সূত্রাপুরে ব্যাংকে নিরাপত্তাকর্মী খুন, তবে কিছু খোয়া যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সূত্রাপুরে সোনালী ব্যাংকের ফরাশগঞ্জ শাখায় ব্যাংকের নিরাপত্তাকর্মী আবদুল জব্বার (৪৮) খুন হয়েছেন। পুলিশ বলেছে, দুর্বৃত্তরা ডাকাতি করতে ওই ব্যাংকে ঢুকেছিল। বাধা পেয়ে তারা জব্বারকে হাতুড়ির আঘাতে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ব্যাংকের কিছু খোয়া যায়নি, ভল্ট অক্ষত আছে।এদিকে রাজধানীতে দুই তরুণীসহ আরও তিনজন খুন হয়েছেন।সূত্রাপুর থানার পুলিশ জানায়, গতকাল সকালে খবর পেয়ে পুলিশ সোনালী ব্যাংকের ফরাশগঞ্জ শাখার মেঝে থেকে জব্বারের বিবস্ত্র ও রক্তাক্ত লাশ উদ্ধার করে। পাশ থেকে উদ্ধার করা হয় রক্তমাখা একটি হাতুড়ি। লাশের পাশে ছিল তাঁর কাপড়-চোপড় এবং শাড়ি ও ব্লাউজ। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। জব্বার ব্যাংকের পিয়নের দায়িত্বও পালন করতেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দগঞ্জে।ওই শাখার আয়া খোদেজা বেগম জানান, সকাল আটটার দিকে তিনি এসে দেখেন নিচতলার সিঁড়ি থেকে দ্বিতীয় তলায় ব্যাংকে প্রবেশের তিনটি কলাপসিবল গেটের তালাই ভাঙা। দ্বিতীয় তলায় ঢুকে দেখেন, ব্যবস্থাপকের কক্ষের সামনে জব্বার রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তিনি চিৎকার করতে করতে নিচে নেমে দেখেন পাশের চায়ের দোকানে তিন-চারজন সহকর্মী চা পান করছেন। তিনি তাঁদের ঘটনাটি জানান। তাঁরা ফোন করে থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।সোনালী ব্যাংকের ফরাশগঞ্জ শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা চেষ্টা করেও ব্যাংকের একটি স্টিলের আলমারির তালা ভাঙতে পারেনি এবং ভল্টে ঢোকার তিনটি দেয়ালের একটির অর্ধেকের মতো কাটলেও তারা ভল্টে ঢুকতে পারেনি।পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার তৌফিক মাহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই নিরাপত্তাকর্মীর পূর্বপরিচিত কোনো নারীকে ডাকাতেরা কৌশলে ব্যাংকে ঢুকিয়েছিল। নিরাপত্তাকর্মী ঘুমিয়ে পড়লে ওই নারী ফটক খুলে ডাকাতদের ব্যাংকে ঢোকায় এবং তারা মাথায় আঘাত করে তাঁকে হত্যা করে। তারা ডাকাতির চেষ্টাও করে। সম্ভবত ভোর হয়ে যাওয়ায় তারা পালিয়ে যায়। তিন ফটকের চাবি নিচতলায় সিঁড়ির কাছ থেকে পুলিশ জব্দ করেছে।পুলিশের উপকমিশনার বলেন, ব্যাংকটিতে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) না থাকায় খুনিদের শনাক্ত করতে পুলিশকে বেগ পেতে হচ্ছে। ব্যাংকের নিরাপত্তাব্যবস্থাও ছিল দুর্বল।সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) এ কে আজাদ সন্ধ্যায় জানান, ওই শাখার ব্যবস্থাপক বাদী হয়ে অজ্ঞাত লোকজনকে আসামি করে মামলা করেছেন। এজাহারে বলা হয়, দুর্বৃত্তরা ব্যাংকের টাকা-পয়সা লুট করতেই নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খুনিদের গ্রেপ্তারে অভিযান চলছে।পোশাকশ্রমিক খুন: কদমতলী থানার পুলিশ জানায়, গত সোমবার রাত ১০টার দিকে জুরাইনের আলম মার্কেটের সামনে পোশাকশ্রমিক মো. সুমনকে (২০) কথাকাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করেন সহকর্মী রুবেল। তাঁকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হলে রাত দুইটার দিকে তিনি মারা যান। তিনি আলম মার্কেটের এক পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তাঁর বাড়ি গাজীপুরের টঙ্গীর হায়দারাবাদে, বাবার নাম জসিমউদ্দিন।দুই তরুণীর লাশ উদ্ধার: গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর-সংলগ্ন বেড়িবাঁধ থেকে রুনা ওরফে চিকনি রুনা (২৫) নামে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করে উত্তরা থানার পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদনে বলা হয়, রুনা মাদকসেবী ছিলেন। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।এদিকে তুরাগ থানার পুলিশ সকালে মিরপুর-আশুলিয়া সড়কের পাশ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (২০) লাশ উদ্ধার করে। তাঁর মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরনে ছিল গোলাপি কামিজ ও লাল সালোয়ার। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।