সূত্রাপুরে সাইবার ক্যাফের ২ কর্মচারীর লাশ উদ্ধার
রাজধানীর সূত্রাপুরে একটি সাইবার ক্যাফের দুই কর্মচারী রফিকুল ইসলাম রতন (২৫) ও হেলালের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা দেড়টায় সূত্রাপুরের কে এম দাস লেনের জিনিয়াস নেট বাংলাদেশ নামের একটি সাইবার ক্যাফে থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।দোকানের মালিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রতন ও হেলাল দুজনই গতকাল মঙ্গলবার রাতে ভেতরের দিকে দরজা লাগিয়ে দোকানে ঘুমিয়ে পড়েন। আজ সকালে দোকানের মালিক এসে ডাকাডাকি করেও তাঁদের কোনো সাড়া শব্দ পাননি। পরে আশপাশের লোকজন এসে দোকানের দরজা ভেঙে ভেতরে ঢুকে। তারা দোকানের ভেতরে রতন ও হেলালের লাশ মাটিতে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।সূত্রাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা জি এম ফরমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো এ নিয়ে থানায় কোনো মামলা হয়নি।