সৃজনশীল প্রশ্ন: উত্তর লেখার সঠিক নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমন্বয়ক, সৃজনশীল প্রশ্নপদ্ধতিবিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মসূচিসৃজনশীল পদ্ধতিতে প্রশ্নগুলোর উত্তর দিতে হলে শিক্ষার্থীকে ভালো করে পাঠ্যবইটি পড়তে হবে। এখন একজন শিক্ষার্থী তার মেধা অনুযায়ী পাঠ্যপুস্তকের বিষয়গুলো গুছিয়ে লিখতে পারলেই পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে।সৃজনশীল প্রশ্নপদ্ধতির দুটি অংশ—বহুনির্বাচনী (এমসিকিউ) এবং ব্যাখ্যামূলক (সৃজনশীল প্রশ্ন)। উভয় অংশেই শুধু মুখস্থ করে উত্তর দেওয়ার ক্ষেত্র সীমিত। বহুনির্বাচনী এবং ব্যাখ্যামূলক বা সৃজনশীল অংশে কিছু প্রশ্ন থাকবে যা শিক্ষার্থী মুখস্থ করে উত্তর দিতে পারবে। কিছু প্রশ্ন থাকবে শিক্ষার্থী পাঠ্যবইয়ের বিষয়বস্তু বুঝে উত্তর দেবে। কিছু প্রশ্ন থাকবে, যার মাধ্যমে শিক্ষার্থী পাঠ্যবইয়ের যে বিষয়বস্তুগুলো আত্মস্থ করেছে তা বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করতে পারে, তা দেখা হবে। কিছু প্রশ্ন থাকবে যার মাধ্যমে শিক্ষার্থীর আগের জানা তথ্য ব্যবহার করে নতুন কোন পরিস্থিতিতে বিচার-বিশ্লেষণ করার, সিদ্ধান্ত গ্রহণের এবং মূল্যায়নের দক্ষতাকে দেখা হবে।বহুনির্বাচনী অংশ: বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে চারটি বিকল্প উত্তর (ক, খ, গ, ঘ) থেকে একটি সঠিক উত্তর বেছে নিতে হয়। কিছু কিছু বহুনির্বাচনী প্রশ্নের শুরুতেই একটি দৃশ্যকল্প বা উদ্দীপক থাকে। প্রশ্নের শুরুতে যখনই কোনো দৃশ্যকল্প বা উদ্দীপক থাকবে শিক্ষার্থীকে তখন বুঝতে হবে যে তার (শিক্ষার্থী) কাছ থেকে পাঠ্যবইয়ের কোনো সুনির্দিষ্ট তত্ত্ব, তথ্য, ধারণা, নিয়ম-নীতি, সূত্র ইত্যাদি প্রয়োগ চাওয়া হচ্ছে। অর্থাৎ শিক্ষার্থী পাঠ্যবইয়ের সেই সুনির্দিষ্ট বিষয়গুলো বাস্তব জীবনের কোনো পরিস্থিতিতে প্রয়োগ করতে পারছে কি না, তা দেখা হবে। শিক্ষার্থীর জানা জ্ঞানকে বাস্তব জীবনের নতুন পরিস্থিতিতে শুধু প্রয়োগ করার ক্ষমতাই দেখা হবে না, বরং শিক্ষার্থী পাঠ্যবইয়ের তথ্যের ভিত্তিতে সেই নতুন পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করতে পারছে কি না, তা-ও দেখা হবে।সৃজনশীল অংশ: ব্যাখ্যামূলক বা সৃজনশীল অংশের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে শিক্ষার্থীর সামনে একটি নতুন পরিস্থিতি তুলে ধরা হবে। এ নতুন পরিস্থিতি হচ্ছে দৃশ্যকল্প বা উদ্দীপক। এ উদ্দীপকটি পাঠ্যবইয়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। পাঠ্যবইয়ের বিষয়বস্তুকে শিক্ষার্থী কতটুকু বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য উদ্দীপকটি তৈরি করা হয়। উদ্দীপকটির মধ্য দিয়ে শিক্ষার্থী পাঠ্যবইয়ের মূল বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করবে। ‘ক’ ও ‘খ’ প্রশ্নের উত্তর: এ উদ্দীপক বা দৃশ্যকল্পের ওপর ভিত্তি করে চারটি প্রশ্ন করা হয় (ক, খ, গ ও ঘ)। ‘ক’ ও ‘খ’ প্রশ্নের উত্তর দিতে গেলে একজন শিক্ষার্থীকে সাধারণত উদ্দীপকে যেতে হবে না। অর্থাৎ ‘ক’ এবং ‘খ’ প্রশ্ন দুটি উদ্দীপকের ওপর সরাসরি নির্ভরশীল নয়। তবে পরোক্ষভাবে নির্ভরশীল। অর্থাৎ উদ্দীপকটি পাঠ্যবইয়ের যে অধ্যায় বা অধ্যায়গুলোর বিষয়বস্তুর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, সেই অধ্যায় বা অধ্যায়গুলো থেকেই ‘ক’ এবং ‘খ’ প্রশ্নটি করা হবে। ‘ক’ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে শুধু পাঠ্যবইয়ের তথ্য মনে রাখলেই হবে। অর্থাৎ শিক্ষার্থী পাঠ্যবইয়ের কোনো তথ্য মুখস্থ করে এ অংশের উত্তর দিতে পারবে। যেমন ঈমান অর্থ কী? আধুনিক যুগকে কিসের যুগ বলা হয়? ফকির মজনু শাহ কত সালে মৃত্যুবরণ করেন? ইউরোপ মহাদেশকে কয়ভাগে ভাগ করা যায় ইত্যাদি প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর স্মৃতিশক্তিকে যাচাই করা হয়। এ প্রশ্নের নম্বর বরাদ্দ ১ এবং ‘ক’ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এক-দুটি শব্দ বা বাক্যই যথেষ্ট।শিক্ষার্থী পাঠ্যবইয়ের কোনো তথ্য ভালোভাবে বুঝেছে কি না, তা যাচাই করার জন্য ‘খ’ প্রশ্নটি করা হয়। আমরা গুণীর গুণের কদর করব কেন? সামাজিক পরিবর্তনের যেকোনো একটি কারণ ব্যাখ্যা করো। জাকাতের সামাজিক উপযোগিতা ব্যাখ্যা করো—ইত্যাদি প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর পাঠ্যবইয়ের কোনো তথ্য বোঝার ক্ষমতাকে মূল্যায়ন করা হয়। ‘খ’ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীকে তার পাঠ্যবইয়ের তথ্য মনে রাখলেই হবে না, তাকে সেই তথ্য বুঝতে হবে এবং বুঝে নিজের ভাষায় উত্তর দিতে হবে। ‘খ’ প্রশ্নের নম্বর বরাদ্দ দুই এবং সর্বোচ্চ চার-পাঁচটি বাক্যের মাধ্যমে উত্তর দেওয়াটা দিলেই চলবে।‘গ’ প্রশ্নের উত্তর:‘গ’ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরীক্ষার্থীকে উদ্দীপক বা দৃশ্যকল্পটি ভালো করে বুঝে পড়তে হবে। কেননা ‘গ’ অংশের উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীকে উদ্দীপকের সাহায্য নিতে হবে। সাধারণত পাঠ্যবইয়ের সুনির্দিষ্ট কোনো ধারণা, সূত্র, তত্ত্ব, নিয়ম, নীতি, সংজ্ঞা ইত্যাদি শিক্ষার্থী কতটুকু বুঝতে পেরেছে, তা যাচাই করার জন্য উদ্দীপকটি তৈরি করা হয়। অর্থাৎ একজন শিক্ষার্থী পাঠ্যবইয়ের কোনো সুনির্দিষ্ট ধারণাকে উদ্দীপকের মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করবে। পাঠ্যবইয়ের জাকাত/ দেশপ্রেম/ রানীক্ষেত রোগ/ পরমাণু/ আহ্নিক গতি/ বাস্তুসংস্থান/ ক্ষারক ইত্যাদি ধারণার প্রয়োগ করতে চাইলে উপরোক্ত সুনির্দিষ্ট ধারণাগুলোর আলোকে উদ্দীপকটি তৈরি করা হবে। উদ্দীপকটি হবে সম্পূর্ণ নতুন এবং বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত। শিক্ষার্থী এই অপরিচিত নতুন পরিস্থিতির মধ্যে ওপরের সুনির্দিষ্ট ধারণাকে খুঁজে বের করবে। সেই ধারণাটি পাঠ্যবইয়ের তথ্যের আলোকে ব্যাখ্যা করবে এবং নতুন পরিস্থিতিতে (উদ্দীপকের মধ্যে) সেই সুনির্দিষ্ট ধারণাটি কীভাবে প্রতিফলিত হয়েছে, তা লিখবে।‘গ’ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীকে তার নিজস্ব শব্দচয়ন ও বাক্যগঠন ব্যবহার করতে হবে। আগে থেকে প্রস্তুত করা কোনো নোট মুখস্থ করে এ ‘গ’ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। শিক্ষার্থী তার নিজস্ব প্রজ্ঞা ও মেধা ব্যবহার করে এ প্রশ্নের উত্তর দেবে। এ ‘গ’ প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ তিন এবং উত্তর সর্বোচ্চ ৯-১০ বাক্যে হওয়া উচিত।‘ঘ’ প্রশ্নের উত্তর:‘ঘ’ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রেও পরীক্ষার্থীকে উদ্দীপক আশ্রয়ী হতে হবে। অর্থাৎ উদ্দীপকটির মধ্য দিয়ে একজন শিক্ষার্থী পাঠ্যবইয়ের মূল বিষয়বস্তুতে প্রবেশ করবে এবং পাঠ্যবইয়ের তথ্য ব্যবহার করে নিজস্ব বিচার-বিশ্লেষণের মাধ্যমে এ ‘ঘ’ প্রশ্নের উত্তর দিতে হবে। ধরা যাক অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ‘জোঁক’ গল্পের সামাজিক জীবনের অন্যায় ও অবিচারের ধারণার ওপর ভিত্তি করে একটি উদ্দীপক তৈরি করা হয়েছে। এখন ‘ঘ’ প্রশ্নটি যদি হয় যে উদ্দীপকটি ‘জোঁক’ গল্পের বিষয়বস্তুর পূর্ণ প্রতিনিধিত্ব করে কি না তা শিক্ষার্থী যুক্তির মাধ্যমে তুলে ধরবে, তবে শিক্ষার্থী তার পাঠ্যবই এর ‘জোঁক’ গল্পের বিষয়বস্তুর বিভিন্ন দিক বর্ণনা করার চেষ্টা করবে। শিক্ষার্থী যদি বিচার-বিশ্লেষণের মাধ্যমে লিখতে পারে যে ‘জোঁক’ গল্পে সামাজিক জীবনের অন্যায় ও অবিচারের ধারণার পাশাপাশি শোষিত মানুষের প্রতি সহানুভূতি, লেখাপড়া জানার কুফল ইত্যাদি ধারণা রয়েছে, তবে শিক্ষার্থী পূর্ণ নম্বর পাওয়ার যোগ্য হবে। শিক্ষার্থী যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে উদ্দীপকে কোন কোন ধারণার প্রতিফলন ঘটেনি এবং কোনগুলোর ঘটেছে। অর্থাৎ পাঠ্যবইয়ের তথ্যের ভিত্তিতে সে তার উত্তরের পক্ষে যুক্তি দিতে থাকবে। কিংবা কৃষি বিষয়ের বাঁধাকপি চাষপদ্ধতি এবং সার ব্যবহার বিধিতে পাঠ্যবইতে যে তথ্য দেওয়া আছে, তার পরিবর্তন করে শিক্ষার্থীর কাছে চাষপদ্ধতি ও ব্যবহার বিধির যথার্থতা সম্পর্কে মতামত চাওয়া হতে পারে। শিক্ষার্থী পাঠ্যবইয়ের তথ্যের ভিত্তিতে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে যে উদ্দীপকে বর্ণিত চাষপদ্ধতি এবং সার ব্যবহার বিধি ঠিক নয়। এ ‘ঘ’ প্রশ্নের নম্বর চার এবং উত্তর সর্বোচ্চ ১২-১৩ বাক্যে সমাপ্ত হলে ভালো হয়।