সূত্রাপুরে শিবমন্দিরে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর শিবমন্দিরে গতকাল মঙ্গলবার রাতে চুরি হয়েছে। মন্দির থেকে প্রায় পাঁচ ভরি সোনা, ছয় ভরি রুপা এবং সাত হাজার টাকা চুরি গেছে বলে দাবি করেছে মন্দির কর্তৃপক্ষ।মন্দিরের পূজারি মানিক চক্রবর্তী জানান, সূত্রাপুরের কদমতলার ঋষিকেশ দাস রোডে মন্দিরটি অবস্থিত। গতকাল রাত আটটার দিকে তিনি মন্দিরে তালা লাগিয়ে চলে যান। আজ সকাল সাড়ে সাতটার দিকে মন্দিরের ঝাড়ুদার অর্চনা দেখেন মন্দিরের তালা ভাঙা এবং মূর্তির গায়ে অলংকার নেই। পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে আসে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, মন্দিরে কোনো নৈশপ্রহরী থাকে না। তাই গভীর রাতে তালা ভেঙে এ স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটতে পারে। তদন্ত চলছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।