অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকাএখন সৃজনশীল পদ্ধতির পরীক্ষা, এই পদ্ধতি নতুন হলেও খুব কঠিন কিছু না, তাই ভয়ের কিছু নেই। এই পরীক্ষায় মুখস্থের চেয়ে অনুধাবন ও বাস্তবে প্রয়োগের জ্ঞান অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ জন্য পাঠ্যবই ভালোভাবে বুঝে পড়তে হবে, যাতে প্রশ্ন কমন না পড়লেও নিজের মেধা ও বুদ্ধি দিয়ে উত্তর করতে পারো। সৃজনশীল পদ্ধতির পরীক্ষায় সাজেশন-নির্ভরতা মোটেই গ্রহণযোগ্য নয়। বরং নিয়মিত একটু সময় ধরে মূল পাঠ্যবই আগাগোড়া পড়তে হবে। বিশেষ করে ভালো রেজাল্ট করতে সব বিষয় গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর বেশি নম্বর পেতে সঠিক বানানের যথাযথ ব্যবহার ও প্রশ্নানুযায়ী সময় বণ্টন করে উত্তর লেখার অভ্যাস করতে হবে। এ জন্য মডেল প্রশ্ন তৈরি করে নিজেই নিজের পরীক্ষা নিতে পারো এবং বানান ভুলসহ অন্যান্য ভুল শুধরানোর জন্য একজন শিক্ষককে দিয়ে খাতাটি মূল্যায়ন করিয়ে নিতে পারো। এতে কোন অধ্যায়ে তোমার দুর্বলতা রয়েছে, তা শনাক্ত হবে এবং সেই হিসেবে অগ্রসর হবে, যা ভালো ফল করতে সহায়ক হবে।পরীক্ষার শেষ মুহূর্তে শিক্ষার্থীরা অনেকে বেশি দুশ্চিন্তা করে, যা পড়াশোনায় তার মনোযোগ নষ্ট করে। তাই দুশ্চিন্তা করা যাবে না এবং সুস্থ থাকার চেষ্টা করাসহ ইতিবাচক মানসিকতা তৈরির চেষ্টা করতে হবে।