শিক্ষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল, ঢাকা।প্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। সৃজনশীল পদ্ধতিতে বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষা হবে। তোমরা খুব ভালো করে প্রস্তুতি নেবে। ‘লোকজনের কোলাহলে আরজ আলীর ঘুম ভেঙে গেলে দেখে, লতিফ জোয়ার্দারের লোকজন তার চরের জমিটা দখল করেছে এবং খেতের সোনালি ধান কেটে নিয়ে যাচ্ছে। ফিনকি দিয়ে মাথায় রক্ত উঠে গেল আরজ আলী। সে তার ছেলে জমির আলীসহ পাড়া-প্রতিবেশী সব নিয়ে লাঠি হাতে দৌড় দেয় মণপুরা চরে। সেখানে জোয়ার্দারের লোকদের সঙ্গে ভয়ানক সংঘর্ষ হয়। লাঠির আঘাতে আরজ আলীর মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়। একসময় তার অবশ দেহ মাটিতে লুটিয়ে পড়ে। জমির আলী বাবার লাশ বুকে নিয়ে গগনবিদায়ী চিৎকার করতে থাকে। ইতিমধ্যে গ্রামবাসীর সঙ্গে টিকতে না পেরে পালিয়ে যায় জোর্য়াদারের লোকজন। সেই মনপুরাতেই দাফন করা হয় আরজ আলীকে।’ওপরের উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও।ক। ‘অবাক সূর্যোদয়’ কবিতাটি কোথা থেকে সংকলিত? ১খ। ‘লোলিত পাপের আমূল রসনা ক্রুর অগ্নিতে ঢাকা’ উক্তিটির তাৎপর্য কী? ২গ। উদ্দীপকের জমির আলীর সঙ্গে ‘অবাক সূর্যোদয়’-এর যাদের সাদৃশ্য আছে তা তুলে ধরো। ৩ঘ। ‘উদ্দীপকের মূল বক্তব্যই যেন অবাক সূর্যোদয়ের মূল বক্তব্য’—উক্তটি মূল্যায়ন করো। ৪১ নম্বর প্রশ্নের উত্তর (ক)‘অবাক সূর্যোদয়’ কবিতাটি বজ্রচেরা আঁধার আমার কাব্যগ্রন্থ থেকে সংকলিত। ১ নম্বর প্রশ্নের উত্তর (খ)প্রখ্যাত সাহিত্যিক হাসান হাফিজুর রহমানের ‘অবাক সূর্যোদয়’ কবিতাটিতে ‘লোলিত পাপের আমূল রসনা ক্রুর অগ্নিতে ঢাকা’ চরণটির একটি প্রতীকী তাৎপর্য রয়েছে। চরণটির আক্ষরিক অর্থ হচ্ছে পাপের লকলকে অস্থির জিহবা নিষ্ঠুর অগ্নিতে সুপ্ত রয়েছে। কিন্তু এখানে উদ্ধৃতাংশটিতে বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের তথা রাজাকারদের কথা বলা হয়েছে। তারা দেশের স্বাধীনতাকে ভূ-লুণ্ঠিত করতে ছাই-চাপা আগুনের মতো ঘুমন্ত রয়েছে। যেকোনো সময় তারা জেগে দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দেবে। আবার শকুনের মতো থাবা বিস্তার করে গ্রাস করতে চাইবে আমাদের স্বাধিকার ও স্বাধীনতা। তাই তাদের সম্পর্কে উদ্ধৃত উক্তিটি করা হয়েছে। ১ নম্বর প্রশ্নের উত্তর (গ)উদ্দীপকের আরজ আলীর সঙ্গে ‘অবাক সূর্যোদয়’-এর শহীদদের সাদৃশ্য রয়েছে।যুগ যুগ ধরে মানুষ নিজেদের স্বাধীনতা আদায়ের লক্ষ্যে প্রাণ বিসর্জন দিয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যখন পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচারে অতিষ্ঠ, তখন তারা প্রতিরোধ গড়ে তোলে। বাংলার বীর শহীদেরা নিজ দেশের স্বাধীনতা ও স্বীয় অধিকার আদায়ের লক্ষ্যে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দেন। এভাবে প্রাণদানের মাধ্যমে তাঁরা নিজেদের মাতৃভূমির স্বাধীনতা আদায় করে নেন।আবার, উদ্দীপকে আরজ আলী তার অধিকার আদায়ের লক্ষ্যে লতিফ জোর্য়াদারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। অবশেষে স্বীয় প্রাণদানের মাধ্যমে নিজেদের স্বাধীনতা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছে। একাত্তরের বীর শহীদদের সঙ্গে আরজ আলীর আত্মত্যাগের সাদৃশ্য রয়েছে। আরজ আলী দেখিয়ে দিয়েছে, ঐক্যবদ্ধ সংগ্রাম ও আত্মদানের মাধ্যমে অধিকার আদায় করা যায়। একাত্তরের বীর সেনানিরা যেমনটি করেছিলেন। এভাবে আমরা আরজ আলীর সঙ্গে ‘অবাক সূর্যোদয়’ কবিতার বীর শহীদদের আত্মদানের মাধ্যমে স্বাধিকার অর্জনের সাদৃশ্য খুঁজে পাই। ১ নম্বর প্রশ্নের উত্তর (ঘ)আত্মত্যাগ ও আত্মদানের মাধ্যমে স্বাধিকার ও স্বাধীনতা অর্জন একটি প্রথাগত প্রক্রিয়া। উদ্দীপক এবং অবাক সূর্যোদয়ে এ প্রসঙ্গটি সাদৃশ্যপূর্ণ। ‘অবাক সূর্যোদয়’ কবিতায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও সেই স্বাধীনতাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচারে বাঙালিদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন তারা পরাক্রমশালী পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। লাখো শহীদের প্রাণ ও মা-বোনের সম্ভ্রম হারানোর বিনিময়ে আজ আমরা স্বাধীনতা ও নিজেদের অধিকার লাভ করেছি। এ কাহিনিই ‘অবাক সূর্যোদয়’ কবিতায় ফুটে উঠেছে। পাশাপাশি এ স্বাধীনতাকে সমুন্নত রাখার দৃঢ় শপথ ও প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি, আরজ আলীরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে জীবন বাজি রেখে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে জোর্য়াদারের বিপক্ষে। আমরা দেখতে পাচ্ছি, আরজ আলী সংগ্রামে নিজের প্রাণ হারায়। তা দেখে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাদের বিক্ষোভের তোড়ে টিকতে না পেরে জোর্য়াদারের লোকেরা পালিয়ে যায়। এভাবে আরজ আলীরা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজ অধিকার আদায় করে নেয়।উপযুক্ত আলোচনায় দেখা যায়, উদ্দীপকের মূল বক্তব্যই অবাক সূর্যোদয়ের মূল বক্তব্য। তবে কবিতায় অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখার কথা বলা হয়েছে। কবি বারবার আমাদের সাবধান করেছেন সেসব স্বাধীনতাবিরোধী শক্তি সম্পর্কে। কবির মতো স্বাধীনতাবিরোধী রজাকারদের পাপের জিহ্বা আজও লকলক করছে। তাদের থেকে স্বাধীনতা ও স্বাধীন দেশকে রক্ষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত হয়েছে আলোচ্য কবিতায়। কিন্তু উদ্দীপকে অর্জিত অধিকার রক্ষা করার কথা বলা হয়নি, জোয়ার্দারদের কোনো অপতৎপরতার কথাও উদ্দীপকে নেই। তাই উক্তিটি পুরোপুরি সমর্থনযোগ্য নয়। জেনে নাও উত্তর লেখার দরকারি তথ্য:বর্তমানে সৃজনশীল পদ্ধতিতে এ জাতীয় অপ্রাসঙ্গিক বক্তব্য দেওয়া বা বাহুল্যদোষ ঘটানো যাবে না। এখন পরিমিত প্রশ্ন পরিমিত উত্তর। অর্থাৎ প্রশ্নও থাকবে সুনির্দষ্ট এবং উত্তরও হবে সুনির্দিষ্ট। সেই সুনির্দিষ্ট কিছু নিয়মকানুন সম্পর্কে আজ আমরা জানব।১. সৃজনশীল পদ্ধতিতে যেকোনো গল্প-কবিতার ভাবের আলোকে একটি মৌলিক উদ্দীপক থাকে এবং যে গল্প বা কবিতার আলোকে উদ্দীপক তৈরি করা হয়েছে, সেই গল্প বা কবিতা থেকেই জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন করা হবে। কোনোক্রমেই উদ্দীপক থেকে জ্ঞান এবং অনুুধাবনের প্রশ্ন করা যাবে না। সৃজনশীল পদ্ধতিতে যেহেতু চারটি অংশ (জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা) মিলে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন, তাই প্রতিটি অংশের উত্তর লেখার সময় প্রতিবার ১ নম্বর প্রশ্নের উত্তর (ক), ১ নম্বর প্রশ্নের উত্তর (খ), ১ নম্বর প্রশ্নের উত্তর (গ) এবং ১ নম্বর প্রশ্নের উত্তর (ঘ)—এভাবে লিখতে হবে। ২. যেকোনো একটি প্রশ্নের উত্তর লেখা শুরু করলে তার চারটি অংশের উত্তরই ধারাবাহিকভাবে লিখতে হবে। একটি প্রশ্নের জ্ঞানের উত্তর আরেক প্রশ্নের প্রয়োগের উত্তর—এভাবে করা যাবে না। কোনো উত্তর যদি কেউ না পারে, সে ক্ষেত্রে সেটা বাদ দিয়ে এর পরের অংশের উত্তর কতে হবে। জায়গা ফাঁকা রাখার দরকার নেই। ৩. জ্ঞানমূলক প্রশ্নের উত্তর একটি শব্দে, একাধিক শব্দে বা একটি বাক্যে দেওয়া যাবে। তবে আমরা জ্ঞানমূলকের উত্তর একটি পূর্ণাঙ্গ বাক্যে দেওয়ার চেষ্টা করব। যেমন—‘অবাক সূর্যোদয়’ কবিতার ভাবের আলোকে নিচে একটি উদ্দীপক এবং সংশ্লিষ্ট চারটি প্রশ্ন দেওয়া হলো। এ পৃষ্ঠার প্রথমে একটি নমুনা উত্তরও দেওয়া হলো। ৪। অনুধাবনমূলক প্রশ্নের নম্বর-২। কারণ এর মধ্যে একটি নম্বর জ্ঞানের জন্য, আরেকটি নম্বর অনুধাবনের জন্য। তুমি ইচ্ছে করলে জ্ঞান অংশের উত্তর আগে এবং অনুধাবনমূলক উত্তর পরে অথবা অনুধাবনমূলকের উত্তর আগে, জ্ঞানমূলকের উত্তর পরে লেখা যায়। তবে জ্ঞানমূলকের উত্তর আগে লিখে অনুধাবনের উত্তর পরে লেখাই ভালো। ৫। