সূর্য চাঁদ ছায়া, দুপুরে সকালের মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতে মানুষের ভিড় এমনিতেই থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সূর্যাস্ত উপভোগ করতে বিকেলে ভিড়টা একটু বেশিই থাকে। কিন্তু গতকাল শুক্রবার দিনটি ছিল অন্য রকম। সৈকতে হাজার হাজার মানুষ। চোখেমুখে কৌতূহল আর আনন্দ। তবে এই সমাগম সূর্যাস্ত দেখতে নয়, বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে। আর সেই মাহেন্দ্রক্ষণে ভরদুপুরে মেলে শীতের সকালের আমেজ।বেলা ১১টা থেকে শত শত মানুষ রাস্তায়। কেউ রিকশায়, কেউ সিএনজিচালিত অটোরিকশায়, কেউ আবার হেঁটে...। গন্তব্য সমুদ্রসৈকত। দুপুর ১২টার আগেই সমুদ্রসৈকতের কলাতলী সার্ফিং পয়েন্টে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত। দুপুর ১২টা ৪৩ মিনিটে মাইকে ঘোষণা—‘আর এক মিনিট পরেই বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হবে। আপনারা প্রস্তুতি নিন।’ এরপর মানুষের ছোটাছুটি।বলয়গ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণে সহায়তা দিতে আগে থেকেই প্রস্তুত ছিল বিজ্ঞান সংগঠন অনুসন্ধিত্সু চক্র। তারা সৈকতের সার্ফিং পয়েন্টের বিশাল বালুচরে কামানের মতো করে পশ্চিমমুখী ৫০টির বেশি টেলিস্কোপ স্থাপন করে। শামিয়ানার ভেতরেও ছিল বিশাল পর্দায় সূর্যগ্রহণ পর্যবেক্ষণের ব্যবস্থা। লোকজন মুহূর্তে এসব দখল করে নিল। বলয়গ্রাস সূর্যগ্রহণ একজনের দেখা শেষ হলে আরেকজন। এভাবে চলে বিকেল চারটা পর্যন্ত।দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদ আসেন সমুদ্রসৈকতে। ১২টা ৪৫ মিনিটে বলয়গ্রাসের প্রথম দৃশ্য দেখে জেলা প্রশাসক বললেন, ‘ওমা, সূর্যটা হলুদ দেখাচ্ছে কেন।’ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জ্যোতির্বস্তুবিদ্যার অধ্যাপক দীপেন ভট্টাচার্য ও জ্যোতির্বিদ এ আর খান বলয়গ্রাস সূর্যগ্রহণের ব্যাখ্যা দেন।শীতের সকালদুপুর ১২টা ৪৪ মিনিটে কক্সবাজার সমুদ্রসৈকতে বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হয়। পশ্চিমাকাশে হেলে পড়া সূর্যের উত্তর কোনার নিচ থেকে গ্রাস শুরু হয়। কেউ কেউ তখনো ঠিক এই মহাজাগতিক ঘটনা বুঝতে পারছে না। অনুসন্ধিত্সু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের প্রধান শাহজাহান মৃধা বললেন, এটা আর কিছু না। স্রেফ চাঁদের ছায়া। পূর্ণগ্রাসে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলে। কিন্তু বলয়গ্রাস সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। তাই চাঁদের চারদিকে সূর্যালোকের একটি সরু বলয় বা রিংয়ের মতো দেখায়। এটিই বলয়গ্রাস সূর্যগ্রহণ। বাংলাদেশ থেকে পরবর্তী বলয়গ্রাস সূর্যগ্রহণ ২০৬৪ সালের ১৭ ফেব্রুয়ারির আগে দেখা যাবে না।মাত্র ১৫ মিনিটের মাথায় সূর্যটা বাংলা ‘৫’-এর মতো হয়ে যায়। দুপুর দুইটায় চাঁদের ছায়া সূর্যের ৪০ শতাংশ ঢেকে ফেলে। আড়াইটার দিকে বলয়গ্রাস সূর্যগ্রহণের ঘোষণাটা মাইকে আসার সঙ্গে সঙ্গে বিপুলসংখ্যক মানুষ চিত্কার করে ওঠেন। দূরে দাঁড়ানো লোকজনকে অনেকে ইশারায় বলেন, ‘দেখ দেখ, বলয়গ্রাস হচ্ছে।’ পাঁচ-ছয় মিনিট ধরে ভরদুপুরের আকাশটা শীতের কুয়াশাচ্ছন্ন সকালের মতো হয়ে যায়। এরপর চাঁদটা সূর্যের দক্ষিণ কোনা দিয়ে বেরিয়ে যায়। বিকেল তিনটা ৫৮ মিনিটে শেষ হয় গ্রাস। সূর্য ফিরে পায় আগের পূর্ণতা।বালুচরে দাঁড়িয়ে টেলিস্কোপে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা নবী (২৩)। সঙ্গে মা-বাবা ও দুই ভাইবোন। সায়মা বললেন, ‘৫৫ বছর পর নাকি আবার বলয়গ্রাস এবং ১০৫ বছর পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তত দিন আমরা কেউ বেঁচে থাকি কি না সন্দেহ। তাই দুর্লভ বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে চট্টগ্রাম থেকে ছুটে এলাম। বাবা-মাকে বললাম, তোমরাও চলো। এই সুযোগ হাতছাড়া করতে নেই।’সিলেটের হরিপুর থেকে আসা ব্যবসায়ী শাহজাহান খানের মন খারাপ। কারণ, বলয়গ্রাস সূর্যগ্রহণের ছবি তাঁর ক্যামেরায় আসছে না। বললেন, ‘এত দূর থেকে আসলাম, ছবিটা নিয়ে যেতে পারলাম না। ছবিটা থাকলে বাড়ির সবাইকে দেখাতে পারতাম।’ তাপমাত্রার হেরফেরকক্সবাজারে বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় তাপমাত্রারও হেরফের দেখা গেল। বলয়গ্রাস শুরুর আগে ১২টা ৪২ মিনিটে তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ধীরে ধীরে তা কমে বেলা আড়াইটায় পূর্ণ বলয়গ্রাসের সময় তাপমাত্রা ২৪ দশমিক শূন্য ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এরপর আবার বাড়তে থাকে। গ্রাস পূর্ণতা পেলে তাপমাত্রা বেড়ে ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়।সর্বোচ্চ গ্রহণবলয়গ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা গেছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। কয়েকটি বিজ্ঞান সংগঠন সেখানে হাজার হাজার মানুষকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ করে দেয়। অনুসন্ধিত্সু চক্রের শাহজাহান মৃধা জানান, সেন্ট মার্টিনে বলয়গ্রাস সূর্যগ্রহণের স্থায়িত্ব ছিল আট মিনিট ২৯ সেকেন্ড, টেকনাফে প্রায় সাত মিনিট, আর কক্সবাজারে পাঁচ মিনিট ২৬ সেকেন্ড।বলয়গ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণের মূল আয়োজন কক্সবাজার, সেন্ট মার্টিনে হলেও দেশের অন্য স্থানেও ছিল উত্সাহ-উদ্দীপনা। ঢাকায় আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, অনুসন্ধিত্সু চক্র রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ দেশের ২০টি স্থানে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য ক্যাম্প স্থাপন করে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গাজীপুরসহ দেশের বেশ কিছু স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্যাম্প স্থাপন করা হয়েছিল। বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, চীন, শ্রীলঙ্কা, ভারত, দক্ষিণ কোরিয়া এবং আফ্রিকার কঙ্গো, সোমালিয়া, উগান্ডা, কেনিয়া, পশ্চিম আফ্রিকায় এবারের বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে।