সৃজনশীল পদ্ধতিতে সন্তুষ্ট শিক্ষার্থীরা
উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সৃজনশীল পদ্ধতির প্রশ্নপত্রে। প্রশ্ন কেমন হবে—এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও প্রায় সবাই পরীক্ষার হল থেকে বেরিয়েছে হাসিমুখে। নতুন পদ্ধতির প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে বেশির ভাগ শিক্ষার্থীই সন্তোষ প্রকাশ করেছে।আজ রোববার বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মাধ্যমিক পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ে তারা এই পদ্ধতিতে পরীক্ষা দিয়েছে। কিন্তু উচ্চমাধ্যমিকে বাংলা প্রথম পত্র এবারই প্রথম সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হলো। তাই অনেকের মধ্যে কিছুটা ভয় ছিল।পরীক্ষা শেষে মাইলস্টোন কলেজের ছাত্র মো. ফরহাদ হোসেন বলল, প্রশ্ন অনেক সুন্দর ও সহজ হয়েছে। পরীক্ষাও খুব ভালো হয়েছে। তাঁর মতে, এটি খুব ভালো পদ্ধতি। এতে মুখস্থের পরিবর্তে শিক্ষার্থীদের সৃজনশীলতা যেমন বাড়ে, তেমনি বাংলার মতো একটি বিষয়েও অধিক নম্বর পাওয়া তুলনামূলক সহজ হয়। ফরহাদের সহপাঠী রাজীব দেব নাথ বলেছে, পরীক্ষা কেমন হবে, তা নিয়ে টেনশন ছিল। তবে প্রশ্ন অনেক সহজ হয়েছে। এসএসসির চেয়েও সহজ। একই ধরনের মন্তব্য মাইলস্টোন কলেজের ছাত্রী ইশরাত, সরকারি বিজ্ঞান কলেজের ছাত্র আসিফ ও তানভীরের।নগরের ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুআরা বেগম বলেন, তাঁর বিদ্যালয়ের কেন্দ্রে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে তাঁর মনে হয়েছে, শিক্ষার্থীরা ভালোই লিখেছে। প্রশ্নপত্র নিয়ে কারও কোনো অভিযোগ ছিল না। প্রশ্নও ভালো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।আজ রোববার সকাল ১০টায় উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় বেলা একটায়। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার নয় লাখ ২৬ হাজার ৮১৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) ও ঢাকা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।