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর এক প্যারায়ও লেখা যায়, দুই প্যারায়ও লেখা যায়। তবে আমরা দুই প্যারায় লেখার চেষ্টা করব। তাতে উত্তরের ধারাবাহিকতা থাকে এবং পরীক্ষকের খাতা দেখতেও সুবিধা হয়। আর অনুধাবনমূলক প্রশ্নের শুরুতে কবি/সাহিত্যিক এবং সংশ্লিষ্ট কবিতা/গল্পের নামটি উল্লেখ করতে পারলে ভালো। যেমন—অনুধাবনের প্রশ্ন ছিল—‘লোলিত পাপের আমূল রসনা ক্রুর অগ্নিতে ঢাকা’—কথাটির তাৎপর্য কী?৬। প্রয়োগমূলক প্রশ্নের মোট নম্বর-৩। ১ নম্বর জ্ঞানে, ১ নম্বর অনুধাবনে এবং ১ নম্বর প্রয়োগে। কাজেই এ প্রশ্নের উত্তরে তিন প্যারা করাই উত্তম। যদিও এক প্যারায় সব তথ্য দিয়ে উত্তর লিখলেও হবে। তবে আমরা তিন প্যারায়ই করব। প্রয়োগ মানে আমরা জানি শিক্ষার্থী তার পাঠ্যবই থেকে যা জেনেছে এবং যা বুঝেছে তা নতুন ক্ষেত্রে অর্থাৎ উদ্দীপকে প্রয়োগ করবে। কাজেই উদ্দীপকটি যে ভাবের আলোকে তৈরি করা হয়েছে অর্থাৎ উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট গল্প/কবিতার যে দিকটির সাদৃশ্য/বৈসাদৃশ্য থাকে, সেটাই জ্ঞান। ওই দিকটি একটি বাক্যে লিখতে পারলেই ১ নম্বর অর্থাৎ জ্ঞানের উত্তর হয়ে গেল। তারপর ওই দিকটি/প্রসঙ্গটি পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা করাই হলো অনুধাবন। দ্বিতীয় প্যারায় আমরা অনুধাবন অংশের উত্তর লিখব। এবং সবশেষে ওই দিকটি উদ্দীপকে কীভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করাই প্রয়োগ। যেমন প্রশ্ন ছিল উদ্দীপকের আরজ আলীর সঙ্গে ‘অবাক সূর্যোদয়’ কবিতায় কাদের সাদৃশ্য রয়েছে?৭। উচ্চতর দক্ষতা মানেই একটা সিদ্ধান্তের ব্যাপার। প্রশ্নেই সাধারণত একটা সিদ্ধান্ত দেওয়া থাকবে। যদি সিদ্ধান্তটি সঠিক হয়, তাহলে সেটাকেই ব্যাখ্যা-বিশ্লেষণ করে, উদ্দীপকে প্রয়োগ করে প্রমাণ করব যে সিদ্ধান্তটি সঠিক। আর যদি সিদ্ধান্তটি ভুল হয় তাহলে কেন ভুল, সেটাও প্রমাণ করতে হবে। অনেক সময় সিদ্ধান্তটি আংশিক সত্য হতে পারে। সে ক্ষেত্রে উদ্দীপকের সঙ্গে পাঠ্যবইয়ের যে অংশটুকুর মিল আছে তা বর্ণনা করে যে যে ক্ষেত্রে মিল নেই সেগুলোও বর্ণনা করতে হবে এবং সর্বশেষ সিদ্ধান্ত দিতে হবে যে বক্তব্যটি/সিদ্ধান্তটি আংশিক সত্য, পুরোপুরি নয়। বিচার-বিশ্লেষণ-সংশ্লেষণ, মূল্যায়ন করে সিদ্ধান্ত দেওয়ার নামই উচ্চতর দক্ষতা। এ ক্ষেত্রে সিদ্ধান্তটি/প্রশ্নটি ভালোভাবে পড়ে পাঠ্যবইয়ের সঙ্গে মিলিয়ে বুঝতে হবে। সিদ্ধান্ত বুঝতে ভুল হলে পুরো ৪ নম্বরে ০ পাবে। এ ক্ষেত্রে আমরা তিনটি-/চারটি প্যারা করার চেষ্টা করব। যেমন আমাদের প্রশ্ন ছিল, উদ্দীপকের মূল বক্তব্যই যেন ‘অবাক সূর্যোদয়’ কবিতার মূল বক্তব্য—মূল্যায়ন করো।