সৃজনশীল পদ্ধতি তোমাদের মেধার বিকাশ ঘটাবে
চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী।প্রিয় পরীক্ষার্থী সৃজনশীল পদ্ধতিতে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সৃজনশীল পরীক্ষা পদ্ধতিসহ এর তাৎপর্য ও প্রেক্ষাপট জানা থাকা দরকার, যা তোমাদের বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর লিখতে সহজ করে তুলবে। সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের স্মরণশক্তি, অনুধাবন ক্ষমতা, জ্ঞানের প্রয়োগ ও বিশ্লেষণ ক্ষমতা যাচাই করার সুযোগ থাকবে। তোমরা প্রথমবারের মতো এ ধরনের পরীক্ষায় অংশ নিচ্ছ। পড়াশোনা, খাওয়া, বিশ্রামসহ সব কাজকর্ম স্বাভাবিকভাবে বজায় রাখবে, অধিক রাত পর্যন্ত পড়াশোনা করবে না। পরীক্ষা শুরুর আগের দিন পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডসহ একাধিক কলম, পেনসিল, স্কেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখবে। যাতে পরীক্ষার দিন সকালে পরীক্ষার হলে খাতায় যাওয়ার সময় প্রয়োজনীয় কোনো কিছু বাদ না পড়ে। আর পরীক্ষার হলে বৃত্ত পূরণের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। এ ক্ষেত্রে তাড়াতাড়ি করার প্রয়োজন নেই। নৈর্ব্যক্তিক অংশসহ যে কয়টি প্রশ্নের উত্তর চাওয়া হবে, তা মাথা ঠান্ডা রেখে ভালোভাবে উত্তর লেখার চেষ্টা করবে। তা হলেই তোমরা এ পরীক্ষায় ভালো ফল বয়ে আনতে পারবে।