সূর্যসেন হলে ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, আহত ১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে আজ বুধবার সকালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসাইন ও সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিকের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে সভাপতির সমর্থক ও ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তকি হোসেন আহত হন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।১ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২টি ছাত্র হলে ছাত্রলীগের হল কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণার পর এটিই প্রথম সংঘর্ষের ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল নয়টার দিকে তকি হোসেন হলে ঢুকছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে সাধারণ সম্পাদকের সমর্থক কর্মীরা তাঁকে মারধর করেন। এতে তকি আহত হন।এর জের ধরে সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকেরা লাঠিসোঁটা ও রড নিয়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় জড়িয়ে পড়েন। এ সময় একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী, হলের প্রাধ্যক্ষ আশরাফ আলী, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক ওমর শরীফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘হলের এক জ্যেষ্ঠ ছাত্রকে পূর্বশত্রুতার জের ধরে কনিষ্ঠ ছাত্ররা মারধর করেছে। আহত ছাত্রের কাছ থেকে শোনা হবে—কারা তাকে মারধর করেছে। পরে তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।’