সৃজনশীল প্রতিযোগিতার আয়োজনে বাংলালিংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আইডিয়া জেনারেশন বা সৃজনশীল ধারণার প্রতিযোগিতা শুরুর ঘোষণা দিয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনটি দলকে যথাক্রমে দুই লাখ, দেড় লাখ ও এক লাখ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। কাল শুক্রবার থেকে এই প্রতিযোগিতার জন্য নিবন্ধন শুরু হবে।আজ বৃহস্পতিবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ‘বাংলালিংক গ্র্যান্ড মাস্টার আইডিয়া প্রতিযোগিতা’ নামে এ অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।বাংলালিংকের সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতাটির প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে সৃজনশীল বা উদ্ভাবনী প্রকল্প সংগ্রহ করা হবে। প্রাপ্ত প্রকল্পগুলো থেকে প্রাথমিকভাবে পূর্বনির্ধারিত শ্রেণী (ক্রাইটেরিয়া) অনুযায়ী ২০টি প্রকল্প নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি হবে। পরে ওই ২০টি প্রকল্প প্রস্তুতকারী দলগুলোর জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করা হবে।প্রশিক্ষণের পরে প্রতিযোগীরা নিজস্ব ধারণার আলোকে দলভিত্তিক একটি করে বিশদ ব্যবসায়িক পরিকল্পনা পেশ করবেন। বিচারক প্যানেল প্রকল্প প্রস্তাবনাগুলোকে মূল্যায়ন করে সেরা প্রতিযোগীদের বাছাই করবেন। সবশেষে চূড়ান্ত প্রতিযোগিতায় সেরা তিনটি দলকে বিজয়ী হিসেবে নির্বাচিত করবেন বিচারক প্যানেল।বিচারক প্যানেলে রয়েছেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, অধ্যাপক এম কায়কোবাদ ও বাংলালিংকের ভ্যাস অ্যাসোসিয়েট জেনারেল ম্যানেজার কাউসার জামান।সংবাদ সম্মেলনে বাংলালিংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অর্থ কর্মকর্তা মো. ওসমান বলেন, ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করেছি, যেখানে তাঁরা নিজেদের সৃজনশীল ধারণা উপস্থাপন করতে পারবেন।’