শিক্ষার্থীরা আগে যেকোনো একটি বড় প্রশ্নের উত্তরের শুরুতে ভাষার কারুকাজ দিয়ে চমৎকার একটা ভূমিকা লিখত, যেখানে কবি-সাহিত্যিককেই কেবল নানা বিশেষণে বিশেষায়িত করা হতো। তা ছাড়া ওই গল্প বা কবিতার কবির নাম, জন্ম-মৃত্যু সালসহ কোথা থেকে সংকলিত, সেসব তথ্যও উল্লেখ করা হতো। যেমন: ‘বাবুরের মহত্ত্ব’ কবিতা অবলম্বনে সম্রাট বাবরের চরিত্র বিশ্লেষণ করো—এ প্রশ্নের উত্তরের শুরুতেই আমরা কবি কালিদাস রায় সম্পর্কে হয়তো একটা প্যারাই লিখতাম। কিন্তু বর্তমানে সৃজনশীল পদ্ধতিতে এ-জাতীয় অপ্রাসঙ্গিক বক্তব্য দেওয়া যাবে না। এখন পরিমিত প্রশ্ন, পরিমিত উত্তর, অর্থাৎ প্রশ্নও থাকবে সুনির্দিষ্ট এবং উত্তরও হবে সুনির্দিষ্ট। সেই সুনির্দিষ্ট কিছু নিয়মকানুন সম্পর্কে আজ তোমাদের কিছু তথ্য জানাব। সৃজনশীল পদ্ধতিতে যেকোনো গল্প-কবিতার ভাবের আলোকে একটি মৌলিক উদ্দীপক থাকে এবং যে গল্প বা কবিতার আলোকে উদ্দীপক তৈরি করা হয়েছে, সেই গল্প বা কবিতা থেকেই জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন করা হবে। কোনোক্রমেই উদ্দীপক থেকে জ্ঞান ও অনুুধাবনের প্রশ্ন করা যাবে না। সৃজনশীল পদ্ধতিতে যেহেতু চারটি অংশ (জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা) মিলে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন, তাই প্রতিটি অংশের উত্তর লেখার সময় প্রতিবার ১ নম্বর প্রশ্নের উত্তর (ক), ১ নম্বর প্রশ্নের উত্তর (খ), ১ নম্বর প্রশ্নের উত্তর (গ) এবং ১ নম্বর প্রশ্নের উত্তর (ঘ)—এভাবে লিখতে হবে। আর এ লেখাগুলো ভিন্ন রঙের (সবুজ/নীল/মেরুন/বাদামি ইত্যাদি) কালি দিয়ে লিখলে দেখতে ভালো লাগবে। যেকোনো একটি প্রশ্নের উত্তর লেখা শুরু করলে তার চারটি অংশের উত্তরই ধারাবাহিকভাবে লিখতে হবে। একটি প্রশ্নের জ্ঞানের উত্তর আরেকটি প্রশ্নের প্রয়োগের উত্তর, এভাবে করা যাবে না। কোনো উত্তর যদি কেউ না পারে, সে ক্ষেত্রে সেটা বাদ দিয়ে এর পরের অংশের উত্তর করতে হবে। জায়গা ফাঁকা রাখার দরকার নেই। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর একটি শব্দে, একাধিক শব্দে বা একটি বাক্যে দেওয়া যাবে। তবে আমরা জ্ঞানমূলকের উত্তর একটি পূর্ণাঙ্গ বাক্যে দেওয়ার চেষ্টা করব। যেমন: ‘অবাক সূর্যোদয়’ কবিতার ভাবের আলোকে নিচে একটি উদ্দীপক ও সংশ্লিষ্ট চারটি প্রশ্ন দেওয়া হলো। এর একটি নমুনা উত্তরও দেওয়া হলো। এ থেকে সৃজনশীল প্রশ্নের উত্তরের রীতিনীতি ও উত্তরের পরিসীমা সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পাওয়া যাবে। অনুধাবনমূলক প্রশ্নের নম্বর ২। কারণ, এর মধ্যে একটি নম্বর জ্ঞানের জন্য, আরেকটি নম্বর অনুধাবনের জন্য। তুমি ইচ্ছে করলে জ্ঞান অংশের উত্তর আগে এবং অনুধাবনমূলক উত্তর পরে অথবা অনুধাবনমূলকের উত্তর আগে, জ্ঞানমূলকের উত্তর পরে লিখতে পারবে। তবে জ্ঞানমূলকের উত্তর আগে লিখে অনুধাবনের উত্তর পরে লেখাই ভালো। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর এক প্যারায়ও লেখা যায়, দুই প্যারায়ও লেখা যায়। তবে আমরা দুই প্যারায় লেখার চেষ্টা করব। তাতে উত্তরের ধারাবাহিকতা থাকে এবং পরীক্ষকের খাতা দেখতেও সুবিধা হয়। আর অনুধাবনমূলক প্রশ্নের শুরুতে কবি/সাহিত্যিক এবং সংশ্লিষ্ট কবিতা/গল্পের নামটি উল্লেখ করতে পারলে ভালো। যেমন—অনুধাবনের প্রশ্ন ছিল: ‘লোলিত পাপের আমূল রসনা ক্রুর অগ্নিতে ঢাকা’—কথাটির তাৎপর্য কী? প্রয়োগমূলক প্রশ্নের মোট নম্বর ৩। ১ নম্বর জ্ঞানে, ১ নম্বর অনুধাবনে এবং ১ নম্বর প্রয়োগে। কাজেই এ প্রশ্নের উত্তরে তিনটি প্যারা করাই উত্তম। যদিও এক প্যারায় সব তথ্য দিয়ে উত্তর লিখলেও হবে। তবে আমরা তিনটি প্যারায় লিখব। প্রয়োগ মানে আমরা জানি, শিক্ষার্থী তার পাঠ্যবই থেকে যা জেনেছে এবং যা বুঝেছে, তা নতুন ক্ষেত্রে অর্থাৎ উদ্দীপকে প্রয়োগ করবে। কাজেই উদ্দীপকটি যে ভাবের (Theme) আলোকে তৈরি করা হয়েছে, অর্থাৎ উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট গল্প/কবিতার যে দিকটির সাদৃশ্য/বৈসাদৃশ্য থাকে, সেটাই জ্ঞান। ওই দিকটি একটি বাক্যে লিখতে পারলেই ১ নম্বর, অর্থাৎ জ্ঞানের উত্তর হয়ে গেল। তারপর ওই দিকটি/প্রসঙ্গটি পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা করাই হলো অনুধাবন। দ্বিতীয় প্যারায় আমরা অনুধাবন অংশের উত্তর লিখব এবং সবশেষে ওই দিকটি উদ্দীপকে কীভাবে ফুটে উঠেছে, তা বর্ণনা করাই প্রয়োগ। যেমন—প্রশ্ন ছিল: উদ্দীপকের আরজ আলীর সঙ্গে ‘অবাক সূর্যোদয়’ কবিতায় কাদের সাদৃশ্য রয়েছে? উচ্চতর দক্ষতা মানেই একটা সিদ্ধান্তের ব্যাপার। প্রশ্নেই সাধারণত একটা সিদ্ধান্ত দেওয়া থাকবে। যদি সিদ্ধান্তটি সঠিক হয়, তাহলে সেটাকেই ব্যাখ্যা-বিশ্লেষণ করে, উদ্দীপকে প্রয়োগ করে প্রমাণ করব যে সিদ্ধান্তটি সঠিক। আর যদি সিদ্ধান্তটি ভুল হয়, তাহলে কেন ভুল, সেটাও প্রমাণ করতে হবে। অনেক সময় সিদ্ধান্তটি আংশিক সত্য হতে পারে। সে ক্ষেত্রে উদ্দীপকের সঙ্গে পাঠ্যবইয়ের যে অংশটুকুর মিল আছে, তা বর্ণনা করে যে যে ক্ষেত্রে মিল নেই, সেগুলোও বর্ণনা করতে হবে। সর্বশেষ সিদ্ধান্ত দিতে হবে যে বক্তব্য বা সিদ্ধান্তটি আংশিক সত্য, পুরোপুরি নয়। বিচার-বিশ্লেষণ, -সংশ্লেষণ ও মূল্যায়ন করে সিদ্ধান্ত দেওয়ার নামই উচ্চতর দক্ষতা। এ ক্ষেত্রে সিদ্ধান্ত বা প্রশ্নটি ভালোভাবে পড়ে পাঠ্যবইয়ের সঙ্গে মিলিয়ে বুঝতে হবে। সিদ্ধান্ত বুঝতে ভুল হলে পুরো ৪ নম্বরে ০ পাবে। এ ক্ষেত্রে তোমরা তিন-চারটি প্যারা করার চেষ্টা করতে পারো। এ সংখ্যার ১৩ নম্বর পাতায় বাংলা প্রথম পত্র এবং ১৪ নম্বর পাতায় সাধারণ বিজ্ঞানের সঠিকভাবে সৃজনশীল দুটি প্রশ্নের উত্তর লেখার নমুনা দেখে নাও।