল) ও শরীরে কালো পোশাক ছিল। পোশাকে ‘র্যা ব’ লেখা ছিল। তাঁদের ব্যবহূত মাইক্রোবাসের সামনেও র্যা ব লেখা স্টিকার ছিল। তাঁর শ্বশুরবাড়ির লোকেরা মোটামুটি নিশ্চিত যে, তিনি গুপ্তহত্যার শিকার হয়েছেন। তবে র্যা ব-পুলিশ এ ঘটনার দায় শুরু থেকেই অস্বীকার করে আসছে।রফিকুলের স্ত্রী আয়েশা সিদ্দিকা চাঁদপুরের শাহরাস্তিতে গতকাল সাংবাদিকদের বলেন, ‘র্যা বই আমার স্বামীকে খুন করেছে।’এর আগে গত রোববার কুষ্টিয়ায় আয়েশা বলেন, চৌধুরী আলম নিখোঁজ হওয়ার পর তাঁর (চৌধুরী আলমের) সমর্থক বিএনপির নেতারা নানাভাবে রফিকুলকে হয়রানি করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রফিকুলকে চাপের মুখে রেখেছিল। ২০০৯ সালের ২৫ জুন র্যা ব পরিচয়দানকারীরা চৌধুরী আলমকে ধরে নেওয়ার পর থেকেই নিখোঁজ তিনি।এদিকে ঢাকা মহানগর বিএনপির একজন নেতা বলেন, চৌধুরী আলমের সঙ্গে একসময় রফিকুলের ঘনিষ্ঠতা ছিল। দুজনেই বঙ্গবাজার এলাকায় ব্যবসা করতে এসে রাজনীতিতে জড়িয়ে পড়েন। চৌধুরী আলম নিখোঁজ হওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন, এর পেছনে রফিকুলের কোনো কারসাজি ছিল। সেই ঘটনার প্রভাবে রফিকুলকে হত্যা করা হয়েছে বলে চৌধুরী আলম ও রফিকুলের পরিচিত অনেকে ধারণা করছেন।বঙ্গবাজার এলাকার ব্যবসায়ীরা ধারণা করছেন, ঢাকা মহানগর কমপ্লেক্স মার্কেটের আধিপত্য নিয়েও এ ঘটনা ঘটতে পারে। এর আগে ২০১১ সালের ১৪ জুলাই নিখোঁজ হন ঢাকা মহানগর কমপ্লেক্সের (তৎকালীন ঢাকা সুপার মার্কেট) মালিক দাবিদার হাজি মো. ওয়াজিউল্লাহ (৮০)। তাঁরও এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। হাজি ওয়াজিউল্লাহ অপহরণ মামলার ৫ নম্বর আসামি ছিলেন রফিকুল ইসলাম মজুমদার ওরফে কালা রফিক। এই মার্কেটের সঙ্গে যুক্ত ছিলেন চৌধুরী আলমও। বর্তমানে মার্কেটটি নিয়ন্ত্রণ করছেন আবদুর রহমান ওরফে রহমান হুজুর নামের এক ব্যক্তি। একসময়ে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সম্প্রতি রহমান হুজুরের সঙ্গে মার্কেটের আধিপত্য নিয়ে রফিকুলের বিবাদ তৈরি হয়। রেলওয়ের ১১০ শতক জমি নিয়ে মার্কেটটি গড়ে তোলা হয়েছে। সেই জমির দাম শতকোটি টাকার ওপরে।তবে এখন পর্যন্ত এসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি।মামলা হয়নি, দুটি জিডি: রফিকুল হত্যার বিষয়ে গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। শৈলকুপা থানা এলাকা থেকে অপহরণের পর তাঁর লাশ মেলে কুমারখালী থানা এলাকায়। পুলিশ সূত্র জানিয়েছে, যেহেতু আগে অপহরণের ঘটনা ঘটেছে, তাই সেটিকেই ঘটনাস্থল হিসেবে ধরে নিয়ে শৈলকুপা থানাতেই মামলা করতে হবে।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী গতকাল রাতে বলেন, এ বিষয়ে নিহত ব্যক্তির কেউ মামলা দিতে না আসায় মামলা হয়নি। তবে তদন্ত চলছে।কুমারখালী থানার ওসি আলী নওয়াজ বলেন, তাঁর থানায় দুটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ। একটি লাশ পাওয়ার ঘটনায়, আরেকটি লাশের অবস্থা বর্ণনা করে। এই জিডির সূত্র ধরে পুলিশের তদন্ত চলছে বলে তিনি জানান।নিহত ব্যক্তির ভায়রা সাইদুর বলেন, মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে দল (বিএনপি)।দাফন: এদিকে রফিকুলের হত্যার খবরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের মজুমদারবাড়িতে হাজারো মানুষের ঢল নামে। গতকাল রাতে তাঁর দাফন হয়। জানাজা ও দাফনে হাজার হাজার মানুষ অংশ নেন। ছেলের মৃত্যুতে রফিকের ৮০ বছরের বাবা মনিরুজ্জামান মজুমদার বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। বৃদ্ধ মা সুফিয়া বেগম কেঁদে কেঁদে একই বিলাপ বকছেন, ‘আমার পোলা কী দোষ করছে, আমি জানতে চাই।’বিক্ষোভ-ভাঙচুর: হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বেলা দেড়টার দিকে ঢাকার বঙ্গবাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন ব্যবসায়ীরা। এ সময় তাঁরা রাস্তায় চলাচলকারী কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।[প্রতিবেদনে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ, কুষ্টিয়া ও শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি]