সূত্রাপুরে টাকা-মুঠোফোন ছিনতাই, আহত ২
রাজধানীর সূত্রাপুর থানার ধোলাইপাড়ে ছিনতাইকারীরা ১৪ হাজার টাকাসহ দুটি মুঠোফোন ছিনতাই করেছে। আজ সোমবার ভোরের এ ঘটনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন আসাদুল তালুকদার (২২) ও তাঁর বড় ভাই ফারুক তালুকদার (৩০)।আসাদুল ও ফারুক ঢাকার কলাবাগানে ২৮, নর্থ সার্কুলার রোডে থাকেন। তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। কলাবাগানে আসাদুলের একটি লন্ড্রির দোকান আছে। ফারুক সিটি গ্রুপের একজন কর্মচারী। আহত ফারুক বলেন, ‘আমরা দুই ভাই আজ ভোরে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে রিকশায় করে ধোলাইপাড়ে যাচ্ছিলেন। সেখানে পৌঁছালে দুজন অস্ত্রধারী ছিনতাইকারী আমাদের রিকশার গতিরোধ করে। এ সময় তারা আমাদেরকে ছুরি মেরে নগদ ১৪ হাজার টাকা ও দুটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘আসাদুলকে বুকের বাঁপাশে ও আমার ডান হাতে ছুরি মারে। আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি এবং আসাদুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।’ সূত্রাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ জানান, লোকমুখে ছিনতাইয়ের ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠান। তারা আহতদের সঙ্গে কথা বলেছে। তবে এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।