নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও।‘লোকজনের কোলাহলে আরজ আলীর ঘুম ভেঙে গেলে দেখে, লতিফ জোয়ার্দারের লোকজন তার চরের জমিটা দখল করেছে এবং খেতের সোনালি ধান কেটে নিয়ে যাচ্ছে। ফিনকি দিয়ে মাথায় রক্ত উঠে গেল আরজ আলীর। সে তার ছেলে জমির আলীসহ পাড়া-প্রতিবেশী সব নিয়ে লাঠি হাতে দৌড় দেয় মনপুরা চরে। সেখানে জোয়ার্দারের লোকদের সঙ্গে ভয়ানক সংঘর্ষ হয়। লাঠির আঘাতে আরজ আলীর মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়। একসময় তার অবশ দেহ মাটিতে লুটিয়ে পড়ে। জমির আলী বাবার লাশ বুকে নিয়ে গগনবিদারী চিৎকার করতে থাকে। ইতিমধ্যে গ্রামবাসীর সঙ্গে টিকতে না পেরে পালিয়ে যায় জোর্য়াদারের লোকজন। সেই মনপুরাতেই দাফন করা হয় আরজ আলীকে।’ক. ‘অবাক সূর্যোদয়’ কবিতাটি কোথা থেকে সংকলিত? ১খ. ‘লোলিত পাপের আমূল রসনা ক্রুর অগ্নিতে ঢাকা’ উক্তিটির তাৎপর্য কী? ২গ. উদ্দীপকের জমির আলীর সঙ্গে ‘অবাক সূর্যোদয়’-এর যাদের সাদৃশ্য আছে, তা তুলে ধরো। ৩ঘ. ‘উদ্দীপকের মূল বক্তব্যই যেন অবাক সূর্যোদয়ের মূল বক্তব্য’—উক্তিটি মূল্যায়ন করো। ৪১ নম্বর প্রশ্নের উত্তর (ক): ‘অবাক সূর্যোদয়’ কবিতাটি বজ্রচেরা আঁধার আমার কাব্যগ্রন্থ থেকে সংকলিত।১ নম্বর প্রশ্নের উত্তর (খ): প্রখ্যাত সাহিত্যিক হাসান হাফিজুর রহমানের ‘অবাক সূর্যোদয়’ কবিতাটিতে ‘লোলিত পাপের আমূল রসনা ক্রুর অগ্নিতে ঢাকা’ চরণটির একটি প্রতীকী তাৎপর্য রয়েছে। চরণটির আক্ষরিক অর্থ হচ্ছে পাপের লকলকে অস্থির জিহ্বা নিষ্ঠুর অগ্নিতে সুপ্ত রয়েছে। কিন্তু এখানে উদ্ধৃতাংশটিতে বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের তথা রাজাকারদের কথা বলা হয়েছে। তারা দেশের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে ছাইচাপা আগুনের মতো ঘুমন্ত রয়েছে। যেকোনো সময় তারা জেগে উঠে দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দেবে। আবার শকুনের মতো থাবা বিস্তার করে গ্রাস করতে চাইবে আমাদের স্বাধিকার ও স্বাধীনতা। তাই তাদের সম্পর্কে উদ্ধৃত উক্তিটি করা হয়েছে।১ নম্বর প্রশ্নের উত্তর (গ): উদ্দীপকের আরজ আলীর সঙ্গে ‘অবাক সূর্যোদয়’-এর শহীদদের সাদৃশ্য রয়েছে।যুগ যুগ ধরে মানুষ নিজেদের স্বাধীনতা আদায়ের লক্ষ্যে প্রাণ বিসর্জন দিয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যখন পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচারে অতিষ্ঠ, তখন তারা প্রতিরোধ গড়ে তোলে। বাংলার বীর শহীদেরা নিজ দেশের স্বাধীনতা ও স্বীয় অধিকার আদায়ের লক্ষ্যে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দেন। এভাবে প্রাণদানের মাধ্যমে তাঁরা নিজেদের মাতৃভূমির স্বাধীনতা আদায় করে নেন।আবার, উদ্দীপকে আরজ আলী তার অধিকার আদায়ের লক্ষ্যে লতিফ জোর্য়াদারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। অবশেষে স্বীয় প্রাণদানের মাধ্যমে নিজেদের স্বাধীনতা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছে। একাত্তরের বীর শহীদদের সঙ্গে আরজ আলীর আত্মত্যাগের সাদৃশ্য রয়েছে। আরজ আলী দেখিয়ে দিয়েছে, ঐক্যবদ্ধ সংগ্রাম ও আত্মদানের মাধ্যমে অধিকার আদায় করা যায়, একাত্তরের বীর সেনানিরা যেমনটি করেছিলেন। এভাবে আরজ আলীর সঙ্গে ‘অবাক সূর্যোদয়’ কবিতার বীর শহীদদের আত্মদানের মাধ্যমে স্বাধিকার অর্জনের সাদৃশ্য খুঁজে পাই।১ নম্বর প্রশ্নের উত্তর (ঘ): আত্মত্যাগ ও আত্মদানের মাধ্যমে স্বাধিকার ও স্বাধীনতা অর্জন একটি প্রথাগত প্রক্রিয়া। উদ্দীপক ও অবাক সূর্যোদয়ে এ প্রসঙ্গটি সাদৃশ্যপূর্ণ। ‘অবাক সূর্যোদয়’ কবিতায় বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও সেই স্বাধীনতাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচারে বাঙালিদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন তারা পরাক্রমশালী পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। লাখো শহীদের প্রাণ ও মা-বোনের সম্ভ্রম হারানোর বিনিময়ে আজ আমরা স্বাধীনতা ও নিজেদের অধিকার লাভ করেছি। এ কাহিনিই ‘অবাক সূর্যোদয়’ কবিতায় ফুটে উঠেছে। পাশাপাশি এ স্বাধীনতাকে সমুন্নত রাখার দৃঢ় শপথ ও প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি, আরজ আলীরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে জীবন বাজি রেখে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে জোর্য়াদারের বিপক্ষে। আমরা দেখতে পাচ্ছি, আরজ আলী সংগ্রামে নিজের প্রাণ হারায়। তা দেখে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাদের বিক্ষোভের তোড়ে টিকতে না পেরে জোর্য়াদারের লোকেরা পালিয়ে যায়। এভাবে আরজ আলীরা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজ অধিকার আদায় করে নেয়।উপরিউক্ত আলোচনায় দেখা যায়, উদ্দীপকের মূল বক্তব্যই ‘অবাক সূর্যোদয়’-এর মূল বক্তব্য। তবে কবিতায় অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখার কথা বলা হয়েছে। কবি বারবার আমাদের সাবধান করেছেন সেসব স্বাধীনতাবিরোধী শক্তি সম্পর্কে। কবির মতে, স্বাধীনতাবিরোধী রজাকারদের পাপের জিহ্বা আজও লকলক করছে। তাদের থেকে স্বাধীনতা ও স্বাধীন দেশকে রক্ষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত হয়েছে আলোচ্য কবিতায়। কিন্তু উদ্দীপকে অর্জিত অধিকার রক্ষা করার কথা বলা হয়নি, জোয়ার্দারদের কোনো অপতৎপরতার কথাও উদ্দীপকে নেই। তাই উক্তিটি পুরোপুরি সমর্থনযোগ্য নয়।