সূত্রাপুরে ডাকাত শহীদের দুই সহযোগী গ্রেপ্তার
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের টিপু সুলতান রোড এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে গতকাল শুক্রবার রাতে ডাকাত শহীদের দুই সহযোগীকে গ্রেপ্তারের করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: ভাগনে ফারুক (৩০) ও আল আমিন (২৮)। তাঁদের কাছ থেকে দুটি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে।সূত্র জানায়, ডিবির অতিরিক্ত উপকমিশনার মসিউর রহমানের কাছে খবর আসে, সূত্রাপুরের টিপু সুলতান রোড এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে ক্রসফায়ারে নিহত ডাকাত শহীদের দুই সহযোগী ফেনসিডিল বেচাকেনা করছেন। পরে তাঁর নেতৃত্বে ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ভাগনে ফারুক ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে দুটি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। মসিউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, আল আমিনকে দিয়ে ফেনসিডিল বহন ও বিক্রি করাতেন ভাগনে ফারুক। একই সঙ্গে ধনী ব্যক্তিদের মুঠোফোন নম্বরও সংগ্রহ করত আল আমিন। পরে ভাগনে ফারুক মুঠোফোনে কল দিয়ে চাঁদাবাজি করতেন। এঁদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদকব্যবসাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে করা ১১টি মামলা রয়েছে।